ETV Bharat / state

বিরোধী দলনেতা নির্বাচনে সই জাল ! প্রাক্তন মন্ত্রী চন্দ্রনাথের বাড়িতে সিআইডি

কী কারণে তাঁরা রাজ্যের প্রাক্তন কারামন্ত্রীর বাড়িতে এসেছেন, তা জিজ্ঞেস করা হলে, আধিকারিকরা শুধু বলেন, "সরকারি কাজে এসেছি ৷"

ETV BHARAT
প্রাক্তন মন্ত্রী চন্দ্রনাথের বাড়িতে সিআইডি (নিজস্ব চিত্র)
author img

By ETV Bharat Bangla Team

Published : May 29, 2026 at 2:03 PM IST

2 Min Read
Choose ETV Bharat

বোলপুর, 29 মে: সাতসকালে আচমকা তৃণমূল বিধায়ক চন্দ্রনাথ সিংহের বাড়িতে হাজির সিআইডি-র আধিকারিকরা ৷ কী কারণে তাঁরা রাজ্যের প্রাক্তন কারামন্ত্রীর বাড়িতে এসেছেন, তা জিজ্ঞেস করা হলে, আধিকারিকরা শুধু বলেন, "সরকারি কাজে এসেছি ৷" যদিও এ বিষয়ে চন্দ্রনাথ সিংহ জানিয়েছেন, বিরোধী দলনেতা নির্বাচনে তিনি আদৌ সম্মতি দিয়েছেন কি না, সেবিষয়ে নিশ্চিত হতেই তাঁর বাড়িতে এসেছিলেন সিআইডি-র আধিকারিকরা ৷ তাঁরা বিধায়কের সই সংগ্রহ করেছেন ৷

সইয়ের নমুনা সংগ্রহ করতে শুক্রবার সাতসকালে রাজ্যের প্রাক্তন কারামন্ত্রীর বাড়িতে হাজির হয় সিআইডি ৷ চন্দ্রনাথকে তাদের প্রশ্ন ছিল যে, "বিধানসভায় বিরোধী দলনেতা নির্বাচনে সম্মতি দিয়েছিলেন তো ?" তাঁর সঙ্গে কথা বলার পর ছোট ও বড় হরফে বোলপুরের তৃণমূল বিধায়কের সই সংগ্রহ করে কলকাতায় ফিরে যান রাজ্য পুলিশের অফিসারেরা ৷

বিরোধী দলনেতা নির্বাচনে সই জাল ! প্রাক্তন মন্ত্রী চন্দ্রনাথের বাড়িতে সিআইডি (ইটিভি ভারত)

প্রসঙ্গত, বিজেপি সরকারের আমলে রাজ্যের বিরোধী দলনেতা হিসাবে শোভনদেব চট্টোপাধ্যায়ের নাম বিধানসভায় জমা পড়েছে ৷ কিন্তু, প্রথম থেকেই শাসক দল বিজেপির বিধায়ক ও মন্ত্রীদের অভিযোগ ছিল তৃণমূল কংগ্রেসের সব বিধায়কের সম্মতিতে বিরোধী দলনেতার নাম প্রস্তাব করা হয়নি ৷ কিন্তু, সেদিন যে তৃণমূল বিধায়করা অনুপস্থিত ছিলেন বলে অভিযোগ উঠেছিল, এবার একেবারে তাঁদের বাড়িতে গিয়ে সিআইডি হাজির হবে, এমন ধারণা ছিল না তৃণমূল শিবিরে ৷

তৃণমূল-কংগ্রেসের টিকিটে 2011 সাল থেকে তিনবার জয়ী হয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের মন্ত্রিসভায় জায়গা করে নিয়েছিলেন চন্দ্রনাথ সিংহ । এবারও বোলপুর বিধানসভা থেকে বিজেপি প্রার্থী দিলীপকুমার ঘোষকে পরাজিত করে জয়ী হয়েছেন রাজ্যের প্রাক্তন কারামন্ত্রী । এদিন, সকালে বোলপুরের নায়েক পাড়ায় তৃণমূল বিধায়কের বাড়িতে হাজির হন সিআইডি-র অফিসারেরা ৷ তাঁকে জিজ্ঞাসা করা হয়, বিরোধী দলনেতা নির্বাচনে তাঁর সমর্থন ছিল কি না ৷ এমনকি, ভিডিয়ো রেকর্ডিংয়ের মধ্যে দিয়ে চন্দ্রনাথ সিংহের সই সংগ্রহ করেন অফিসারেরা ৷

ETV BHARAT
চন্দ্রনাথ সিংহের বাড়িতে হাজির সিআইডি-র আধিকারিকরা (নিজস্ব চিত্র)

অভিযোগ, শপথ গ্রহণের দিন বাংলায় সই করেছিলেন বিধায়ক চন্দ্রনাথ সিংহ । আর বিরোধী দলনেতা নির্বাচনের সমর্থন পত্রে ইংরেজিতে সই রয়েছে অনুব্রত মণ্ডল ঘনিষ্ঠ চন্দ্রনাথের ৷ তাই এদিন তাঁর সইয়ের নমুনা সংগ্রহ শুরু করেছেন পুলিশ আধিকারিকরা ।

এই প্রসঙ্গে বিধায়ক চন্দ্রনাথ সিংহ বলেন, "ওঁদের সন্দেহ আমরা নাকি বিরোধী দলনেতা নির্বাচন করিনি ৷ তাই সই নিয়ে গেল, জাল কি না দেখার জন্য ৷ আমি অফিসারদের পরামর্শ দিলাম, এসব করে বিভ্রান্তি না-করে বিধায়কদের জিজ্ঞাসা করতেই পারতেন, বিরোধী দলনেতাকে আমরা সমর্থন করি কি না ৷ তারজন্য কেস করে মানুষকে হেনস্তা করা ঠিক নয় ৷"