বাতিল রবির ছুটি, অন্নপূর্ণা যোজনার ফর্ম নিয়ে আজই উপভোক্তাদের দুয়ারে কেএমসি'র কর্মীরা
বরো ও ওয়ার্ড অফিসে পৌঁছে দেওয়া হল অন্নপূর্ণা যোজনার ফর্ম ৷ কলকাতা পুরনিগমের বিভিন্ন বিভাগের সাতশো কর্মীকে নিয়োগ ৷

Published : May 31, 2026 at 5:28 PM IST
কলকাতা, 31 মে: ভোটের আগে দেওয়া প্রতিশ্রুতি অনুযায়ী, 1 জুন থেকে বিজেপির সরকার তিন হাজার টাকা করে দেবে রাজ্যের 25 বছরের উপরের মহিলাদের ৷ সেই মতো মে মাসের শেষ রবিবারেও, এই প্রকল্পের কাজের জন্য নির্দেশিকা জারি করে ছুটি বাতিল করা হয়ছে কলকাতা পুরনিগমের কর্মী ও আধিকারিকদের ৷ কারণ, রবিবার থেকেই অন্নপূর্ণা যোজনার ফর্ম নিয়ে উপভোক্তাদের বাড়িতে পৌঁছাতে হবে পুরকর্মীদের ৷ শুধু তাই নয়, আবেদনপত্র পূরণে সাহায্যও করতে হবে তাঁদের ৷
এ দিন রবিবার হলেও ছুটি বাতিল হয়েছে কলকাতা কর্পোরেশনের কর্মীদের ৷ জানা গিয়েছে, বিভিন্ন বিভাগের 700 জন কর্মীকে এই কাজের জন্য অতিরিক্ত নিয়োগ করা হয়েছে ৷ কেন্দ্রীয় ভবন, বরো ও ওয়ার্ড অফিসগুলিতে অন্নপূর্ণা যোজনার ফর্ম বিতরণ ও তা পূরণের কাজ শুরু হয়েছে ৷ জানা গিয়েছে, ইতিমধ্যেই কেন্দ্রীয় ভবনের সামাজিক ক্ষেত্র বিভাগ থেকে বিভিন্ন বরোতে পাঠানো হয়েছে আবেদনপত্রগুলি ৷

শুধু পুর কর্মীরা নন, এই কাজের জন্য ডাক পড়েছে বুথ লেভেল অফিসার বা বিএলও-দের ৷ সবাইকে আবেদনপত্র নিয়ে নাগরিকদের বাড়ি বাড়ি যাওয়ার কথা বলা হয়েছে পুর কর্তৃপক্ষের তরফে ৷ তবে, শুধু আবেদনপত্র বিতরণ নয় ৷ 12 পাতার আবেদনপত্র পূরণে সাহায্য করবেন তাঁরা ৷ সঙ্গে পর্যাপ্ত নথিও খতিয়ে দেখবেন ৷ এই প্রকল্পের আওতায় আসার জন্য যে মাপকাঠি ঠিক করেছে সরকার, সেগুলি আবেদনকারীর সঙ্গে বাস্তবে মিলছে কি না, তা খতিয়ে দেখতে হবে ৷ এমনকি এই কাজে কোনও ফাঁকি দেওয়া যাবে না-বলে নির্দেশ দিয়েছে প্রশাসনে ৷
এ দিন কলকাতা কর্পোরেশনের সামাজিক ক্ষেত্র বিভাগ থেকে বরো ও ওয়ার্ড অফিসগুলিতে আবেদনপত্র পাঠানো হয় ৷ সেই সঙ্গে পুরনিগমের কর্মীদের বিভিন্ন এলাকায় পাঠানো হয়েছে ৷ সূত্রের খবর, কিছু জায়গায় আজ থেকেই এই আবেদনপত্র পূরণের জন্য বাড়ি বাড়ি লোক যাওয়া শুরু হয়েছে ৷

তবে, বিএলও-দের মধ্যে একাংশ অন্নপূর্ণা যোজনার ফর্ম বিতরণ ও তা পূরণ করার কাজের নির্দেশের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেছেন ৷ তাঁদের কথায়, "আমরা ছুটির দিনে এই কাজ করলে, আমাদের কী হবে ? কী পাব ? ভোটপর্বে নির্দিষ্ট ভাতা ছিল কাজ করার জন্য ৷ কিন্তু, এই ক্ষেত্রে সেটা নেই ৷"
অন্যদিকে, কলকাতা পুরনিগমে অনেকেই এ দিন প্রশাসনিক নির্দেশ মেনে অফিসে এসেছেন ৷ সেই সব কর্মী ও আধিকারিকদের হাজিরা দেওয়া নিয়েও জটিলতা তৈরি হয় ৷ অভিযোগ, তাঁদের সাদা খাতায় সই করতে বলা হয় ৷ যে প্রস্তাবে রাজি হয়নি অনেকেই ৷ তাঁরা দাবি, কলকাতা পুরনিগমের লোগো দেওয়া প্যাডে সই করাতে হবে ৷ অনেককে আবার উপস্থিতির প্রমাণ হিসাবে গ্রুপ ছবি তুলে রাখতে দেখা যায় ৷

