ETV Bharat / state

ভেঙে দেওয়া হল আসানসোল পুরবোর্ড, প্রশাসক হলেন আড্ডার সিইও

আসানসোল পুরনিগমের কাজে অসন্তোষ প্রকাশ করে কারণ দর্শাতে বলে চিঠি দিয়েছিল রাজ্যের পুর ও নগরোন্নয়ন দফতর । তার জবাবও দিয়েছিলেন বিধান উপাধ্যায় ।

Asansol Municipal corporation
আসানসোল পুরনিগম (নিজস্ব ছবি)
author img

By ETV Bharat Bangla Team

Published : July 8, 2026 at 7:55 PM IST

2 Min Read
Choose ETV Bharat

আসানসোল, 8 জুলাই: ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের দ্বারে গিয়েও মিলল না স্বস্তি । হল না শেষ রক্ষা । সম্ভবত বিধান উপাধ্যায়ের জবাবে অসন্তুষ্ট রাজ্য ! ভেঙে দেওয়া হল আসানসোল পুরনিগমের বোর্ড ৷ দায়িত্বে এলেন প্রশাসক । আসানসোল-দুর্গাপুর উন্নয়ন পর্ষদের সিইও তথা আসানসোলের প্রাক্তন পুর কমিশনার, আইএএস অদিতি চৌধুরীকে প্রশাসক হিসেবে নিয়োগ করা হল বুধবার ।

দীর্ঘ জল্পনা ও রাজনৈতিক টানাপোড়েনের অবসান ঘটিয়ে নজিরবিহীন পদক্ষেপ করল রাজ্যের পুর ও নগর উন্নয়ন দফতর । পশ্চিমবঙ্গ পুর কর্পোরেশন আইন, 2006-এর 60(1) ধারায় আসানসোল পুরনিগমের বর্তমান বোর্ড ভেঙে দিয়ে সেখানে প্রশাসক নিয়োগের নির্দেশ জারি হয়েছে । বুধবার থেকেই দায়িত্ব গ্রহণ করবেন আসানসোল-দুর্গাপুর উন্নয়ন পর্ষদের সিইও অদিতি চৌধুরী । নতুন বোর্ড গঠন না হওয়া পর্যন্ত, অথবা সর্বোচ্চ ছয় মাসের জন্য তিনিই পুরনিগমের সমস্ত প্রশাসনিক দায়িত্ব সামলাবেন ।

ভেঙে দেওয়া হল আসানসোল পুরবোর্ড, প্রশাসক হলেন আড্ডার সিইও (ইটিভি ভারত)

বোর্ড সভা অনিয়ম, সম্পত্তি কর মকুব সংক্রান্ত অভিযোগ এবং নাগরিক পরিষেবায় অচলাবস্থার জেরে গত 1 জুলাই রাজ্যের পক্ষ থেকে আসানসোল পুরনিগমকে শো-কজ নোটিশ পাঠানো হয়েছিল । মঙ্গলবার মেয়র বিধান উপাধ্যায় ছয় পাতার একটি ই-মেইলে তার জবাব দিলেও সম্ভবত সেই ব্যাখ্যায় সন্তুষ্ট হয়নি রাজ্য পুর দফতর । এরই মধ্যে শো-কজ হওয়ার পরেও কলকাতায় গিয়ে তৃণমূল নেতা ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বিধান উপাধ্যায়ের বৈঠকের ছবি রাজনৈতিক মহলে ব্যাপক জল্পনার জন্ম দেয় ।

পাশাপাশি, ছয়জন প্রভাবশালী কাউন্সিলরের ইস্তফায় পুরবোর্ডের অস্থিরতা আরও স্পষ্ট হয়ে ওঠে । মেয়র প্রশাসনিক অচলাবস্থার জন্য পুর কমিশনারকে দায়ী করলেও শেষ পর্যন্ত রাজ্য সরকার সেই ব্যাখ্যা গ্রহণ করেনি । ফলস্বরূপ, আসানসোল পুরনিগমের নির্বাচিত বোর্ড ভেঙে প্রশাসনিক দায়িত্ব সরাসরি নিজেদের নিয়ন্ত্রণে নিয়ে এল রাজ্য সরকার ।

আসানসোলের বিদায়ী মেয়র বিধান উপাধ্যায় বলেন, "আমি এখনও পর্যন্ত কোনও চিঠি পাইনি । কিন্তু শুনেছি বোর্ড ভেঙে দেওয়া হয়েছে । আমরা নির্বাচিত হয়ে এসেছিলাম সুতরাং এইভাবে বোর্ড ভেঙে দেওয়া গণতান্ত্রিক পদ্ধতি নয় । আমাদের অনেক শুভেচ্ছা রইল নতুন প্রশাসকের প্রতি । হয়তো আরও ভালো নাগরিক পরিষেবা দেওয়ার কারণেই তারা বোর্ড ভেঙে নতুনভাবে প্রশাসক নিয়োগ করেছেন । তবে নাগরিক পরিষেবা দেওয়ার ক্ষেত্রে কোনওরকমের সহযোগিতা যদি দরকার হয় তাহলে আমরা নিশ্চিতভাবে সহযোগিতা করব ।"

অন্যদিকে আসানসোল উত্তর কেন্দ্রের বিধায়ক কৃষ্ণেন্দু মুখোপাধ্যায় বলেন, "এটা হওয়ারই ছিল । ওনারা পুরবোর্ড চালাতে পারছিলেন না । পুরবোর্ড ভেঙে দেওয়া হয়েছে, ভালোই হয়েছে ।"