বার কাউন্সিলে আর্থিক দুর্নীতি ! ইডি-সিবিআই তদন্তের দাবিতে মামলা হাইকোর্টে
মামলা দায়ের করার অনুমতি দিয়েছেন বিচারপতি কৃষ্ণা রাও । আগামী 7 জানুয়ারি মামলাটির শুনানি হতে পারে ।

Published : January 6, 2026 at 6:13 PM IST
কলকাতা, 6 জানুয়ারি: পশ্চিমবঙ্গ বার কাউন্সিলের নির্বাচনের আগে খসড়া ভোটার তালিকায় প্রকৃত আইনজীবীদের নাম বাদ দেওয়া হয়েছে ৷ এমন অভিযোগ নিয়ে আগেই কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছে বিভিন্ন রাজনৈতিক দল । এবার আইনজীবী সুবীর সেনগুপ্ত বার কাউন্সিলের ভিতরে ভোটের আগে বিপুল আর্থিক দুর্নীতির অভিযোগ খতিয়ে দেখতে সিবিআই ও ইডি তদন্তের আর্জি জানিয়ে আদালতে মামলা দায়ের করেছেন ।
মামলাকারীর বক্তব্য, ওয়েস্ট বেঙ্গল অ্যাডভোকেট ওয়েলফেয়ার ফান্ডের নামে আইনজীবীদের থেকে টাকা তোলা হয়েছে ৷ কিন্তু সেই টাকা আইনজীবীদের কল্যাণ ছাড়া আর সব কিছুতেই ব্যবহার করা হচ্ছে । এছাড়াও আইনজীবীদের এনরোলমেন্টের সময় যে টাকা নেওয়া হয়, ওকালতনামার যে টাকা দিতে হয়, এই সমস্ত অর্থ কোথায় যাচ্ছে, তার যথাযথ তদন্ত করতে হবে ।
আইনজীবী সুবীর সেনগুপ্ত আলিপুর আদালতে প্র্যাকটিস করেন । তিনি কলকাতা হাইকোর্টে আর্জি জানিয়েছেন, পশ্চিমবঙ্গ বার কাউন্সিলের আর্থিক দুর্নীতিতে ইডিকে দিয়ে তদন্ত করা হোক । তিনি সিবিআই তদন্তেরও আবেদন করেছেন মামলায় । পাশাপাশি পশ্চিমবঙ্গ বার কাউন্সিলের অফিস সিজ করার আবেদনও করা হয়েছে ।
মামলাকারী আইনজীবী সুবীর সেনগুপ্তর বক্তব্য, "2 জানুয়ারি বার কাউন্সিলে দলমত নির্বিশেষে একটা বৈঠক ডাকা হয় ৷ যেখানে বলা হয়, নির্বাচনের জন্য একটা কমিটি তৈরি করা হবে ৷ কলকাতা হাইকোর্টের প্রাক্তন বিচারপতি অসীম রায় ও অন্যান্য ব্যক্তিরা থাকবেন ওই কমিটিতে । তার মানে কমিটি এখনও তৈরিই হয়নি । কমিটি ছাড়াই কীভাবে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয় ? এটা ইলেকশন কমিশনার ছাড়াই তালিকা প্রকাশ করার মতো ? সেটা তো অবৈধ !"
তাঁর কথায়, "পাশাপাশি গোটা রাজ্যে বিগত কয়েক বছরে কীভাবে 11 থেকে 55টি আইন কলেজ গজিয়ে উঠছে ? সমাজে আইনজীবীদের যে গুরুত্ব ছিল সেই গুরুত্বই হারিয়ে যাচ্ছে । ভোটে প্রার্থী হিসাবে মনোনয়ন পত্র জমা দেওয়ার জন্য 1 লক্ষ 25 হাজার টাকা জমা দিতে হবে । যেখানে আইনজীবীদের আর্থিক অবস্থা অত্যন্ত খারাপ পর্যায়ে নেমে গিয়েছে, সেখানে কীভাবে এই অর্থের কথা বলা হয় ? এ তো আইনজীবীদের কাছে ছেঁড়া কাঁথায় শুয়ে লাখ টাকার স্বপ্ন দেখার মতো হয়ে গেল ।"
মামলাকারীর হয়ে আইনজীবী সব্যসাচী চট্টোপাধ্যায় বলেন, "সব কিছুতেই অসীম রায় । কথায় আছে, স্তাবকেরাই সুবিধা পায় । মেসি হল অসীম রায়, লোকাযুক্ত অসীম রায়, এখন বার কাউন্সিলের নির্বাচনেও অসীম রায় । আমরা বলছি অসীম রায়কে দিয়ে নিরপেক্ষ নির্বাচন করা সম্ভব হবে না ।"
উল্লেখ্য, মার্চের মধ্যে রাজ্য বার কাউন্সিলের নির্বাচন শেষ করতে আগেই নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট । সেই নির্বাচন তদারকির জন্য মণিপুর হাইকোর্টের অবসরপ্রাপ্ত প্রধান বিচারপতি ডি কৃষ্ণকুমারের সঙ্গে কলকাতা হাইকোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি অসীমকুমার রায়কে দায়িত্ব নেওয়ার জন্য শীর্ষ আদালতের উচ্চপর্যায়ের কমিটি অনুরোধ করেছে বলে সূত্রের খবর ।
কিন্তু বাম শিবিরের আইনজীবীদের দাবি, সুপ্রিম কোর্ট কি অসীম রায়ের নাম বলেছে ? ইতিমধ্যে একের পর এক অনিয়ম নিয়ে বিরক্ত প্রায় সব জেলার আইনজীবীদের সংগঠন এবং তারা চিঠি দিয়ে কাউন্সিলকে সে কথাও জানিয়েছে । এবার কাউন্সিলের ভিতরে আর্থিক দুর্নীতির তদন্তের দাবিতে দায়ের হল মামলা । আগামী 7 জানুয়ারি মামলাটির শুনানি করার আশ্বাস দিয়েছেন বিচারপতি কৃষ্ণা রাও ।

