ETV Bharat / state

ক্লাসরুমে মুখ্যমন্ত্রীর ছবিতে প্রস্রাব ও থুথু ছেটানোর অভিযোগ, শিলিগুড়িতে ধৃত একাদশের ছাত্র

ধৃতের বয়স 17 বছর ৷ তাকে বুধবার জুভেনাইল কোর্টে পেশ করে নিউ জলপাইগুড়ি থানার পুলিশ ৷

NJP PS
নিউ জলপাইগুড়ি থানা (নিজস্ব ছবি)
author img

By ETV Bharat Bangla Team

Published : July 8, 2026 at 9:29 PM IST

3 Min Read
Choose ETV Bharat

শিলিগুড়ি, 8 জুলাই: সোশাল মিডিয়ায় সস্তা জনপ্রিয়তার লোভে বা ‘ভাইরাল’ হওয়ার নেশায় কিশোর-যুব সমাজের একাংশ অপরাধের সীমা ছাড়াচ্ছে বলে অভিযোগ ৷ এবার তেমনই এক নজিরবিহীন ও নিন্দনীয় ঘটনা ঘটল শিলিগুড়িতে । খোদ ক্লাসরুমে বসে রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর ছবিতে প্রস্রাব ও থুথু ছেটানোর অভিযোগ ৷ পাশাপাশি, মুখ্যমন্ত্রী ও তাঁর মাকে উদ্দেশ্য করে চরম কুরুচিকর গালিগালাজ করার অভিযোগ উঠল একাদশ শ্রেণির এক ছাত্রের বিরুদ্ধে। সেই ঘটনার ‘রিল’ ভিডিয়ো সোশাল মিডিয়ায় ছড়িয়ে পড়তেই শহরজুড়ে জনরোষ তৈরি হয়। ঘটনার জেরে অভিযুক্ত 17 বছর বয়সি নাবালক ছাত্রকে পুলিশ আটক করে জুভেনাইল কোর্টে পাঠিয়েছে ৷

ক্লাসরুমে তাণ্ডব ও ভিডিয়ো ভাইরাল

ঘটনাটি ঘটেছে শিলিগুড়ির তরাই তারাপদ আদর্শ বিদ্যালয়ের একাদশ শ্রেণিতে । জানা গিয়েছে, টিফিনের বিরতিতে যখন ক্লাসরুমে কোনও শিক্ষক ছিলেন না, তখন বন্ধুদের সঙ্গে মিলে একটি ‘রিল ভিডিয়ো’ তৈরি করছিল ওই ছাত্র। ভিডিয়োটিতে দেখা যায়, সে খোদ মুখ্যমন্ত্রীর ছবিতে প্রস্রাব করছে, থুথু ফেলছে এবং মুখ্যমন্ত্রী ও তাঁর মাকে নিয়ে অত্যন্ত নোংরা ও কুরুচিকর মন্তব্য করছে । ভিডিয়োটি সোশাল মিডিয়ায় আপলোড হতেই, তা ঝড়ের গতিতে ভাইরাল হয়।

জনরোষ ও পুলিশি উদ্ধার

স্কুল শেষ করে অভিযুক্ত ছাত্রটি শিলিগুড়ি পুরনিগমের 34 নম্বর ওয়ার্ডের সূর্য সেন কলোনি এলাকার নিজের বাড়িতে ফেরে। এরপর বিকেলে বন্ধুদের সঙ্গে ডাবগ্রাম মাঠে গল্প করতে গেলে স্থানীয় সাধারণ মানুষের নজরে পড়ে সে । ভিডিয়োটি দেখে ক্ষিপ্ত সাধারণ মানুষ ও বিজেপি সমর্থকদের একাংশ তাকে ঘিরে ধরে বিক্ষোভ দেখাতে শুরু করে ।

উত্তেজনা ছড়ায় ছাত্রটির বাড়ির এলাকাতেও । অভিযোগ, উত্তেজিত জনতা ওই ছাত্রকে লক্ষ্য করে ডিম ছোড়ে এবং তাকে শারীরিকভাবে হেনস্তাও করা হয় । পরিস্থিতি বেগতিক দেখে খবর দেওয়া হয় পুলিশে । নিউ জলপাইগুড়ি থানার পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে জনরোষের হাত থেকে ওই ছাত্রকে উদ্ধার করে থানায় নিয়ে আসে । পরবর্তীতে পুলিশ স্বতঃপ্রণোদিত মামলা রুজু করে বুধবার তাকে জুভেনাইল কোর্টে পেশ করে।

শিলিগুড়ির পুলিশ কমিশনার সৈয়দ ওয়াকার রাজা বলেন, "অভিযুক্ত নাবালককে উদ্ধার করে জুভেনাইল কোর্টে পাঠানো হয়েছে । আদালত যে নির্দেশ দেবে, সেই অনুযায়ী পরবর্তী আইনানুগ পদক্ষেপ করা হবে ।" এই প্রতিবেদন লেখা পর্যন্ত আদালতের নির্দেশ জানা যায়নি ৷

কাঠগড়ায় স্কুলের ভূমিকা, প্রশ্ন মোবাইল ব্যবহার নিয়ে

এই নক্কারজনক ঘটনার পর স্কুলের নিরাপত্তা এবং পড়ুয়াদের মানসিকতা নিয়ে বড়সড় প্রশ্ন উঠতে শুরু করেছে । বর্তমানে তরাই তারাপদ আদর্শ বিদ্যালয়ে কোনও পরিচালন সমিতি নেই, অ্যাডমিনিস্ট্রেটর দিয়ে স্কুল চালানো হচ্ছে ।

স্কুলের প্রধান শিক্ষক অশোক নাথ ঘটনার নিন্দা করে বলেন, "ঘটনাটি অত্যন্ত দুর্ভাগ্যজনক ও নিন্দনীয় । টিফিনের সময়ে যখন শিক্ষকরা ক্লাসে ছিলেন না, তখন এই কাণ্ড ঘটেছে । তবে আমাদের কড়া নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও ওই ছাত্র কীভাবে মোবাইল নিয়ে স্কুলে ঢুকল, সেটাই বড় প্রশ্ন । বিষয়টি অ্যাডমিনিস্ট্রেটরদের জানানো হয়েছে । তারা যে সিদ্ধান্ত নেবেন, সেটাই চূড়ান্ত হবে ।"

এই ঘটনাকে কেন্দ্র করে শিক্ষামহলে তীব্র উদ্বেগ তৈরি হয়েছে । অনেকে বলছেন, সস্তা জনপ্রিয়তার জন্য ছাত্রছাত্রীদের নৈতিক অবক্ষয় কোনস্তরে পৌঁছাতে পারে, এই ঘটনা যেন আরও একবার তা আঙুল দিয়ে দেখিয়ে দিল । ঘটনার তদন্ত করছে পুলিশ ।

আরও পড়ুন -

  1. মহিলাদের অসম্মান ও ধর্মীয় উস্কানিমূলক মন্তব্য! ফিরহাদের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের
  2. তুলসীর মালা-চন্দনের তিলক পরে স্কুলে আসায় ছাত্রীকে TC! বিতর্ক পুরুলিয়ায়