দ্বিচারিতা ! কেরলের নাম পরিবর্তন, অথচ বাংলার কেন নয় ? সরব মমতা
নাম পরিবর্তন নিয়ে কেরল সরকার এবং সেই রাজ্যের মানুষকে শুভেচ্ছা জানিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় ।

Published : February 24, 2026 at 5:34 PM IST
কলকাতা, 24 ফেব্রুয়ারি: কেরলের নাম পরিবর্তন হয়ে হল 'কেরলম'। ভোটের ঠিক আগেই দক্ষিণের এই রাজ্যের নাম পরিবর্তনে ছাড়পত্র দিয়েছে কেন্দ্রীয় সরকার । এই সিদ্ধান্তের পরেই কেন্দ্রের বিরুদ্ধে বঞ্চনার অভিযোগ তুলে তীব্র ক্ষোভ প্রকাশ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । তাঁর প্রশ্ন, "আজকের ঘটনা প্রমাণ করে, বাংলা বঞ্চিত হচ্ছে । আমাদের রাজ্যের ক্ষেত্রে কেন এই দ্বিচারিতা ?" এদিন বৈষম্যের অভিযোগ তুলে তিনি বলেন, "বাংলা একটা রাজনৈতিক শিকার হয়ে গিয়েছে । রাজ্যের নাম পরিবর্তনের বিষয়েও রাজনীতি হচ্ছে । বাংলার মানুষের মননশক্তি, বাংলার চেতনা, সব কিছুকে কেন্দ্র ভয় পায় ।"
মঙ্গলবার ভিডিয়ো বার্তায় মুখ্যমন্ত্রী বলেন, পশ্চিমবঙ্গের নাম পরিবর্তন করে 'বাংলা' (Bangla) করার প্রস্তাব রাজ্য বিধানসভায় পাশ হয়ে গিয়েছে । তার পরেও এই প্রস্তাব দীর্ঘদিন ধরে কেন্দ্রের কাছে পড়ে রয়েছে । তাঁর কথায়, "আমাদের পাঁচ বছর হয়ে গেল, প্রস্তাব পড়ে রয়েছে । আমরা বিধানসভায় পাশ করিয়েছি । কিন্তু বারবার আমাদের নাম বদলের প্রস্তাব আটকে দেওয়া হয়েছে ।"
উল্লেখ্য, কেরলের নাম পরিবর্তনের প্রস্তাবটিও রাজ্য বিধানসভায় পাশ হয়েছিল । কেন্দ্রের ছাড়পত্র পাওয়ায় কেরল এখন থেকে 'কেরলম' নামে পরিচিত হবে । এই নিয়ে কেরল সরকার এবং সেই রাজ্যের মানুষকে শুভেচ্ছা জানিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় । তিনি বলেন, "কেরলের মানুষের প্রতি আমাদের কোনও ক্ষোভ নেই । তাদের শুভেচ্ছা জানাই ।"
দীর্ঘদিন ধরে 'পশ্চিমবঙ্গ' নামের ইংরেজি আদ্যক্ষর 'W' (West Bengal) হওয়ায় বিভিন্ন প্রশাসনিক ও সরকারি অনুষ্ঠানে রাজ্যের নাম শেষের দিকে আসে । এর ফলে রাজ্যের প্রতিনিধিরা বক্তব্য রাখার ক্ষেত্রে কম সময় পান বলে বারবার অভিযোগ করেছেন মুখ্যমন্ত্রী । এই কারণেই রাজ্যের নাম পরিবর্তন করে 'বাংলা' করার প্রস্তাব দেওয়া হয়েছিল । কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে এই বিষয়ে আগে চিঠিও দিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় । কিন্তু তাতেও কোনও সুরাহা হয়নি ।
এদিন মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, "আমরা রাজ্যের নাম পরিবর্তনের জন্য সমস্ত প্রক্রিয়া সম্পন্ন করেছি । বিধানসভায় তিনবার নাম পরিবর্তন করা হয়েছে । কিন্তু কেন্দ্র তা মেনে নেয়নি । কেন এই বৈষম্য? কেন বাংলাকে বারবার বঞ্চিত করা হচ্ছে?" তিনি আরও বলেন, "একদিকে কেরলের নাম বদলের প্রস্তাবে অনুমোদন দেওয়া হচ্ছে, অন্যদিকে আমাদের রাজ্যের নাম বদলের প্রস্তাব আটকে রাখা হচ্ছে । এটা কি ন্যায্য ?" মমতার বক্তব্য, "কেরলের ভোটের একটা বোঝাপড়া থেকেই এই সিদ্ধান্ত হয়েছে । সেটা নিয়ে আমার কিছু বলার নেই । কিন্তু বাংলার মানুষের দীর্ঘদিনের দাবিকে যেভাবে উপেক্ষা করা হয়েছে । তাতে বলাই যায় এই বিজেপি বাংলা বিরোধী ।"
কেন্দ্রের এই সিদ্ধান্তের পর রাজ্যের রাজনৈতিক মহলেও তীব্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে । তৃণমূল কংগ্রেসের একাধিক নেতা এই সিদ্ধান্তের সমালোচনা করে কেন্দ্রের বিরুদ্ধে সরব হয়েছেন । তাঁদের দাবি, এই সিদ্ধান্ত ভোটকে মাথায় রেখে নেওয়া হয়েছে । কেন্দ্র ইচ্ছাকৃতভাবে রাজ্যের নাম পরিবর্তনের প্রস্তাব আটকে রেখেছে । বারবার যেভাবে বাংলার মানুষকে বঞ্চিত করছে কেন্দ্রীয় সরকার তাতে এটা প্রমাণ হয়, এই বিজেপি বাংলা বিরোধী ।
যদিও এই নিয়ে এখনই বিজেপির কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি । দিল্লিতে বিজেপি নেতৃত্ব এ নিয়ে প্রতিক্রিয়া এড়িয়ে গিয়েছেন । তবে, কেরলের নাম পরিবর্তনের পর পশ্চিমবঙ্গের নাম পরিবর্তন নিয়ে যে বিতর্ক শুরু হয়েছে, তা আগামিদিনে আরও জোরালো হবে বলেই মনে করছেন রাজনৈতিক পর্যবেক্ষকরা ।

