ETV Bharat / state

অন্তঃসত্ত্বাকে নির্যাতনে সদ্যোজাতের মৃত্যু, নিষ্ক্রিয় পুলিশ ! আদিবাসীদের উত্তরকন্যা অভিযানে ধুন্ধুমার

প্রায় আট থেকে দশজন আন্দোলনকারীদের গ্রেফতার করা হয়েছে ৷ গোটা এলাকায় থমথমে পরিবেশ বজায় রয়েছে ।

Uttarkanya abhijan
পুলিশের তরফে ছোড়া হয় কাঁদানে গ্যাস (নিজস্ব ছবি)
author img

By ETV Bharat Bangla Team

Published : February 26, 2026 at 7:16 PM IST

3 Min Read
Choose ETV Bharat

শিলিগুড়ি, 26 ফেব্রুয়ারি: নারী ও আদিবাসী সম্প্রদায়ের মানুষদের সুরক্ষার দাবিতে জনজাতি সুরক্ষা মঞ্চের তরফে উত্তরকন্যা অভিযানের ডাক দেওয়া হয় ৷ বৃহস্পতিবার সেই কর্মসূচিকে ঘিরে ধুন্ধুমার কাণ্ড শিলিগুড়ির তিনবাত্তি মোড়ের এশিয়ান হাইওয়েতে । পুলিশের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়েন আন্দোলনকারীরা ।

তির-ধনুক, তরোয়াল হাতে মিছিল করতে দেখা যায় আন্দোলনকারীদের । পালটা পুলিশের তরফে চলে জল কামান ৷ আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করতে ছোড়া হয় কাঁদানে গ্যাস । শেষে লাঠিচার্জ কর‍তে বাধ্য হয় পুলিশ । এদিকে পুলিশকে লক্ষ্য করে আন্দোলনকারীরা পাথর ছোড়ে । সড়কের একাধিক জায়গায় টায়ারে আগুন জ্বালিয়ে দেওয়া হয় । এসবের কারণে দীর্ঘক্ষণ ব্যাপক যানজটে স্তব্ধ হয়ে থাকে গোটা এলাকা-সহ এশিয়ান হাইওয়ে । পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে বেশ কয়েকজন আন্দোলনকারীকে গ্রেফতার করে পুলিশ ।

উত্তরকন্যা অভিযানকে ঘিরে ধুন্ধুমার শিলিগুড়িতে (ইটিভি ভারত)

প্রসঙ্গত, 2025 সালের 23 ডিসেম্বর শিলিগুড়ি সংলগ্ন ফাঁসিদেওয়া ব্লকের জালাস নিজামতারা গ্রাম পঞ্চায়েত এলাকায় এক গর্ভবতী আদিবাসীর উপর আক্রমণের অভিযোগ ওঠে সংখ্যালঘু সম্প্রদায়ের যুবকদের বিরুদ্ধে । ওই ঘটনায় পুলিশি গাফিলতির অভিযোগ ওঠে । নির্যাতিতা 7 জানুয়ারি এক সন্তানের জন্ম দেয় । কিন্তু কিছুদিন পরেই ওই নবজাতকের মৃত্যু হয় । এরপর থেকেই ক্ষোভে ফুঁসতে থাকে আদিবাসী সমাজ ।

Uttarkanya abhijan
তির-ধনুক নিয়ে আদিবাসীদের আন্দোলন (নিজস্ব ছবি)

পুলিশি নিষ্ক্রিয়তার অভিযোগ তুলে বৃহস্পতিবার উত্তরবঙ্গের শাখা সচিবালয় উত্তরকন্যা অভিযানের ডাক দেওয়া হয় জনজাতি সুরক্ষা মঞ্চের তরফে । এদিন জনজাতি সুরক্ষা মঞ্চের ওই কর্মসূচিকে ঘিরে বিশাল পুলিশবাহিনী মোতায়েন করা হয় তিনবাত্তি মোড় এলাকায় । নামানো হয় র‍্যাফ । প্রস্তুত রাখা হয় জলকামান ও বজ্র । জলপাইমোড় থেকে নৌকাঘাট মোড় হয়ে আন্দোলনকারীরা মিছিল করে তিনবাত্তি মোড়ে পৌঁছলে পুলিশি বাধার মুখে পড়তে হয় আন্দোলনকারীদের ।

Uttarkanya abhijan
উত্তরকন্যা অভিযানে বেশ কয়েকজনকে গ্রেফতার (নিজস্ব ছবি)

পুলিশের ব্যারিকেডে আন্দোলনকারীদের মিছিল আটকে যায় । এরপর আন্দোলনকারীরা ব্যারিকেড ভেঙে এগোতে যান । এতে পুলিশের সঙ্গে হাতাহাতিতে জড়িয়ে পড়েন আন্দোলনকারীরা । পুলিশ বাধা দিলে তাদেরকে লক্ষ্য করে আন্দোলনকারীরা জলের বোতল ও পাথর ছুড়তে শুরু করেন । রাস্তায় টায়ারে আগুন জ্বালিয়ে দেওয়া হয় । পালটা পরিস্থিতি সামাল দিতে জল কামান চালায় পুলিশ । তাতেও পরিস্থিতি নিয়ন্ত্রণে না-এলে কাঁদানে গ্যাসের শেল ফাটায় এবং আন্দোলনকারীদের ছত্রভঙ্গ কর‍তে লাঠিচার্জও করে পুলিশ ।

Uttarkanya abhijan
উত্তরকন্যা অভিযান (নিজস্ব ছবি)

ঘটনায় প্রায় আট থেকে দশজন আন্দোলনকারীদের গ্রেফতার করা হয়েছে । ঘণ্টাখানেক পর আন্দোলনকারীদের সরিয়ে যান চলাচল স্বাভাবিক হয় । এদিনের ওই মিছিলে পা মেলাতে দেখা যায় ফাঁসিদেওয়ার বিজেপি বিধায়ক দুর্গা মুর্মু, ডাবগ্রাম ফুলবাড়ির বিধায়ক শিখা চট্টোপাধ্যায়-সহ অন্যান্যদের । ঘটনাকে কেন্দ্র করে গোটা এলাকায় থমথমে পরিবেশ বজায় রয়েছে ।

Uttarkanya abhijan
ব্যারিকেড ভেঙে এগোতে যান আন্দোলনকারীরা (নিজস্ব ছবি)

বিধায়ক দুর্গা মুর্মু বলেন, "আমি একজন আদিবাসী বিধায়ক । একটা জমি দখলকে কেন্দ্র করে যেভাবে এক আদিবাসী জনজাতির গর্ভবতীর উপর আক্রমণ করা হয়েছে তার বিরুদ্ধে আমাদের এই আন্দোলন । ওই মহিলার নবজাতকের মৃত্যু হয়েছে । পুলিশ কোনও পদক্ষেপ করেনি । আমরা এর তীব্র বিরোধিতা জানাই ।"

Uttarkanya abhijan
পুলিশ ব্যারিকেড করে দেয় (নিজস্ব ছবি)

বিধায়ক শিখা চট্টোপাধ্যায় বলেন, "পুলিশ কোনও কাজ করছে না । আর আমরা শান্তির সঙ্গে মিছিল করতে গেলে পুলিশ পালটা আক্রমণ করছে । একজন মহিলা মুখ্যমন্ত্রী থাকতেও রাজ্যের মহিলারা সুরক্ষিত নয় ।"