ETV Bharat / state

সিইও দফতরের বাইরে শুভেন্দুকে 'জুতো': পুলিশের কাছে রিপোর্ট তলব হাইকোর্টের

শীঘ্রই বিরোধী দলনেতার নিরাপত্তা বৃদ্ধির নির্দেশ কলকাতা হাইকোর্ট প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চের ৷ সিইও দফতরের 200 মিটারের মধ্যে জমায়েতে নিষেধাজ্ঞা আরোপের আবেদন ৷

SHOE HURLED TO SUVENDU ADHIKARI
সিইও দফতরের বাইরে শুভেন্দু অধিকারীকে জুতো ছোড়ার ঘটনা ৷ (ফাইল ছবি)
author img

By ETV Bharat Bangla Team

Published : February 27, 2026 at 4:27 PM IST

2 Min Read
Choose ETV Bharat

কলকাতা, 27 ফেব্রুয়ারি: রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতরের বাইরে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে ঘিরে বিক্ষোভ ও জুতো ছোড়ার ঘটনায় এবার রাজ্য পুলিশের কাছে রিপোর্ট তলব করল কলকাতা হাইকোর্ট ৷ 5 মার্চ রাজ্য পুলিশকে রিপোর্ট জমা করতে নির্দেশ দিয়েছে প্রধান বিচারপতি সুজয় পাল এবং বিচারপতি পার্থসারথি সেনের ডিভিশন বেঞ্চ ৷ পাশাপাশি, বিরোধী দলনেতার নিরাপত্তা বৃদ্ধির নির্দেশ আদালতের ৷

এ দিন শুনানিতে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর আইনজীবী নির্বাচন কমিশনের ভূমিকা নিয়ে সওয়াল তোলেন আদালতে ৷ সেখানে তিনি বলেন, "রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতরের প্রবেশদ্বার বন্ধ করে কীভাবে বিক্ষোভ দেখানোর অনুমতি দেয় নির্বাচন কমিশন, তা নিয়ে সংশয় রয়েছে ৷"

এরপরেই শুভেন্দুর আইনজীবী হাইকোর্টে দাবি তোলেন, মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতরের ওই ভবনের 200 মিটারের মধ্যে যাতে কোনওরকম বিক্ষোভ, সভা না-হয়, সেই নির্দেশ দিক আদালত ৷ পাশাপাশি, শুভেন্দু অধিকারীর নিরাপত্তার বিষয়ে রাজ্য পুলিশের ভূমিকা নিয়েও সওয়াল তোলেন শুভেন্দুর আইনজীবী ৷ যা নিয়ে দ্রুত রাজ্য পুলিশকে পুরো ঘটনার রিপোর্ট দিতে নির্দেশ দেন কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি ৷

পাশাপাশি, এই মুহূর্তে রাজ্য বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে পর্যাপ্ত নিরাপত্তা দিতে নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট ৷ শুভেন্দুর নিরাপত্তার বিষয়টি নিয়ে সরকার পক্ষের আইনজীবী আশ্বাস দিলেও, 24 ফেব্রুয়ারি শুভেন্দুকে জুতো ছুড়ে মারার ঘটনায় রিপোর্ট দিতে সময় চাওয়া হয় ৷ রাজ্যের আইনজীবী আদালতকে জানান, সরকার এই ঘটনার রিপোর্ট দিতে প্রস্তুত ৷ কিন্তু, তার জন্য 5 মার্চ পর্যন্ত সময় চেয়ে নেন সরকার পক্ষের আইনজীবী ৷

এরপরেই প্রধান বিচারপতি সুজয় পালের ডিভিশন বেঞ্চ পুলিশের রিপোর্টের জমা দেওয়ার জন্য 5 মার্চ পর্যন্ত সময় দেয় ৷ ওই দিনই মামলার পরবর্তী শুনানি হবে ৷ উল্লেখ্য, গত 24 ফেব্রুয়ারি বিধানসভার বিরোধী দলনেতা রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতরে যান ৷ সেখানে পৌঁছানোর পর, সিইও দফতরের বাইরে চলা বিএলও মঞ্চের বিক্ষোভ থেকে একটি জুতো ছুড়ে মারা হয় বলে অভিযোগ ৷ তবে, অল্পের জন্য সেই জুতোর আঘাত থেকে বেঁচে যান শুভেন্দু অধিকারী ৷ এরপরেই কলকাতা হাইকোর্টে মামলা করেন বিরোধী দলনেতা ৷

মামলায় অভিযোগ করা হয়, বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর নিরাপত্তা নিয়ে সতর্ক নয় রাজ্য পুলিশ প্রশাসন ৷ কলকাতা হাইকোর্ট এর আগে শুভেন্দুর নিরাপত্তার বিষয়ে পুলিশকে সতর্ক থাকতে বলার পরেও, বুধবার মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতরে বিরোধী দলনেতাকে ঘিরে বিক্ষোভ দেখানো হয় । অভিযোগ, তিনি বিক্ষোভের মুখে পড়লেও পুলিশ কোনও ব্যবস্থা গ্রহণ করেনি ৷