ETV Bharat / state

8 পুরসভায় 600-র বেশি বেআইনি নিয়োগ ! চূড়ান্ত চার্জশিট জমা দিল সিবিআই

সিবিআই-এর চার্জশিটে আইএএস-এর নাম ! আলিপুরের বিশেষ সিবিআই আদালতে জমা পড়ল চার্জশিট ৷

MUNICIPAL RECRUITMENT SCAM
নিজাম প্যালেস ৷ (ইটিভি ভারত)
author img

By ETV Bharat Bangla Team

Published : January 2, 2026 at 8:13 PM IST

2 Min Read
Choose ETV Bharat

কলকাতা, 2 জানুয়ারি: রাজ্যের পুরসভার নিয়োগ দুর্নীতি মামলায় চূড়ান্ত চার্জশিট জমা করল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই ৷ আর সেখানেই উঠে এসেছে বিস্ফোরক তথ্য ৷ সিবিআই সূত্রে খবর, রাজ্যের মোট আটটি পুরসভায় 600-র বেশি বেআইনি নিয়োগ হয়েছে ৷ আলিপুরের বিশেষ সিবিআই আদালতে জমা পড়া এই চার্জশিটে রাজ্যের একাধিক পুরসভার বিরুদ্ধে ব্যাপক অনিয়মের অভিযোগ তুলে ধরা হয়েছে ৷

এই চার্জশিট একজন IAS-এর নামও আছে বলে জানা গিয়েছে ৷ সিবিআই-এর দাবি, অন্তত 8টি পুরসভায় 600-র বেশি চাকরি বেআইনিভাবে দেওয়া হয়েছে ৷ চার্জশিটে উল্লেখ করা হয়েছে, উত্তর ও দক্ষিণ দমদম, কামারহাটি, বরানগর-সহ মোট আটটি পুরসভায় বিভিন্ন পদে টাকার বিনিময়ে এই বেআইনি নিয়োগগুলি হয়েছে ৷ মজদুর, ক্লার্ক, পিওন, অ্যাসিস্ট্যান্ট থেকে শুরু করে ড্রাইভার—একাধিক স্তরে বেআইনি নিয়োগের অভিযোগ উঠে এসেছে তদন্তে ৷

সিবিআই সূত্রের খবর, সংশ্লিষ্ট নিয়োগ প্রক্রিয়ায় কোনও নিয়মিত বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়নি ৷ নিয়োগের ক্ষেত্রে স্বচ্ছ বাছাই প্রক্রিয়া মানা হয়নি এবং অধিকাংশ ক্ষেত্রেই নিয়োগ হয়েছে নির্দিষ্ট মহলের প্রভাব ও আর্থিক লেনদেনের ভিত্তিতে ৷ 2014 সালের পর থেকে কীভাবে একের পর এক পুরসভায় বেআইনি নিয়োগ হয়েছে, তার বিস্তারিত তথ্য চূড়ান্ত চার্জশিটে উল্লেখ করেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ৷

চার্জশিটে আরও বলা হয়েছে, নিয়োগ সংক্রান্ত একাধিক ধাপে গুরুতর অনিয়ম হয়েছে ৷ প্রার্থীদের বাছাইয়ের পদ্ধতি, মেধাতালিকা প্রস্তুত, ইন্টারভিউ বা পরীক্ষার কোনও নির্দিষ্ট নিয়ম মানা হয়নি ৷ কারা এই প্রক্রিয়ার সঙ্গে যুক্ত ছিলেন ? কীভাবে গোটা নিয়োগ ব্যবস্থা পরিচালিত হয়েছে, তা খতিয়ে দেখেছেন সিবিআই-এর তদন্তকারী আধিকারিকরা ৷

প্রসঙ্গত, এই পুর নিয়োগ দুর্নীতি মামলায় আগেই কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাগুলি রাজ্যের বিভিন্ন জায়গায় তল্লাশি অভিযান চালিয়েছিল ৷ একাধিক প্রভাবশালীর বাড়ি ও অফিসে অভিযান হলেও, চূড়ান্ত চার্জশিটে তাঁদের নাম উল্লেখ করা হয়নি বলে জানা গিয়েছে ৷

উল্লেখ, 2023 সালের 21 এপ্রিল কলকাতা হাইকোর্টের নির্দেশে পুরসভায় নিয়োগ সংক্রান্ত দুর্নীতির তদন্তভার সিবিআই-এর হাতে আসে ৷ পরবর্তীতে মামলা সংক্রান্ত আইনি জটিলতা তৈরি হলেও, শেষ পর্যন্ত আদালতের নির্দেশে সিবিআই তদন্ত চালিয়ে যায় ৷ দীর্ঘ তদন্ত পর্বের শেষে এবার চূড়ান্ত চার্জশিট জমা পড়ল আদালতে ৷ এই মামলার পরবর্তী শুনানি ও আইনি পদক্ষেপের দিকেই এখন নজর রাজনৈতিক মহল ও সকলের ৷