ঘরের মেয়ের বিশ্বকাপ জয় ! রিচার সাফল্যে আনন্দে আত্মহারা শিলিগুড়ি
দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে মহিলা বিশ্বকাপে ইতিহাস তৈরি করেছে ভারতীয় ক্রিকেট বাহিনী ৷ সেই জয়ে অনবদ্য ভূমিকা নেন শিলিগুড়ির মেয়ে রিচা ঘোষ ৷

Published : November 3, 2025 at 7:35 AM IST
শিলিগুড়ি, 3 নভেম্বর: ইতিহাসের পাতায় স্বর্ণাক্ষরে নাম লেখাল হরমনপ্রীত কউর অ্যান্ড কোম্পানি । ওয়ান ডে ক্রিকেট বিশ্বকাপে বাজিমাত করল 'উইমেন ইন ব্লু' । কপিল দেব, মহেন্দ্র সিং ধোনির সঙ্গে একই তালিকায় জায়গা করে নিয়েছেন হরমনপ্রীত কউর, রিচা ঘোষ, স্মৃতি মন্দনা, শেফালী বর্মা, জেমাইমা রড্রিগেজ থেকে শুরু করে দীপ্তি শর্মারা । গোটা দেশ মেতে উঠেছে ভারত কন্যাদের বিশ্বকাপ জয়ের খুশিতে । আর সেই বিশ্বকাপে দেশের অন্যতম সেরা খেলোয়াড় হিসেবে জায়গা করে নিয়েছেন দলের 'পাওয়ার হিটার' বঙ্গতনয়া তথা শিলিগুড়ির মেয়ে রিচা ঘোষ । জয়ের পর থেকেই রিচার জয়ে রাতজাগা তাঁর শহর ৷ এ যেন এক অনবদ্য অনুভূতি ।
রিচার বাড়ির মূল দরজায় ঝুলছে তালা । দীপাবলির আলো এখনও সরানো হয়নি দরজার একপাশে থাকা দোতলা ঘর থেকে । সন্ধ্যার পর বাড়ির সামনেটা অন্ধকার হয়ে গেলেও সেই বাড়ি ঘিরেই দেখা গেল শিলিগুড়ির আবেগ । মহিলা বিশ্বকাপের ফাইনালে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে হরমনপ্রীত কউরের নেতৃত্বে খেলতে নামেন শিলিগুড়ির মেয়ে রিচা ঘোষ । একদিকে গ্লাভস হাতে উইকেট রক্ষকের ভূমিকায় পারদর্শিতা দেখালেন তিনি । পাশাপাশি, ব্যাট হাতে একপ্রকার দুরমুশ করে দিলেন প্রোটিয়াদের ।
বিশ্বকাপ ফাইনাল ঘিরে রবিবার সকাল থেকেই ছিল শহরজুড়ে সাজো সাজো রব । আর হবেই না বা কেন ! দলে রয়েছে যে ঘরের মেয়ে রিচা । তাই আনন্দ উদ্দীপনা যেন দ্বিগুণ । পাড়ার মোড়ে মোড়ে টিভি স্ক্রিন । শিলিগুড়ি পুরনিগমের তরফে বাঘাযতীন পার্কে বসানো হয়েছিল জায়ান্ট স্ক্রিন । সেই স্ক্রিনে খেলা দেখল মেয়র গৌতম দেব-সহ শহরবাসী ।
এই বিষয়ে মেয়র বলেন, "ঘরের কাছেই থাকে । ছোট থেকে ওঁর খেলা দেখছি । ভারত জয়ী হয়েছে এটার যেমন একটা আনন্দ, তেমনই রিচার পারফরম্যান্সেও আমরা দারুণ খুশি ।" ক্রিকেট অনুরাগীদের মতে, "আমরা খুব খুশি । ভারত আজ জিতেছে । রিচার মধ্যে প্রচুর ট্যালেন্ট আছে । ভবিষ্যতে রিচার আরও পারফরম্যান্স দেখা বাকি ।"

ব্যাট হাতে রিচা মাঠে নামতেই এদিন তুমুল উদ্দীপনা দেখা গিয়েছে দর্শকদের মধ্যে । ছোট হলেও 34 রানের একটি দুর্দান্ত ইনিংস উপহার দিয়েছেন রিচা । ফলে, একটা বড় রানের স্কোর তৈরি করতে সক্ষম হয়েছে টিম ইন্ডিয়া । আর জয়ের পর বাঁধভাঙা উচ্ছ্বাসে মেতে ওঠে গোটা শিলিগুড়ি । টি-20 বিশ্বকাপ জয় হোক কিংবা ভারতের পুরুষ দলের পাকিস্তান বধ, শিলিগুড়ির ভেনাস মোড়ে উৎসব শুরু হয় । রিচাদের বিশ্বকাপ জয়ের পর সমান উচ্ছাসে মেতে উঠল গোটা শহর । ভেনাস মোড়ে হাজার হাজার ক্রিকেট অনুরাগীদের ভিড়, ঢাক ঢোল, তাসার আওয়াজ, বাজি ফাটিয়ে রাতভোর চলল উচ্ছ্বাস ৷
জয়ের পর এবার রিচার ঘরে ফেরার অপেক্ষায় শহরবাসী । তাঁকে স্বাগত জানাতে অধীর আগ্রহে দিন কাটাচ্ছেন তাঁরা । ঘরে ফিরলে শহরে আসবে খুশির জোয়ার । শুধু রিচা নয়, বিশ্বকাপ জয়ী রিচা হয়ে ফিরবে ।

