'ইডি'র থেকে ফাইল ছিনিয়ে অন্যায় করিনি', প্রতিবাদ সভা থেকে মন্তব্য মমতার
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এদিন প্রতিবাদ মিছিলের পর সভা করেন ৷ সেখানে পরিষ্কার জানান, বৃহস্পতিবার ইডির তল্লাশির সময় ফাইল নিয়ে বেরিয়ে এসে তিনি ঠিকই করেছেন ৷

Published : January 9, 2026 at 8:25 PM IST
কলকাতা, 9 জানুয়ারি: আইপ্যাকের কর্ণধার প্রতীক জৈনের বাড়িতে ইডির তল্লাশির মাঝে ‘সবুজ ফাইল’ হাতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বেরিয়ে আসার দৃশ্যে তোলপাড় রাজ্য-রাজনীতি ৷ এ নিয়ে শুক্রবার যাদবপুর 8বি বাসস্ট্যান্ড থেকে হাজরা পর্যন্ত প্রতিবাদ মিছিল শেষে সভায় তৃণমূল সুপ্রিমো বলেন, "কাল যা করেছি, অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসের চেয়ারপার্সন হিসেবে করেছি ৷ কোনও অন্যায় করিনি ৷"
ইডিকে উদ্দেশ্য করে তিনি অভিযোগ করেন, "তুমি খুন করতে এসেছিলে ৷ চোরের মতো আমার সমস্ত ডেটা চুরি করতে এসেছিলে ৷ জোড়াফুলটা যদি রক্ষা না হয়, মানুষের হয়ে লড়াই করব কী করে ?" মুখ্যমন্ত্রীর অভিযোগ, রাজনৈতিকভাবে তৃণমূলের সঙ্গে পেরে না উঠে এবার ইডিকে ব্যবহার করে দলের ‘ইলেকশন স্ট্র্যাটেজি’ বা নির্বাচনী কৌশল হাতিয়ে নেওয়ার চেষ্টা করছে বিজেপি ৷
VIDEO | Addressing a public gathering during a protest rally against the ED raid at the I-PAC office in Kolkata, West Bengal Chief Minister Mamata Banerjee (@MamataOfficial) said, “Whatever I did yesterday, I did as the All India Trinamool Congress (AITC) chairperson. I did… pic.twitter.com/ljofKDJVmP
— Press Trust of India (@PTI_News) January 9, 2026
এই ঘটনায় বিরোধীরা প্রশ্ন তুলেছে, কেন্দ্রীয় এজেন্সির তল্লাশি চলাকালীন মুখ্যমন্ত্রী কীভাবে নথি নিয়ে বেরতে পারেন ? এদিন হাজরা মোড়ে মমতা বন্দ্যোপাধ্যায় জানালেন, ফাইল নিয়ে তিনি কোনও অন্যায় করেননি ৷ তিনি এই কাজ একজন মুখ্যমন্ত্রী হিসেবে করেননি ৷ করেছেন দলের সর্বভারতীয় সভানেত্রী হিসেবে ৷ এদিন বরং ইডিকে ‘চোর’ অপবাদ দিয়ে তাঁর পাল্টা দাবি, রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিতভাবে তৃণমূলের নির্বাচনী তথ্য চুরি করতে ওই হানা দেওয়া হয়েছিল ৷ এরপর আরও সুর চড়িয়ে সব বুথে ও পাড়ায় বিজেপির ‘মৃত্যু ঘণ্টা’ বাজিয়ে দেওয়ার ডাক দিলেন তৃণমূল নেত্রী ৷
এদিনের সভায় তৃণমূল নেত্রী মমতার মূল নিশানা ছিল কেন্দ্রীয় সরকার এবং নির্বাচন কমিশন ৷ ভোটার তালিকায় নাম গরমিল এবং এসআইআর (SIR)-এর নামে সাধারণ মানুষকে হয়রানির অভিযোগে তিনি নির্বাচন কমিশনের বিরুদ্ধে তোপ দাগেন ৷ নির্বাচন কমিশনারকে ‘ভ্যানিশ কুমার’ বলে কটাক্ষ করে তিনি বলেন, ‘‘ভ্যানিশ কুমার ভোট ভ্যানিশ করার কে ? আপনি কি ম্যাজিশিয়ান ? নাগরিকের অধিকার কেড়ে বিজেপিকে জেতানোর চেষ্টা করলে আমরাও তোমার অধিকার কেড়ে নেব ।" এসআইআর সেন্টারে 90 বছরের বৃদ্ধা বা অসুস্থদের ডেকে পাঠানোর তীব্র নিন্দা করে তিনি বলেন, "নাকে নল, তিন তলায় ওঠাচ্ছো, লজ্জা করে না ?"
VIDEO | Addressing a public gathering during a protest rally against the ED raid at the I-PAC office in Kolkata, West Bengal Chief Minister Mamata Banerjee said, “You are fortunate that I am still in office; that is why I have not revealed the pen drives (containing confidential… pic.twitter.com/CngSHSzIPL
— Press Trust of India (@PTI_News) January 9, 2026
বিজেপিকে রাজনৈতিক কবর দেওয়ার ডাক দিয়ে মমতা কর্মীদের নির্দেশ দেন, ‘‘অনেক সহ্য করেছি ৷ আর নয় ৷ পাড়ায় পাড়ায় বিজেপির মৃত্যু ঘণ্টা বাজিয়ে দিন ৷ মা-বোনেদের আঘাত করলে ভাইয়েরা বুঝে নেবে ৷’’ তিনি স্পষ্ট জানান, দিল্লি থেকে এজেন্সি দিয়ে ভয় দেখিয়ে লাভ হবে না ৷ নিজের পুরনো শারীরিক আঘাতের প্রসঙ্গ টেনে মমতা বলেন, "এই হাজরাতেই সেদিন মৃত্যুর মুখ থেকে বেঁচে গিয়েছিলাম ৷ মাথায় আঘাতের পর থেকে ভোর চারটের আগে ঘুমোতে পারি না ৷ মনে রাখবেন, সুস্থ বাঘের চেয়ে আহত বাঘ আরও ভয়ঙ্কর ৷ আমাকে জেলে ভরলে তোমাকে সারা পৃথিবীতে ভরে দেব ৷"
অনুপ্রবেশ ইস্যুতে কেন্দ্রের ব্যর্থতা তুলে ধরে মমতা বলেন, "মানুষের কৈফিয়ত চাইবার আগে আপনারা কেন পদত্যাগ করবেন না ?" পাশাপাশি রাজ্যের বকেয়া টাকা ও জিএসটি নিয়েও সরব হন তিনি । মুখ্যমন্ত্রীর অভিযোগ, চার বছর ধরে বাংলার আবাসের টাকা ও 100 দিনের কাজের টাকা আটকে রেখেছে কেন্দ্র ৷ মিছিল শেষে নিজের ফিটনেসের কথা বলতে গিয়ে মমতা জানান, সাড়ে 10 কিলোমিটার পথ হেঁটেও তিনি ক্লান্ত নন ৷ বরং কর্মীদের উদ্দীপনা দেখে মনে হচ্ছে তিনি ‘নতুন করে জন্মেছেন’ ৷

