জোন বদলে ইন্টারভিউ নিতে পারবে না এসএসসি, নির্দেশ হাইকোর্টের
শারীরিক অসুস্থতা বা অন্য কারণে জোন বদলে ইন্টারভিউয়ে স্থগিতাদেশ দিল কলকাতা হাইকোর্ট ৷ এসএসসি-র যুক্তি, এমন জোন বদলে ইন্টারভিউ নেওয়া হলে অনেকেই সুবিধা নিতে চাইবে।

Published : December 29, 2025 at 8:59 PM IST
কলকাতা, 29 ডিসেম্বর: 'জোন' বদলে ইন্টারভিউ নিতে পারবে না এসএসসি ৷ এ সংক্রান্ত পূর্ববর্তী নির্দেশের উপর স্থগিতাদেশ দিল কলকাতা হাইকোর্ট। সোমবার অন্তর্বর্তী স্থগিতাদেশ দিল বিচারপতি রবি কৃষ্ণ কাপুর ডিভিশন বেঞ্চের। বিশেষ পরিস্থিতি বা শারীরিক অসুস্থতার কারণে জোন বদলে ইন্টারভিউ নিতে নির্দেশ দিয়েছিলেন বিচারপতি সৌগত ভট্টাচার্য। এবার সেই নির্দেশ খারিজ হয়ে গেল ৷
গত 19 ডিসেম্বর দক্ষিণ-পূর্ব জোনে শারীরিক অসুস্থতায় ইন্টারভিউতে বসতে পারেননি নবম-দশমের প্রার্থী রিঙ্কু সেন। তিনি আদালতের দ্বারস্থ হন ৷ তখন অন্য জোনে ইন্টারভিউয়ের ব্যবস্থা করতে এসএসসিকে নির্দেশ দিয়েছিল একক বেঞ্চ। নির্দেশের বিরুদ্ধে ডিভিশন বেঞ্চে মামলা করে স্কুল সার্ভিস কমিশন। এসএসসির যুক্তি, বিশেষ পরিস্থিতি দেখিয়ে এমন জোন বদলে ইন্টারভিউ নেওয়ার নির্দেশ দেওয়া হলে অনেকেই সেই সুবিধা নিতে চাইবেন। নিয়োগ প্রক্রিয়ায় তার প্রভাব পড়বে। এসএসসির সওয়াল শুনে একক বেঞ্চের নির্দেশের উপর স্থগিতাদেশ দিয়েছে কলকাতা হাইকোর্টের শীতকালীন অবকাশকালীন ডিভিশন বেঞ্চ। আগামী 5 জানুয়ারি আদালতের ছুটির পর নিয়মিত বেঞ্চে হবে ফের মামলার শুনানি।
উল্লেখ্য, রিঙ্কু সেন এসএসসি 2025 সালের নবম-দশমের ইন্টারভিউতে ডাক পেয়েছিলেন। 19 ডিসেম্বর তাঁর ইন্টারভিউয়ের দিন ছিল। দক্ষিণ-পূর্ব জোনে তাঁকে ইন্টারভিউয়ের জন্য ডাকা হয়েছিল। তাঁর দাবি, ওই দিন অসুস্থ থাকায় ইন্টারভিউ বোর্ডে তিনি হাজির হতে পারেননি। কলকাতা হাইকোর্টে বিচারপতি সৌগত ভট্টাচার্যের এজলাসে তিনি মামলা দায়ের করেন। দাবি করেন, অসুস্থতার কারণে ইন্টারভিউ দিতে না-পারায় তাঁকে অন্য জোনে ইন্টারভিউয়ের ব্যবস্থা করা হোক।
বিচারপতি সৌগত ভট্টাচার্য এসএসসি-কে নির্দেশ দেন নতুন করে অন্যজনে ইন্টারভিউ নিতে হবে রিঙ্কুর। সেই রায়কেই চ্যালেঞ্জ জানিয়ে এসএসসি কর্তৃপক্ষ ডিভিশন বেঞ্চে আবেদন জানায়। মামলার শুনানিতে স্কুল সার্ভিস কমিশনের আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায় বলেন, " কোনও একজন প্রার্থীকে এই ধরনের সুবিধা দেওয়া হলে একাধিক প্রার্থী এই দাবি জানাবেন। নিয়োগ প্রক্রিয়ায় সমস্যা সৃষ্টি হবে।" কিন্তু বিচারপতি সৌগত ভট্টাচার্যের বেঞ্চ নির্দেশে জানিয়েছিল, রিঙ্কু সেন শারীরিক অসুস্থতার জন্য হাজির হতে পারেননি। পাশাপাশি আর্থিক দিক থেকেও তাঁর পরিবারে সমস্যায় রয়েছে। ফলে তাঁকে অন্য জোনে ইন্টারভিউ নিতে হবে কমিশনকে। সেই নির্দেশকেই চ্যালেঞ্জ জানিয়ে ডিভিশন বেঞ্চে আপিল করে কমিশন। সেই মামলাতেই বড় নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট ৷

