শিলিগুড়িতে হাজির কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা, রবি থেকে রুটমার্চ
শিলিগুড়িতে মোট চার কোম্পানি বাহিনী প্রথমে আসবে বলে খবর। রেলের ইন্ডোর স্টেডিয়ামও জওয়ানদের থাকার জন্য প্রস্তুত রাখা হয়েছে।

Published : March 1, 2026 at 11:52 AM IST
শিলিগুড়ি, 28 ফেব্রুয়ারি: নির্বাচন ঘোষণার আগেই বাংলায় এসে পৌঁছলেন কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা। শনিবার রাতে শিলিগুড়ির ডাবগ্রামে মহিলা মহাবিদ্যালয়ে এসে পৌঁছয় এসএসবি'র এক কোম্পানি বাহিনী। এসএসবির উত্তরবঙ্গের সদর দফতর রানীডাঙা থেকে ওই জওয়ানরা এসেছেন বলে জানা গিয়েছে। রবিবার আরও দুই কোম্পানি জওয়ানের আসার কথা রয়েছে।
রবিবার সকাল থেকেই শহরের বিভিন্ন এলাকায় রুট মার্চও শুরু করবে বাহিনী। প্রশাসন সূত্রে জানা গিয়েছে, শিলিগুড়িতে মোট চার কোম্পানি বাহিনী প্রথমে আনা হবে। পরে পরিস্থিতি বিবেচনা করে সংখ্যা আরও বাড়ানো হতে পারে ৷ মহিলা মহাবিদ্যালয়ের পাশাপাশি রেলের ইন্ডোর স্টেডিয়ামও জওয়ানদের থাকার জন্য প্রস্তুত রাখা হয়েছে।
এবার শিলিগুড়ি বিধানসভা কেন্দ্র নিয়ে রাজ্যের রাজনৈতিকমহলের ব্যাপক চর্চা শুরু হয়েছে। অন্যদিকে, এসআইআরের পর কোথাও যাতে আইনশৃঙ্খলার অবনতি না-হয় সেদিকে বিশেষ নজর রেখেছে নির্বাচন কমিশনও। আর সে কারণেই আগেভাগেই রাজ্যে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করেছে কমিশন, এমনটাই সূত্রের খবর। এই বিষয়ে শিলিগুড়ি পুলিশ কমিশনারেটের ডিসিপি রাকেশ সিং বলেন, "শিলিগুড়ি পুলিশ কমিশনারেট এলাকার জন্য কেন্দ্রীয় বাহিনী এসে গিয়েছে। রবিবার থেকেই এলালায় রুট মার্চ শুরু করবে তারা। পুলিশও প্রস্তুত রয়েছে।" দার্জিলিংয়ের জেলাশাসক মণীশ মিশ্র বলেন, "যতটা প্রয়োজন তত বাহিনী মোতায়েন করা হবে। "
অন্যদিকে, শিলিগুড়ি মহকুমা এলাকার চারটি ব্লক-নকশালবাড়ি, ফাঁসিদেওয়া, মাটিগাড়া ও খড়িবাড়িতে প্রথমে তিন কোম্পানি বাহিনী আনা হবে বলে জানা গিয়েছে। শিলিগুড়ি পুরনিগম এলাকায় গত বিধানসভা নির্বাচনে 13টি স্পর্শকাতর বুথ ছিল। ওইসব এলাকায় বাহিনী বেশি করে রুট মার্চ করবে বলে প্রশাসন সূত্রে জানা গিয়েছে।
অন্যদিকে, শনিবার SIR-এর চূড়ান্ত তালিকা প্রকাশ করেছে নির্বাচন কমিশন ৷ এসআইআর-পরবর্তী চূড়ান্ত ভোটার তালিকা এদিন প্রকাশিত হলেও 60 লক্ষ 6 হাজার 675 জন ভোটারের নাম এখনও 'বিবেচনাধীন'। তালিকায় নাম থাকলেও তাঁদের নথি সংক্রান্ত বিবাদের নিষ্পত্তি হয়নি । ফলে এই বিপুল সংখ্যক ভোটারের ভবিষ্যৎ নিয়ে রাজনৈতিক মহল থেকে সাধারণ মানুষের কৌতূহল তুঙ্গে ।
শনিবার প্রকাশিত তালিকা অনুযায়ী, রাজ্যের মোট ভোটার সংখ্যা 7 কোটি 4 লক্ষ 59 হাজার 284। এর মধ্যে পুরুষ 3 কোটি 60 লক্ষ 22 হাজার,642 জন, মহিলা 3 কোটি 44 লক্ষ 35 হাজার 260 জন এবং তৃতীয় লিঙ্গের ভোটার 1,382 জন। লিঙ্গ অনুপাত 956—অপরিবর্তিত। সংশোধন পর্বে নতুন করে যুক্ত হয়েছেন 1 লাখ 82 হাজার 036 জন ৷ ফর্ম 7 সংক্রান্ত কারণে বাদ পড়েছেন 5 কোটি 46 লক্ষ 053 জন ।

