ETV Bharat / state

প্রশ্ন ভুলের চ্যালেঞ্জ করার জন্য SSC কত টাকা তুলেছে? হলফনামা চাইল হাইকোর্ট

2025 স্কুল সার্ভিস কমিশনের পরীক্ষায় প্রশ্নে ভুলের বিষয়ে চ্যালেঞ্জ জানাতে বেআইনিভাবে টাকা নেওয়া হয়েছে বলে অভিযোগ কলকাতা হাইকোর্টে ৷

Calcutta High Court
কলকাতা হাইকোর্ট (নিজস্ব ছবি)
author img

By ETV Bharat Bangla Team

Published : February 23, 2026 at 7:09 PM IST

3 Min Read
Choose ETV Bharat

কলকাতা, 23 ফেব্রুয়ারি: 2025 সালের স্কুল সার্ভিস কমিশনের পরীক্ষায় প্রশ্নে ভুল ৷ সেই ভুলের বিরুদ্ধে চ্যালেঞ্জ জানানোর জন্য প্রশ্ন প্রতি 100 টাকা করে বেআইনিভাবে নেওয়া হয়েছে বলে অভিযোগ ৷ সেই মামলায় এসএসসির কাছে হলফনামা চাইল কলকাতা হাইকোর্ট ৷

সোমবার মামলার শুনানিতে বিচারপতি অমৃতা সিনহা নির্দেশ দিয়েছেন, এসএসসি এমন কত টাকা তুলেছে, আর প্রার্থীদের দাবি সঠিক হলে শর্ত অনুযায়ী প্রার্থীদের কত টাকা ফেরত দেওয়া হয়েছে, কত প্রশ্ন শেষ পর্যন্ত ভুল প্রমাণিত হয়েছে, কত গুলো অভিযোগ জমা হয়েছে - এর বিস্তারিত তথ্য জানিয়ে চার সপ্তাহের মধ্যে কলকাতা হাইকোর্টকে রিপোর্ট দিতে হবে । কারণ স্কুল সার্ভিস কমিশনের আইনে চ্যালেঞ্জের ক্ষেত্রে টাকা নেওয়ার কোনও বিধান নেই ।

স্কুল সার্ভিস কমিশনের আইনজীবী বিশ্বরূপ ভট্টাচার্য জানিয়েছেন, প্রায় 1 লাখ 29 হাজার এই রকম অভিযোগ জমা পড়েছিল । কিন্তু বিস্তারিত তথ্য দিতে সময় দিতে হবে । পাশাপাশি আইনজীবী বলেন, "মামলাকারীরা 67 জন এডুকেশন বিষয়ের প্রার্থী । তাঁদের দাবি ছিল, কিছু প্রশ্নের উত্তরে নম্বর দেওয়ার ক্ষেত্রে কমিশন ভুল করেছে । তার সঙ্গে এই দাবির যোগ নেই । মামলা খারিজ করে দেওয়া উচিত ।"

মামলাকারীর আইনজীবী ফিরদৌস শামিম বলেন, "প্রশ্ন ভুলের বিষয়ে অভিযোগ জানানোর জন্য প্রত্যেকটা প্রশ্নের ক্ষেত্রে 100 টাকা করে নেওয়া হয়েছে । প্রিলিমিনারি মডেল উত্তরপত্র প্রকাশ করার পর এবং সেখানে ভুল দেখার পর স্কুল সার্ভিস কমিশনে অভিযোগ জানানোর জন্য 100 টাকা করে নেওয়া হয়েছে ।"

সব শোনার পর বিচারপতি অমৃতা সিনহা বলেন, "এই অভিযোগের সত্যতা জানা যাবে কমিশন হলফনামা জমা দেওয়ার পর । কমিশনকে জানাতে হবে নবম-দশম ও একাদশ-দ্বাদশ শ্রেণির জন্য মোট কতজন পরীক্ষার্থী ছিল । অভিযোগ করার জন্য ক'জনের থেকে কত টাকা নেওয়া হয়েছে । চার সপ্তাহের মধ্যে হলফনামা দিয়ে জানাতে হবে কমিশনকে । তার দু'সপ্তাহের মধ্যে মামলাকারীরা তার উত্তর দেবে । তারপর মামলাটি শুনানির জন্য আসবে ।"

উল্লেখ্য, স্কুল সার্ভিস কমিশনের পোর্টালে পরীক্ষার্থীর নাম, বয়স এবং অন্যান্য তথ্য় ভুল লিখলে, তা সংশোধনের সুযোগ থাকে ৷ কিন্তু শিক্ষাগত যোগ্যতার তথ্য ভুল লিখলে তা আর সংশোধন করতে পারেন না পরীক্ষার্থী ৷ এই কারণে এক পরীক্ষার্থী স্কুল সার্ভিস কমিশনের পরীক্ষায় পাশ করলেও মাত্র এক নম্বরের ফারাকের কারণে প্যানেলে তাঁর নাম অন্তর্ভুক্ত হয়নি ৷ তাই তিনি আদালতের দ্বারস্থ হয়েছিলেন ৷ ওই মামলায়ও বিচারপতি অমৃতা সিনহা এসএসসি'র রিপোর্ট তলব করেছেন ৷ তিনি জানতে চেয়েছেন, কেন ওই প্রার্থীর নম্বর লেখার সময় যে ভুল হয়েছিল, তা সংশোধনের সুযোগ দেওয়া হয়নি ? 20 ফেব্রুয়ারির মধ্যে এসএসসি'কে রিপোর্ট দিতে বলা হয়েছে ৷ 25 ফেব্রুয়ারি ফের ওই মামলার শুনানি রয়েছে ৷