ETV Bharat / state

হস্টেল থেকে পালানোর চেষ্টা ! বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু দশম শ্রেণির পড়ুয়ার

শৌচালয়ের ফাঁকা অংশ দিয়ে পালানোর সময় হাইটেনশন তার স্পর্শ ! বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নীচে পড়ে যায় কিশোর, দাবি কর্তৃপক্ষের ৷

Student Dies of Electrocution
প্রতীকী ছবি ৷ (ফাইল ছবি)
author img

By ETV Bharat Bangla Team

Published : April 28, 2026 at 5:01 PM IST

3 Min Read
Choose ETV Bharat

গঙ্গারামপুর, 28 এপ্রিল: হস্টেল থেকে পালানোর সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু হল দশম শ্রেণির এক ছাত্রের ! দক্ষিণ দিনাজপুর জেলার গঙ্গারামপুর ব্লকের জাহাঙ্গিপুর এলাকার ঘটনা ৷ জানা গিয়েছে, হস্টেলের শৌচালয় দিয়ে পালানোর চেষ্টা করছিল দশম শ্রেণির ছাত্র জেমিস আলবাস্ক হোসেন ৷ সেই সময় হাইটেনশন তারে লেগে বিদ্যুৎস্পৃষ্ট হয় ওই কিশোর ৷ এই ঘটনায় হস্টেলের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রশ্ন উঠেছে ৷ নিহত ছাত্রের দেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে ৷

পুলিশ সূত্রে জানা গিয়েছে, গঙ্গারামপুর থানার জাহাঙ্গিরপুরের বাগানবাড়ি এলাকার একটি বেসরকারি স্কুলের দশম শ্রেণির ছাত্র জেমিস আলবাস্ক হোসেন (15) ৷ তার বাড়ি দক্ষিণ দিনাজপুর জেলার তপন থানার লালচন্দ্রপুর গ্রামে ৷ মৃত ছাত্রের বাবা আক্তার হোসেন ৷ জানা গিয়েছে, জেমিস আলবাস্ক হোসেন সোমবার গভীর রাত্রে শৌচালয়ে গিয়েছিল ৷ অভিযোগ, সেখান থেকেই একটি ফাঁকা অংশ দিয়ে হস্টেল থেকে পালানোর চেষ্টা করে সে ৷

Student Dies of Electrocution
গঙ্গারামপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু দশম শ্রেণির পড়ুয়ার ৷ (ইটিভি ভারত)

কিন্তু, অসাবধানতাবশত হস্টেলের বাইরে থাকা হাইভোল্টেজ তারে বিদ্যুৎস্পৃষ্ট হয় সে ৷ সেখান থেকে নীচে পড়ে যায় জেমিস ৷ ঘটনার কথা জানতে পেরে তড়িঘড়ি গঙ্গারামপুর থানায় খবর দেয় হস্টেল কর্তৃপক্ষ ৷ পুলিশ ঘটনাস্থলে গিয়ে দেহ উদ্ধার করে বালুরঘাটে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে ৷ পাশাপাশি, ঠিক কী কারণে এই ঘটনা ঘটল, তার তদন্ত শুরু করেছে পুলিশ ৷

অন্যদিকে, রাতেই তপন ব্লকের লালচন্দ্রপুর গ্রামে মৃত ছাত্রের বাড়িতে ফোন করে হস্টেল কর্তৃপক্ষ ৷ ফোনে তাঁদের দ্রুত হস্টেলে পৌঁছতে বলা হয় ৷ তবে, ছেলের মৃত্যুর খবর দেওয়া হয়নি ৷ এ নিয়ে জেমিসের বাবা আক্তার হোসেন বলেন, "রাত দু’টোর সময় আমাকে হস্টেল থেকে ফোন করে ৷ ফোন করে জানায় খুব জরুরী দরকার, আপনি রাতেই চলে আসুন ৷ সেই মতো আমি বাইকে করে স্ত্রী’কে নিয়ে সেখানে চলে যাই ৷ সেখানে গিয়ে দেখি একজন পুলিশ অফিসার এবং কয়েকজন বিএসএফ দাঁড়িয়ে রয়েছেন ৷ তাঁরা জানায় একটা দুর্ঘটনা ঘটে গেছে ৷ পরবর্তীতে হস্টেলের ভিতরে নিয়ে যাওয়া হয় ৷ পুলিশ টর্চ জ্বালিয়ে ছেলের মৃতদেহ দেখায় ৷ ওই হস্টেলে আমার দুই ছেলেই থাকতো ৷ হস্টেল কর্তৃপক্ষকে জিজ্ঞাসা করলে, তারা জানায় বাথরুমের ভিতরে একটি জানালার রয়েছে, সেখান দিয়ে বেরোতে গিয়ে ইলেকট্রিক শক খেয়ে পড়ে গিয়েছে ৷"

বেসরকারি হস্টেলের মালিক সেলিম আহমেদ বলেন, "ঘুলঘুলি দিয়ে পালানোর সময় ঘটনাটি ঘটেছে ৷ কিন্তু, কেন পালাতে গেল বুঝতে পারছি না ৷" এই বিষয়ে গঙ্গারামপুর মহকুমার পুলিশ আধিকারিক শুভতোষ সরকার বলেন, "গঙ্গারামপুর থানার জাহাঙ্গীরপুরের বাগানবাড়ি এলাকার একটি স্কুলের দশম শ্রেণির ছাত্র আলবাস্ক হোসেন হস্টেল থেকে পালানোর সময় দুর্ঘটনার শিকার হয়েছে ৷ গঙ্গারামপুর থানার পুলিশ গিয়ে মৃতদেহ উদ্ধারের পাশাপাশি ঘটনার তদন্ত শুরু করেছে ৷