ETV Bharat / state

শুভেন্দুর সুরক্ষায় সতর্ক নয় পুলিশ ! হাইকোর্টে ফের মামলা

বুধবার প্রধান বিচারপতি সুজয় পাল ও বিচারপতি পার্থসারথি সেনের ডিভিশন বেঞ্চে এই বিষয়ে দৃষ্টি আকর্ষণ করেন শুভেন্দুর আইনজীবী ।

ETV BHARAT
হাইকোর্টে ফের মামলা শুভেন্দুর (নিজস্ব চিত্র)
author img

By ETV Bharat Bangla Team

Published : February 25, 2026 at 4:06 PM IST

2 Min Read
Choose ETV Bharat

কলকাতা, 25 ফেব্রুয়ারি: বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর নিরাপত্তা নিয়ে সতর্ক নয় পুলিশ ৷ এই অভিযোগে মামলা কলকাতা হাইকোর্টে ৷ অভযোগ, কলকাতা হাইকোর্ট এর আগে শুভেন্দুর নিরাপত্তার বিষয়ে পুলিশকে সতর্ক থাকতে বলার পরও, গতকাল নির্বাচন কমিশনের অফিসে বিরোধী দলনেতাকে ঘিরে বিক্ষোভ দেখানো হয় । তবে তিনি বিক্ষোভের মুখে পড়লেও পুলিশ কোনও ব্যবস্থা গ্রহণ করেনি বলে অভিযোগ । এই মর্মে বুধবার প্রধান বিচারপতি সুজয় পাল ও বিচারপতি পার্থসারথি সেনের ডিভিশন বেঞ্চে দৃষ্টি আকর্ষণ করেন শুভেন্দুর আইনজীবী । মামলা দায়েরের অনুমতি দিয়েছে ডিভিশন বেঞ্চ ।

মঙ্গলবার রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতরের সামনে আচমকাই তীব্র উত্তেজনা ছড়ায় । বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে লক্ষ্য করে জুতো ছোড়ার অভিযোগ ওঠে বিএলও ঐক্য মঞ্চের সদস্যদের বিরুদ্ধে । পালটা হিসেবে শুভেন্দুও হুঁশিয়ারির সুরে বলেন, "এই বিএলও-রা তো স্থায়ী, সব ছবি তোলা থাকছে, মে মাসের পর উলটো করে ঝোলানো হবে !" গোটা ঘটনাকে কেন্দ্র করে রীতিমতো উত্তপ্ত হয়ে ওঠে সিইও অফিস চত্বর । সেখানেই শুভেন্দু যখন বিক্ষোভের মুখে পড়েন, তখন পুলিশ কোনও ব্যবস্থা নেয়নি বলে অভিযোগ করা হয়েছে হাইকোর্টে ৷

উল্লেখ্য, বিরোধী দলনেতা-সহ বিজেপির নেতা-নেত্রীদের যে কোনও অনুষ্ঠানে তৃণমূল কর্মী-সমর্থকরা যাতে কাছাকাছি পৌঁছতে না-পারেন, তার আর্জি জানিয়ে প্রধান বিচারপতির বেঞ্চে দায়ের হওয়া একটি জনস্বার্থ মামলা বর্তমানে বিচারাধীন রয়েছে । এরই মধ্যে নতুন করে ফের বিরোধী দলনেতার নিরাপত্তা সংক্রান্ত বিষয়ে হাইকোর্টে মামলা দায়ের হল ।

কিছুদিন আগে মেদিনীপুরের চন্দ্রকোনায় বিরোধী দলনেতার কনভয়ের উপর আক্রমণ করেছিল দুষ্কৃতীরা । তা নিয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন শুভেন্দু । উলটে পুলিশ তাঁর বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছে বলে আদালতে জানিয়েছিলেন তিনি । সেই মামলায় বিচারপতি শুভ্রা ঘোষ বিরোধী দলনেতার বিরুদ্ধে কোনও রকম কঠোর পদক্ষেপ করার উপর স্থগিতাদেশ জারি করেছিলেন ।

বিরোধী দলনেতার বিরুদ্ধে দায়ের হওয়া একাধিক এফআইআর কলকাতা হাইকোর্ট খারিজ করে দেওয়ার পর শুভেন্দু অধিকারীকে আদালত যে সুরক্ষাকবচ দিয়ে রেখেছিল, তা দিনকয়েক আগে প্রত্যাহার করে নেয় । তারপর কলকাতা হাইকোর্টে একটি জনস্বার্থ মামলা দায়ের করেছিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ও বিজেপি নেতা আইনজীবী তরুণজ্যোতি তিওয়ারি । মামলায় আর্জি জানানো হয়েছিল যে, বিরোধী দলনেতা ও দলের নেত্রীদের নিরাপত্তা ও সুরক্ষা সুনিশ্চিত করুক পুলিশ । সেই মামলাটিও বর্তমানে প্রধান বিচারপতির বেঞ্চেই বিচারাধীন রয়েছে ।