চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের মাঝেই বসিরহাট ও মিনাখাঁয় শুরু কেন্দ্রীয় বাহিনীর রুটমার্চ
উত্তর 24 পরগনা জেলায় মোতায়েন 30 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী ৷ বসিরহাটে নামানো হল সাত কোম্পানি কেন্দ্রীয় বাহিনী ৷

Published : February 28, 2026 at 8:09 PM IST
বসিরহাট (উত্তর 24 পরগনা), 28 ফেব্রুয়ারি: এসআইআর-এর চূড়ান্ত তালিকা প্রকাশের মাঝেই উত্তর 24 পরগনার সীমান্ত শহর বসিরহাট ও মিনাখাঁয় শুরু হল কেন্দ্রীয় বাহিনীর রুটমার্চ ৷ বসিরহাট ও মিনাখাঁর একাধিক গুরুত্বপূর্ণ এলাকায় এদিন টহল দিতে দেখা যায় কেন্দ্রীয় বাহিনীকে ৷ সঙ্গে ছিল দুই থানার পুলিশ আধিকারিকরা ৷ এই দুই এলাকায় এসআইআর প্রক্রিয়া চলাকালীন বিশৃঙ্খলার ঘটনা ঘটেছিল ৷ তাই চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের পর অশান্তির আশঙ্কায় এই রুটমার্চ বলে পুলিশ সূত্রে খবর ৷
এই নিয়ে প্রশাসনের এক আধিকারিক বলেন, "ভোট প্রক্রিয়ার সময় কেন্দ্রীয় বাহিনীর রুটমার্চ নতুন কিছু নয় ৷ প্রতিবারই এমনটা হয়ে থাকে ৷ এবার কমিশনের নির্দেশে আগেই রুটমার্চ-এর ব্যবস্থা করা হয়েছে ৷ এই প্রক্রিয়া চলবে ধারাবাহিকভাবে ৷"
এসআইআর প্রক্রিয়া চলাকালীন এ রাজ্যে জায়গায়-জায়গায় অশান্তির অভিযোগ উঠেছে ৷ বিশেষত, ভোটের সময় পশ্চিমবঙ্গে হিংসার ঘটনা নতুন কিছু নয় ৷ এই পরিস্থিতিতে আগেভাগেই পশ্চিমবঙ্গে কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের সিদ্ধান্ত নিয়েছে জাতীয় নির্বাচন কমিশন ৷ দু'দফায় মোট 480 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয়েছে রাজ্যে ৷
যার মধ্যে প্রথম ধাপে 240 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী বৃহস্পতিবারেই রাজ্যে চলে এসেছে ৷ তারপর শুক্রবার ও শনিবার দু’দিনের রাজ্যের বিভিন্ন উপদ্রুত এলাকায় টহলদারি শুরু করেছে কেন্দ্রীয় বাহিনী ৷ রুটমার্চের মাধ্যমে এরিয়া ডোমিনেশনের কাজ শুরু করেছে বাহিনী ৷ সেই তালিকায় রয়েছে বসিরহাটও ৷ এখানকার গুরুত্বপূর্ণ মোড় ও রাস্তাগুলিতে বাহিনী টহল দেওয়া শুরু করেছে ৷
পাশাপাশি, এদিন এসআইআর-এর চূড়ান্ত তালিকা প্রকাশ করা হয়েছে ৷ ফলে ফের একবার উত্তপ্ত হওয়ার আশঙ্কা রয়েছে বসিরহাট মহকুমা অঞ্চল ৷ তাই সীমান্তবর্তী এই এলাকায় আগেভাগে কেন্দ্রীয় বাহিনীর টহল শুরু হয়েছে ৷
কোথায়-কীভাবে মোতায়েন থাকবে কেন্দ্রীয় বাহিনী ?
প্রশাসন সূত্রে খবর, সবচেয়ে বেশি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয়েছে উত্তর 24 পরগনাতেই ৷ বারাসত পুলিশ জেলার ক্ষেত্রে মোতায়েন থাকছে ছয় কোম্পানি বাহিনী ৷ বনগাঁ ও বসিরহাট পুলিশ জেলায় চার ও সাত কোম্পানি ৷ ব্যারাকপুর পুলিশ কমিশনারেটে মোতায়েন থাকছে নয় কোম্পানি কেন্দ্রীয় বাহিনী ৷ আর বিধাননগর কমিশনারেটের ক্ষেত্রে মোতায়েন থাকছে চার কোম্পানি বাহিনী ৷ সব মিলিয়ে এই জেলায় 30 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করার সিদ্ধান্ত নিয়েছে জাতীয় নির্বাচন কমিশন ৷

