ETV Bharat / state

যাদবপুর বিশ্ববিদ্যালয়ের অশান্তিতে ফের কলকাতা হাইকোর্টের দৃষ্টি আকর্ষণ, আগামী সপ্তাহে শুনানি

গত 20 অগস্ট যাদবপুর বিশ্ববিদ্যালয়ে এভিবিপি ও বাম ছাত্র সংগঠনের মধ্যে অশান্তির ঘটনায় দ্বিতীয়বার আদালতে শুনানির আর্জি জানিয়ে মামলা দায়ের হল ৷

Calcutta High Court
কলকাতা হাইকোর্ট (ফাইল ছবি)
author img

By ETV Bharat Bangla Team

Published : August 27, 2026 at 2:03 PM IST

3 Min Read
Choose ETV Bharat

কলকাতা, 27 অগস্ট: যাদবপুর বিশ্ববিদ্যালয়ে সাম্প্রতিক অশান্তির ঘটনায় কলকাতা হাইকোর্টের হস্তক্ষেপ চেয়ে ফের ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি তপোব্রত চক্রবর্তী ও বিচারপতি অতরূপ বন্দ্যোপাধ্যায়ের ডিভিশন বেঞ্চের দৃষ্টি আকর্ষণ ৷ এর আগে 21 অগস্ট আবেদন করলেও জরুরি ভিত্তিতে শুনানির আবেদন খারিজ করে দিয়েছিল ভারপ্রাপ্ত প্রধান বিচারপতির বেঞ্চ ৷

আইনজীবী রীতঙ্কর দাস এদিন ভারপ্রাপ্ত প্রধান বিচারপতির দৃষ্টি আকর্ষণ করে জানান, যাদবপুর বিশ্ববিদ্যালয়ে বহিরাগতদের প্রবেশ বন্ধ করতে 2025 সালে একটি মামলা দায়ের করেছিলেন তিনি ৷ সেই মামলায় তৎকালীন প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানম বেশ কিছু নির্দেশ জারি করেছিলেন ৷ মামলাটি এখান প্রধান বিচারপতির বেঞ্চেই বিচারাধীন রয়েছে ৷

যাদবপুর বিশ্ববিদ্যালয়ের জিবি মিটিংকে কেন্দ্র করে বাম ও এবিভিপি পড়ুয়াদের মধ্যে সংঘর্ষকে কেন্দ্র করে কলকাতা হাইকোর্টে মামলা দায়ের করে দ্রুত শুনানির আবেদন জানিয়েছিলেন হাইকোর্টেরই এক আইনজীবী । আবেদনকারীর দাবি, ইতিমধ্যে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের একটি মামলা বিচারাধীন রয়েছে প্রধান বিচারপতির বেঞ্চে ৷ ওই মামলার সঙ্গে 20 অগস্টের ঘটনাকে সংযুক্ত করে দ্রুত শুনানি গ্রহণ করা হোক ৷ কিন্তু তাঁর আবেদন খারিজ করে দেন ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি ৷ তিনি মামলা দায়েরের পরামর্শ দেন ৷ মামলা তালিকাভুক্ত হলে শুনানি করা হবে বলে জানিয়েছিল বেঞ্চ ৷

সম্প্রতি জিবি (জেনারেল বডি মিটিং)-কে কেন্দ্র করে ফের উত্তপ্ত হয়ে ওঠে যাদবপুর বিশ্ববিদ্যালয় ৷ বহিরাগতরা বিশ্ববিদ্যালয়ের ভিতরে প্রবেশ করে অশান্তি সৃষ্টি করেছিল বলে অভিযোগ ৷ এই পরিস্থিতিতে কলকাতা হাইকোর্টের হস্তক্ষেপ প্রয়োজন ৷ ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি তপোব্রত চক্রবর্তীর বেঞ্চ জানিয়েছে আগামী সপ্তাহে তিনি এই আবেদনের শুনানি করবেন ৷

গত বিশ্ববিদ্যালয়ের জিবি মিটিংকে কেন্দ্র করে দুই পক্ষের ছাত্রদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। বেশ কিছু ছাত্রছাত্রীকে হাসপাতালে ভর্তি করতে হয়েছিল ৷ পাশাপাশি বামেদের পতাকা পোড়ানোর অভিযোগ উঠেছে দুস্কৃতীদের বিরুদ্ধে। ইতিমধ্যে আজকে দুই পক্ষই প্রতিবাদ মিছিলের ডাক দিয়েছে ৷

এই অশান্তির ঘটনায় ইতিমধ্যে একাধিক অভিযোগ দায়ের হয়েছে যাদবপুর থানায় ৷ একটি অভিযোগ জানিয়েছেন উপাচার্য চিরঞ্জীব ভট্টাচার্য ৷ তাঁর অভিযোগ, 20 অগস্ট রাত 12টা 37 মিনিটের পর একদল অজ্ঞাতপরিচয় ব্যক্তি, বহিরাগত জোরপূর্বক যাদবপুর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে প্রবেশ করে ৷ এরপর তারা অগ্নিসংযোগ, ভাঙচুর এবং হুমকি দেয় ৷ বাম ও এবিভিপির সমর্থকদের মধ্যে অশান্তি ছড়িয়ে পড়ে ৷

এরপরের দিন দুপুরেও দুই দলের ছাত্র সংগঠনের মধ্যে সংঘর্ষ চলতে থাকে ৷ তাণ্ডবের জেরে বিশ্ববিদ্যালয়ের গেটে লাগানো ঐতিহ্যবাহী লোগোটি ভেঙে নীচে পড়ে যায় ৷ পরের দিন সেই প্রতীক আবার মেরামত করে যথাস্থানে স্থাপন করা হয় ৷

উল্লেখ্য এর আগে তৃণমূল সরকারের আমলে প্রাক্তন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু বিশ্ববিদ্যালয়ে একটা অনুষ্ঠানে গেলে তাঁকে ঘিরে অশান্ত হয়ে ওঠে ক্যাম্পাস ৷ মন্ত্রীর গাড়ি বিক্ষোভকারী পড়ুয়াদের গায়ের উপর দিয়ে চালিয়ে দেওয়ার অভিযোগ উঠেছিল ৷ তারপর বিশ্ববিদ্যালয়ের ভিতরে বিশ্ববিদ্যালয়ের অনুষ্ঠান ছাড়া অন্য কোনও অনুষ্ঠান করা যাবে না বলে নির্দেশ জারি করে কলকাতা হাইকোর্ট ৷ পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা ও সুরক্ষায় সিসিটিভি লাগানো-সহ নিরাপত্তা রক্ষী মোতায়েন করতে নির্দেশ দেওয়া হয়েছিল ৷

ইতিমধ্যে যাদবপুর বিশ্ববিদ্যালয় ঘটে যাওয়ার ঘটনার প্রেক্ষিতে এই তদন্ত কমিটি গঠন করা হয়েছে ৷ পাঁচ সদস্যের এই তদন্ত কমিটির চেয়ারম্যান হন কলকাতা হাইকোর্টের প্রাক্তন বিচারপতি প্রণব কুমার চট্টোপাধ্যায় ৷