ETV Bharat / state

দার্জিলিং থেকে বিজনবাড়ি রোপওয়ে নির্মাণে উদ্যোগ, রাজ্যের কাছে রিপোর্ট চাইল কেন্দ্র

দার্জিলিং থেকে বিজনবাড়ি পর্যন্ত রোপওয়ে চালুর প্রস্তাব দিয়েছিলেন বিজেপি সাংসদ রাজু বিস্তা ৷ তাঁর প্রস্তাবে এবার সাড়া দিল কেন্দ্রীয় সরকার ৷

Darjeeling to Bijanbari ropeway
দার্জিলিং-বিজনবাড়ি পর্যন্ত রোপওয়ে নির্মাণে উদ্যোগী কেন্দ্র (নিজস্ব ছবি)
author img

By ETV Bharat Bangla Team

Published : November 17, 2025 at 5:25 PM IST

2 Min Read
Choose ETV Bharat

দার্জিলিং, 17 নভেম্বর: এবার শৈলরানির যোগাযোগ ব্যবস্থা ও পর্যটকদের জন্য যাতায়াত আরও সুগম করতে উদ্যোগী হল কেন্দ্রীয় সরকার । দার্জিলিং থেকে বিজনবাড়ি পর্যন্ত রোপওয়ে নির্মাণের জন্য রাজ্য সরকারের কাছে ফিজিবিলিটি রিপোর্ট চাইল দিল্লি ৷

মূলত মাসখানেক আগেই দার্জিলিং থেকে বিজনবাড়ি পর্যন্ত যোগাযোগ ব্যবস্থার উন্নতি এবং পর্যটন মানচিত্রে দুই জায়গাকে জুড়তে রোপওয়ে চালুর প্রস্তাব দিয়েছিলেন বিজেপি সাংসদ রাজু বিস্তা । কেন্দ্রের জাতীয় পর্বতমালা প্রকল্পের অধীনে ওই প্রস্তাব দেওয়া হয় কেন্দ্রীয় সড়ক ও পরিবহণ মন্ত্রককে । দার্জিলিংয়ের সাংসদ নিজে ওই চিঠি সংশ্লিষ্ট দফতরের মন্ত্রী নীতীন গড়করিকে দিয়েছিলেন । এবার রাজু বিস্তার সেই আবেদনে সাড়া দিল কেন্দ্র ৷ রাজ্য সরকারের কাছে ওই প্রকল্পের ফিজিবিলিটি রিপোর্ট চাইল তারা ৷

Darjeeling to Bijanbari ropeway
রোপওয়ে চালুর প্রস্তাব দিয়েছিলেন বিজেপি সাংসদ রাজু বিস্তা (নিজস্ব ছবি)

জেলা প্রশাসন সূত্রে জানা গিয়েছে, প্রকল্পের বিস্তারিত রিপোর্ট চেয়েছে কেন্দ্র । ওই এলাকায় রোপওয়ে তৈরি কতটা যুক্তিযুক্ত ও তার প্রয়োজনীয়তা কী । চালু হলে কী কী সুবিধা হতে পারে এবং কোনও সমস্যা বাস্তবে রয়েছে কি না ইত্যাদি একাধিক বিষয়ে জানতে চাওয়া হয়েছে রিপোর্টে । এছাড়াও রোপওয়ে হলে তা কোন গ্রেডের ও পরিবেশের উপর কোনও প্রভাব পড়বে কি না তাও জানতে চাওয়া হয়েছে রিপোর্টে ।

Darjeeling to Bijanbari ropeway
রাজ্যের কাছে ফিজিবিলিটি রিপোর্ট চাইল কেন্দ্র (নিজস্ব ছবি)

দার্জিলিংয়ের সাংসদকেও কেন্দ্রীয় সড়ক পরিবহণের রাষ্ট্রমন্ত্রী অজয় টামটা চিঠি দিয়ে রিপোর্ট চাওয়ার কথা জানান । এর পাশাপাশি দার্জিলিং যাওয়ার জন্য বিকল্প যে রাস্তা তৈরির প্রস্তাব কেন্দ্রকে দিয়েছিলেন রাজু বিস্তা, জাতীয় সড়ক কর্তৃপক্ষকে দিয়ে সেটির ডিটেইল প্রজেক্ট রিপোর্ট তৈরি করতে বলা হয়েছে । দার্জিলিংয়ের সাংসদ রাজু বিস্তা বলেন, "পাহাড়ে রোপওয়ে তৈরির জন্য কেন্দ্রের কাছে প্রস্তাব দিয়েছিলাম । রাষ্ট্রমন্ত্রী চিঠি দিয়ে জানিয়েছেন কাজ এগোচ্ছে । রোপওয়ের মাধ্যমে দার্জিলিং যাওয়ার বিকল্প রাস্তা তৈরি হলে পর্যটনশিল্প এবং স্থানীয় স্তরে বড় প্রভাব পড়বে ।"

মূলত দার্জিলিং থেকে বিজনবাড়ি, ডেলো থেকে কালিম্পং আর রেলি থেকে চিত্রে পর্যন্ত রোপওয়ে চালুর জন্য কেন্দ্রীয় সড়ক পরিবহণমন্ত্রী নীতীন গড়করির কাছে আবেদন করেছিলেন দার্জিলিংয়ের বিজেপি সাংসদ । পাশাপাশি শিলিগুড়ি থেকে দুধিয়া, বালাসন, ধোতরে, ঘুম হয়ে শৈলশহরে যাওয়ার জন্য বিকল্প সড়কেরও আবেদন করেন তিনি । সাংসদের দাবি, দুটো বিষয়ই কেন্দ্রীয় মন্ত্রক গুরুত্ব সহকারে দেখছে । তবে, রোপওয়ের জন্যে আপাতত রাজ্যের ফিজিবিলিটি রিপোর্টের ওপর নির্ভর করছে কেন্দ্র ।