ETV Bharat / state

এলাকা স্পর্শকাতর ! মুর্শিদাবাদে শুরু হল কেন্দ্রীয় বাহিনীর রুট মার্চ

শনিবার জেলায় ঢুকছে আরও 11 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী । আর আগামী 10 মার্চ ঢুকবে আরও 12 কোম্পানি ।

ETV BHARAT
মুর্শিদাবাদে শুরু হল কেন্দ্রীয় বাহিনীর রুট মার্চ (নিজস্ব চিত্র)
author img

By ETV Bharat Bangla Team

Published : February 27, 2026 at 4:45 PM IST

3 Min Read
Choose ETV Bharat

সুতি, 27 ফেব্রুয়ারি: বিধানসভা নির্বাচনের দামামা বেজে গেলেও এখনও ভোটের নির্ঘণ্ট প্রকাশ হয়নি । তার আগেই জেলায় জেলায় ঢুকছে কেন্দ্রীয় বাহিনী । মুর্শিদাবাদের সুতি থানা এলাকায় ইতিমধ্যেই রুট মার্চ শুরু হয়েছে । যদিও সুতি, সামশেরগঞ্জ এলাকা আগে থেকেই কেন্দ্রীয় বাহিনীর দখলে ছিল । ভোটের আগে নাগরিক নিরাপত্তা সুনিশ্চিত করতে উপস্থিত জওয়ানরাই এলাকায় টহল দিতে শুরু করেছেন ।

জঙ্গিপুর পুলিশ জেলার সুপার হোসেন মেহেদী রেহমান বলেন, "সুতি, সামশেরগঞ্জ এলাকা স্পর্শকাতর । এই দুই এলাকায় কেন্দ্রীয় বাহিনী আগে থেকেই রয়েছে । সেই বাহিনীকেই রুট মার্চের কাজে লাগানো হচ্ছে ।"

মুর্শিদাবাদে শুরু হল কেন্দ্রীয় বাহিনীর রুট মার্চ (নিজস্ব ভিডিয়ো)

সামাশেরগঞ্জের বাবা-ছেলে খুনের ঘটনার পর আইনশৃঙ্খলা রক্ষার কারণে সুপ্রিম কোর্টের নির্দেশে সেখানে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয়েছিল । তখন থেকেই মুর্শিদাবাদ জেলায় 16 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী রয়েছে । বেলডাঙা, সুতি, সামশেরগঞ্জের মতো উপদ্রুত এলাকায় মোতায়েন রাখা হয়েছে সিআরপিএফ জওয়ানদের । সামশেরগঞ্জের পর বেলডাঙা, শক্তিপুর-সহ জেলার একাধিক জায়গায় উত্তেজনা ছড়িয়েছিল । সাম্প্রদায়িক উত্তেজনাও ছিল । সেইসব এলাকায় কেন্দ্রীয় বাহিনীকে ব্যবহার করেছে জেলা পুলিশ ।

এদিকে, আগামিকাল জেলায় ঢুকছে আরও 11 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী । 10 মার্চ ঢুকবে আরও 12 কোম্পানি । জেলা প্রশাসন সূত্রে এমনটাই জানা গিয়েছে । ফলে মার্চ মাসের শুরু থেকেই জেলার আইনশৃঙ্খলার দায়িত্ব জেলা পুলিশের পাশাপাশি কেন্দ্রীয় বাহিনীর উপরও থাকবে ৷

জেলা প্রশাসন সূত্রে জানা গিয়েছে, মুর্শিদাবাদ জেলার সিংহভাগ বুথ স্পর্শকাতর । সুতি, সামশেরগঞ্জ, ডোমকল, বেলডাঙা, রেজিনগরের বেশ কিছু বুথ অতি স্পর্শকাতর হিসেবে চিহ্নিত করা হয়েছে । পাশাপাশি জেলা প্রশাসনের এক উচ্চ পদস্থ আধিকারিক জানান, মুর্শিদাবাদে ইতিমধ্যে এসআইআর তালিকায় 2 লক্ষ 48 হাজার নাম বাদ গিয়েছে । তাঁদের মধ্যে মৃত ভোটার ও বসত স্থানান্তর-সহ আনম্যাপড ভোটারও রয়েছে । পরে আরও 45 হাজার নাম বাদ গিয়েছে প্রয়োজনীয় নথি জমা দিতে না-পারায় । এখন 11 লক্ষ ভোটারের নথি যাচাই প্রক্রিয়া শুরু করছেন বিচারকরা । এই তালিকা থেকে প্রচুর ভোটারের নাম বাদের আশঙ্কা করছেন প্রশাসনের একাংশ । এবং তালিকা প্রকাশের পর জেলায় আরও উত্তেজনা ছড়াতে পারে বলে প্রশাসনের কর্তাদের দাবি ।

পাশাপাশি এই জেলার বিস্তীর্ণ অংশে ভারত-বাংলাদেশ আন্তর্জাতিক সীমারেখা রয়েছে । যার ফলে নির্বাচনের আগে উত্তেজনা ছড়ানোর ইঙ্গিতও গোয়েন্দা সূত্রে মিলেছে । সব মিলিয়ে জেলাজুড়ে নজরদারি বাড়ানো হয়েছে । ধাপে ধাপে এলাকায় কেন্দ্রীয় বাহিনীকে ঘোরানো শুরু করেছে জেলা পুলিশ । অনেকেরই দাবি, সুতি এলাকায় কেন্দ্রীয় বাহিনীর টহল শুরু হওয়ায় সাধারণ মানুষের মন থেকে ভীতি দূর হতে শুরু করেছে । সামশেরগঞ্জ নিয়ে কিছুটা চিন্তা থাকলেও কেন্দ্রীয় বাহিনী সেখানকার বাসিন্দাদের অনেকটাই আশ্বস্ত করতে পেরেছে বলে এলাকাবাসীর দাবি।