তৃণমূলের ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ মামলা, প্রাক্তন বিচারপতির নেতৃত্বে কমিটি গঠনে মতামত চাইল আদালত
মমতা-পন্থী তৃণমূলের ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ করার মামলায় একটি কমিটি গঠন করতে চায় কলকাতা হাইকোর্ট ৷ কমিটি গঠনে সব পক্ষের মতামত জানতে চাইলেন বিচারপতি ৷

Published : July 8, 2026 at 6:05 PM IST
কলকাতা, 8 জুলাই: কালীঘাট তৃণমূলের ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ করার মামলায় কলকাতা হাইকোর্টের প্রাক্তন বিচারপতি সুব্রত তালুকদারের নেতৃত্বে কমিটি গঠন করতে চায় আদালত ৷ কিন্তু ওই বিচারপতির পুত্র আইনজীবী এবং এই মামলায় একটি পক্ষের হয়ে সওয়াল করছেন ৷ তাই বিচারপতি সুব্রত তালুকদারকে কমিটির দায়িত্ব দেওয়া নিয়ে কারও আপত্তি থাকলে তা আদালতে জানাতে বলেছেন বিচারপতি সৌগত ভট্টাচার্য ৷
আগামিকাল ফের এই মামলার শুনানি হবে ৷ সব পক্ষের বক্তব্য জানার পর সিদ্ধান্ত গ্রহণ করবেন বলে জানিয়েছেন বিচারপতি ৷ অন্যদিকে কালীঘাট-তৃণমূলের তরফে আইনজীবী কিশোর দত্ত এদিন আদালতে জানিয়েছেন, আরও বেশ কয়েকটি অ্যাকাউন্টের লেনদেন বন্ধ করে দেওয়া হয়েছে ৷ সে ব্যাপারে তারা অতিরিক্ত হলফনামা জমা দিতে চান ৷ বিচারপতি বৃহস্পতিবার মামলাটির শুনানির সময় সেই হলফনামা জমা দিতে বলেছেন ৷
উল্লেখ্য, কালীঘাট তৃণমূলের ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ করা নিয়ে দায়ের হওয়া মামলায় কলকাতা হাইকোর্টের বিচারপতি সৌগত ভট্টাচার্য গত 2 জুলাই তৃণমূল কংগ্রেসের ব্যাঙ্ক অ্যাকাউন্টের আর্থিক লেনদেন, মোট আমানত নিয়ে হলফনামা তলব করেন ৷ এইচডিএফসি ব্যাঙ্কের সেন্ট্রাল প্লাজা ব্রাঞ্চের ম্যানেজারকে তৃণমূলের আর্থিক তহবিলের মোট আমানত, ব্যাঙ্কের লেনদেন সংক্রান্ত তথ্য নিয়ে হলফনামা জমা দিতে নির্দেশ দিয়েছিলেন বিচারপতি সৌগত ভট্টাচার্য ৷
এদিন মামলার শুনানি থাকলেও গতকাল সলিসিটর জেনারেল তুষার মেহেতা আবেদন জানান মামলাটি বৃহস্পতিবার শুনানি করতে ৷ সেজন্য আজ কোনও শুনানি হয়নি মামলার ৷ তবে তৃণমূল অতিরিক্ত হলফনামা জমা দেওয়ার আর্জি জানিয়েছেন ৷
বিধানসভা ভোটে পরাজয়ের পর তৃণমূল দ্বিধাবিভক্ত হয়ে গিয়েছে ৷ উলুবেড়িয়া পূর্বের তৃণমূল বিধায়ক ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে একটি পৃথক তৃণমূল দল তৈরি হয়েছে ৷ এই দলের সদস্য প্রাক্তন ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস কলকাতার একটি বেসরকারি ব্যাঙ্কের ‘সেন্ট্রাল প্লাজা’ শাখার ম্যানেজারকে দু’পাতার একটি চিঠি লেখেন ৷
গত 12 জুন লেখা এই চিঠিতে অরূপ বিশ্বাস ওই অ্যাকাউন্টগুলির ক্ষেত্রে ‘স্থিতাবস্থা’ (status quo) বজায় রাখার আবেদন জানান ৷ তিনি ম্যানেজারের কাছে অনুরোধ জানান, যেন দলের নিয়ন্ত্রণ সংক্রান্ত বিরোধের নিষ্পত্তি না-হওয়া পর্যন্ত কোনও ওই অ্যাকাউন্টগুলিতে ডেবিট লেনদেন বা পরিচালনার নির্দেশাবলীতে (operational mandates) কোনও পরিবর্তন করার অনুমতি না-দেওয়া হয় ৷
এদিকে তাৎপর্যপূর্ণভাবে, এই চিঠি দেওয়ার সাতদিন আগে গত 5 জুন মমতা বন্দ্যোপাধ্যায়ের শিবির সাংগঠনিক রদবদলের সময় অরূপকে কোষাধ্যক্ষের পদ থেকে সরিয়ে দেয় এবং প্রাক্তন সাংসদ শুভাশিস চক্রবর্তীকে ওই পদে নিযুক্ত করা হয়েছিল ৷ বিধায়ক ঋতব্রত বন্দ্যোপাধ্যায় এই অ্যাকাউন্টগুলিতে তদন্ত করার দাবি তোলেন ৷
এরপর গত 18 জুন এফআইআর দায়ের করে এই ঘটনায় তদন্ত শুরু করে পুলিশ ৷ ফ্রিজ করে রাখা হয়েছে ব্যাঙ্কের অ্যাকাউন্ট ৷ সেই অ্যাকাউন্টের লেনদেন চালু করতে কলকাতা হাইকোর্টে আবেদন জানিয়েছিল কালীঘাট তৃণমূল ৷

