ETV Bharat / state

সুন্দরবনে বাঘ সুমারি, বসছে অত্যাধুনিক ইনফ্রা-রে ক্যামেরা

320টি ইনফ্রা-রে ক্যামেরায় হবে রয়্যাল বেঙ্গল টাইগার গণনা ৷ দক্ষিণ 24 পরগনায় সুন্দরবনের 4100 বর্গ কিলোমিটারে নজরদারি বনবিভাগের ৷

TIGER CENSUS IN SUNDARBANS
সুন্দরবনে বাঘ সুমারির জন্য লাগানো হচ্ছে ইনফ্রা-রে ক্যামেরা ৷ (ছবি- বন দফতর)
author img

By ETV Bharat Bangla Team

Published : November 26, 2025 at 5:25 PM IST

3 Min Read
Choose ETV Bharat

সুন্দরবন, 26 নভেম্বর: সুন্দরবনে শুরু হচ্ছে বাঘ গণনা অর্থাৎ, সুমারি ৷ তার জন্য বন দফতরের তরফে সুন্দরবন অভয়ারণ্যে লাগানো হচ্ছে ইনফ্রা-রে ট্র্যাপ ক্যামেরা ৷ আর এই বাঘ সুমারির জন্য শীতের ভরা পর্যটন মরশুমে পর্যটকদের জন্য বন্ধ হতে চলেছে সুন্দরবন ৷ আগামী 30 নভেম্বর পর্যন্ত অত্যাধুনিক ইনফ্রা-রে ক্যামেরা বসানোর কাজ চলবে ৷

দক্ষিণ 24 পরগনার বন দফতরের অধীনে থাকা সুন্দরবনের গভীর জঙ্গলে মোট 320টি ইনফ্রা-রে ক্যামেরা বসানো হচ্ছে ৷ যার মধ্যে মাতলা রেঞ্জে 40টি, রায়দিঘি রেঞ্জে 140টি ও রামগঙ্গা রেঞ্জে 140টি ক্যামেরা লাগানো হবে ৷ মাতলা রেঞ্জে একটি ও রায়দিঘি এবং রামগঙ্গা রেঞ্জে বন দফতরের চারটে দল ক্যামেরা লাগানোর কাজ করছে ৷

সুন্দরবনে বাঘ সুমারির জন্য লাগানো হচ্ছে ইনফ্রা-রে ক্যামেরা ৷ (ভিডিয়ো- বন দফতর)

সব মিলিয়ে দক্ষিণ 24 পরগনার অংশ 4100 বর্গ কিলোমিটার এলাকায় 320টি ক্যামেরায় নজরদারির মাধ্যমে রয়্যাল বেঙ্গল টাইগারের গণনা চলবে ৷ মোটি 45 দিন ধরে জঙ্গলের ভিতরে ইনফ্রা-রে ক্যামেরাগুলিতে ভিডিয়ো রেকর্ড হবে ৷ 45 দিন পরে ক্যামেরাগুলি খুলে নিয়ে আসবেন বনকর্মীরা ৷ এরপর বিশেষজ্ঞরা ক্যামেরায় বন্দি হওয়া বাঘের ছবি দেখে তার গায়ের কালো ডোরা দাগ মিলিয়ে গণনার কাজ করবেন ৷

বাঘ সুমারিতে শুধু গণনা করা হয় না ৷ সেখানে বাঘেদের গতিবিধি ও আচরণ পর্যবেক্ষণ করেন বন দফতরের বাঘ বিশেষজ্ঞরা ৷ এবার তারই সঙ্গে বাঘেদের খাবারের যোগানের পরিমাণ কেমন, তাও যাচাই করা হবে 320টি ক্যামেরার ফুটেজ দেখে ৷ অর্থাৎ, সুন্দরবনের জঙ্গলে তৃণভোজী যেমন হরিণ, বুনো শুকর-সহ অন্যান্য প্রাণীর উপস্থিতি পর্যালোচনা করা হবে ৷ এবারই প্রথম এই উদ্যোগ নেওয়া হচ্ছে ৷ এই কাজের জন্য একটি অ্যাপও তৈরি করা হয়েছে ৷

সুন্দরবন টাইগার রিজার্ভের এক আধিকারিক বলেন, "সুন্দরবনের জঙ্গলে বাঘের পর্যাপ্ত খাবার রয়েছে কি না, সেটা জানা খুবই জরুরি ৷ কারণ এই তথ্যের উপর ভিত্তি করে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে ৷ দক্ষিণ 24 পরগনার আঞ্চলিক বন বিভাগ এবং সুন্দরবন ব্যাঘ্র প্রকল্পের আওতাধীন জঙ্গলে একসঙ্গে এই সুমারির কাজ হবে বলে ঠিক হয়েছে ৷"

ক্যামেরা কীভাবে বসাতে হবে, তার জন্য বনকর্মীদের একপ্রস্থ প্রশিক্ষণ দেওয়া হয়েছে বলে জানান তিনি ৷ সূত্রের খবর, সব মিলিয়ে আড়াইশো কর্মীকে বিভিন্ন জায়গায় নিযুক্ত করা হয়েছে এই গণনা কাজের জন্য ৷ টাইগার রিজার্ভের আধিকারিক বলছেন, "বাঘেদের আচরণ, দৌড়ে শিকার ধরার পদ্ধতি, শাবকদের নিয়ে মায়ের গতিবিধি, এসব আগেরবার ধরা পড়েছিল ৷ এবারও আশা করা যাচ্ছে, অনেক অজানা তথ্য হাতে আসবে ৷ বছর দুই আগে সুন্দরবনে বাঘের সংখ্যা ছিল 96টি ৷ মনে করা হচ্ছে, এই বাদাবনে এখন একশোরও বেশি বাঘের বসবাস ৷"

ব্যাঘ্র প্রকল্পের আরেক আধিকারিক বলেন, "শান্ত পরিবেশে, সুষ্ঠুভাবে বাঘ গণনা করার জন্য বিভিন্ন পদক্ষেপ করা হচ্ছে ৷ ইতিমধ্যেই প্রশিক্ষণ দেওয়া হয়েছে কর্মীদের ৷ যাতে সঠিকভাবে বাঘের পরিসংখ্যান পাওয়া যায়, তার দিকেও নজর রাখা হচ্ছে ৷ আশা করা হচ্ছে, এবার বাঘের সংখ্যা অনেকটাই বাড়বে ৷"