পিকনিকে ডিজে বাজানো নিয়ে বচসা-সংঘর্ষ, থমথমে বরাকর
ডিজের সাউন্ড নিয়ে দু'পক্ষের বচসা হয় । এরপর তা গড়ায় হাতাহাতিতে । সেই অশান্তি সন্ধ্যার পর থেকে আরও বাড়ে ৷


Published : January 5, 2026 at 2:22 PM IST
আসানসোল, 5 জানুয়ারি: পিকনিকের ডিজে বাজানো'কে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে বচসা আর তা থেকে ব্যাপক উত্তেজনা সৃষ্টি হল আসানসোলের কুলটি থানার অন্তর্গত বরাকর এলাকায় । বরাকরের মনবেড়িয়া অঞ্চলে দুই গোষ্ঠীর মধ্যে সংঘর্ষ এবং পাথর ছোড়াছুড়িতে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে । রবিবার গভীর রাত পর্যন্ত উত্তপ্ত ছিল এলাকা ৷ শেষ পর্যন্ত কুলটি থানার বিরাট পুলিশ বাহিনী গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে । বর্তমানে থমথমে হয়ে রয়েছে বরাকরের পরিবেশ । রয়েছে চাপা উত্তেজনা ।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, রবিবারের ছুটির দিনে বরাকরে বালি ব্যাংক এলাকায় চলছিল পিকনিকের আমেজ । বেশ কয়েকটি পিকনিকের দল সেখানে পিকনিক করতে গিয়েছিল । এর মধ্যে মনবেড়িয়া এলাকার দুটি দল বড় ডিজে সাউন্ড বক্স নিয়ে গিয়ে সেখানে বাজাতে শুরু করে । প্রথমে সব ঠিকই ছিল । কিন্তু বেলা বাড়তেই সেই ডিজের সাউন্ড নিয়ে দু'পক্ষের মধ্যে বচসা তৈরি হয় । সেই বচসা গড়ায় হাতাহাতিতে । প্রথমে তা সাময়িকভাবে থেমে গেলেও, সন্ধ্যার পর থেকে দুই গোষ্ঠীর মধ্যে ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে । এক পাড়া অন্য পাড়াকে লক্ষ্য করে পাথর ছুঁড়তে শুরু করে । পালটা দু'পক্ষই ইঁট পাটকেল ছোঁড়ে । পাথরের ঘায়ে অনেকেই আহত হয়েছেন বলে স্থানীয় সূত্রের খবর । বেশ কয়েকটি গাড়িও ক্ষতিগ্রস্ত হয়েছে ।
খবর পেয়ে কুলটি থানার পুলিশ ঘটনাস্থলে যায় এবং দুইপক্ষকে দু'দিকে সরিয়ে দেওয়ার চেষ্টা করে । কিন্তু উত্তেজনা ক্রমেই বাড়তে থাকে । দু'পক্ষই দুই পক্ষকে লক্ষ্য করে পাথর ও ইঁট ছুঁড়তে শুরু করে । তারপরে বিরাট পুলিশ বাহিনী নিয়ে আসা হয় এবং কার্যত দু'পক্ষকে বলপূর্বক সরিয়ে দেওয়া হয় । তারপরেই উত্তেজনা প্রশমিত হয় । যদিও এলাকায় এখনও চাপা উত্তেজনা রয়েছে । এলাকায় তৈরি করা হয়েছে পুলিশ পিকেট ।
এর আগেও বরাকরে বেশ কয়েকবার গোষ্ঠী সংঘর্ষ হয়েছে । পুলিশ তাই অতীতের অভিজ্ঞতা থেকেই বিষয়টিকে হালকা ভাবে নিচ্ছে না । যদিও প্রশ্ন উঠছেই যে, পিকনিক স্পটে ডিজে বাজানো নিষিদ্ধ করা হয়েছে আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেট এলাকায় । কিন্তু তারপরেও কেন পিকনিক স্পটে এভাবে ডিজে বাজছিল তা নিয়ে প্রশ্ন তুলছেন স্থানীয় বাসিন্দারা ।
নাম প্রকাশে অনিচ্ছুক কুলটি থানার বরাকর পুলিশ ফাঁড়ির এক পুলিশ আধিকারিক জানাচ্ছেন, বিষয়টি নিয়ে তদন্ত শুরু হয়েছে । এই ঘটনায় কারা জড়িত তা পুলিশ দেখছে বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে ।

