ETV Bharat / state

আপার প্রাইমারিতে সুপার নিউমেরারি পদে চাকরি দেওয়ার সিদ্ধান্ত বাতিল হাইকোর্টে

স্বস্তির পরদিনই ধাক্কা রাজ্যের ৷ আপার প্রাইমারি অতিরিক্ত শূন্য পদ তৈরি করে নিয়োগের সিদ্ধান্ত বাতিল করল কলকাতা হাইকোর্ট ৷

Calcutta High Court
কলকাতা হাইকোর্ট (ফাইল ছবি)
author img

By ETV Bharat Bangla Team

Published : December 4, 2025 at 12:44 PM IST

4 Min Read
Choose ETV Bharat

কলকাতা, 4 ডিসেম্বর: আপার প্রাইমারিতে কর্মশিক্ষা ও শারীরিক শিক্ষায় চাকরি দেওয়ার জন্য অতিরিক্ত শূন্যপদ (সুপার নিউমেরারি) তৈরির রাজ্যের সিদ্ধান্ত বাতিল করল কলকাতা হাইকোর্ট ৷ এর ফলে আপার প্রাইমারি কর্মশিক্ষা ও শরীর শিক্ষায় মোট 1 হাজার 600টি সুপার নিউমেরারি পদে 750 জন কর্মশিক্ষা ও 850 জনের শরীরিক শিক্ষায় নিয়োগের সিদ্ধান্ত বাতিল হল ৷ বৃহস্পতিবার 2022 সালের এই সংক্রান্ত দু'টি বিজ্ঞপ্তি বাতিল করলেন বিচারপতি বিশ্বজিৎ বসু ৷ গত 24 নভেম্বর মামলার শুনানি শেষে রায়দান স্থগিত রাখেন বিচারপতি ৷

আদালতের পর্যবেক্ষণ

1 হাজার 600টি অতিরিক্ত শূন্য পদ তৈরির সিদ্ধান্ত ভুল ৷ প্যানেলের মেয়াদ উত্তীর্ণ হওয়ার পর এভাবে অতিরিক্ত শূন্যপদ তৈরি করা যায় না ৷ অপেক্ষমান (ওয়েটিং) তালিকা থেকে প্যানেলের মেয়াদ শেষ হওয়ার পর এভাবে চাকরি দেওয়া যায় না ৷ রাজনৈতিক নৈতিকতার কাছে সাংবিধানিক নৈতিকতা কখনও মূল্যহীন হয়ে যায় না ৷ সুপার নিউমেরিক পোস্টে নিয়োগের সিদ্ধান্তের প্রেক্ষিতে দুর্নীতি ও সিবিআই তদন্ত সংক্রান্ত আর্জির বিষয়গুলি নিয়ে পরবর্তীকালে আদালত সিদ্ধান্ত গ্রহণ করবে ৷ এই মামলার পরবর্তী শুনানি আগামী জানুয়ারি মাসে ৷

মামলাকারী পক্ষের আইনজীবী ফিরদৌস শামিম (ইটিভি ভারত)

2016 সালের কর্মশিক্ষা ও শারীরিক শিক্ষা বিষয়ে যোগ্য প্রার্থীদের চাকরি দেওয়ার জন্য স্কুল সার্ভিস কমিশন প্রায় 1 হাজার 600টি অতিরিক্ত শূন্য পদ বা সুপার নিউমেরারি পদ তৈরি করেছিল । এই সিদ্ধান্ত নিয়েছিল মন্ত্রিসভা ৷ এই অতিরিক্ত শূন্য পদে 1 হাজার 240 জনের একটি প্যানেলও তৈরি করা হয় ৷ কিন্তু রাজ্যের এই সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে হাইকোর্টে মামলা দায়ের করেন চাকরিপ্রার্থীরা ৷

দুর্নীতির অভিযোগ

এদিকে বঞ্চিত চাকরিপ্রার্থীরা হাইকোর্টে মামলা দায়ের করে অভিযোগ করে, রাজ্য আসলে দুর্নীতিগ্রস্তদের চাকরি পাইয়ে দিতে এই সুপার নিউমেরারি পদ তৈরি করেছে ৷ মামলাকারীদের অভিযোগ, স্কুলে চাকরিতে নিয়োগের ক্ষেত্রে যে বিপুল দুর্নীতি করা হয়েছে, তার অংশ হচ্ছে কর্মশিক্ষা ও শারীরিক শিক্ষায় অতিরিক্ত শূন্যপদ (সুপার নিউমেরারি) তৈরি করে নিয়োগ করা ৷ ওএমআর বিকৃত করা, টাকা দিয়ে চাকরি না-পাওয়া প্রার্থীদের ঘুরপথে চাকরি পাইয়ে দিতে এই শূন্যপদ তৈরি করা হয়েছিল ৷ এইভাবে শূন্যপদ তৈরি করা যায় না ৷ আর যদি শূন্যপদ তৈরি করা হয়, তাহলে তার সুবিধা দিতে হবে সব প্রার্থীকে ৷

মামলায় প্রশ্ন ওঠে, স্কুল সার্ভিস কমিশন (এসএসসি) কি অতিরিক্ত শূন্যপদে চাকরির সুপারিশ করতে পারে ? অতিরিক্ত শূন্যপদে মধ্যশিক্ষা পর্ষদের ভূমিকা কতটুকু ? অতিরিক্ত শূন্যপদ সংক্রান্ত রাজ্যের 2016 সালের আইন ও 2018 সালের আইনের পার্থক্য রয়েছে, তাহলে কর্মশিক্ষা ও শারীরশিক্ষায় অতিরিক্ত শূন্যপদের নিয়োগ কোন আইনি প্রক্রিয়ায় করা হয়েছে ?

আদালতে শুনানি

2022 সাল থেকে বিচারপতি বিশ্বজিৎ বসু বিভিন্ন সময়ে নিয়োগের উপর স্থগিতাদেশ জারি করেন ৷ মামলাকারীদের বক্তব্য, সেই স্থগিতাদেশের মেয়াদ 2023 সালের 30 এপ্রিল শেষ হয়ে গিয়েছে । তাই রাজ্য যাতে এই পদে আর নিয়োগ করতে না-পারে, তা নিশ্চিত করতে এবং নিয়োগের উপর স্থগিতাদেশ চেয়ে আবেদন জানান তাঁরা ।

চলতি বছরের 7 মে সেই আবেদনে সম্মতি দেন বিচারপতি বিশ্বজিৎ বসু । কর্মশিক্ষা ও শারীরিক শিক্ষা বিষয়ে শিক্ষক নিয়োগের উপর ফের স্থগিতাদেশ জারি করে আদালত । মামলার নিষ্পত্তি না-হওয়া পর্যন্ত এই স্থগিতাদেশ বজায় থাকবে বলে নির্দেশে জানান বিচারপতি ।

বিচারপতি বিশ্বজিৎ বসুর একক বেঞ্চের নির্দেশের বিরুদ্ধে বিচারপতি সৌমেন সেন ও বিচারপতি স্মিতা দাসের ডিভিশন বেঞ্চে আবেদন জানায় রাজ্য ৷ এই আবেদন খারিজ করে দেয় ডিভিশন বেঞ্চ ৷ সুপার নিউমেরারি বা অতিরিক্ত শূন্যপদ তৈরি করে কর্মশিক্ষা ও শারীর শিক্ষায় নিয়োগের মামলায় বিচারপতি বিশ্বজিৎ বসুর সিঙ্গল বেঞ্চের নির্দেশে হস্তক্ষেপ করেনি ডিভিশন বেঞ্চ ।

এর আগে অন্য একটি মামলায় সুপার নিউমেরারি পোস্ট বা অতিরিক্ত শূন্যপদ তৈরির বিষয়ে কলকাতা হাইকোর্টের নির্দেশ খারিজ করে দিয়েছিল সুপ্রিম কোর্ট ৷ কিন্তু এই মামলায় সুপ্রিম কোর্টের প্রাক্তন প্রধান বিচারপতি সঞ্জীব খান্নার নেতৃত্বাধীন বেঞ্চ এ ব্যাপারে হস্তক্ষেপ করতে অস্বীকার করে ৷ অতিরিক্ত শূন্যপদ তৈরির বিষয়ে রাজ্য মন্ত্রিসভার সদস্যরা রাজ্যপালের পরামর্শ নিয়েই যেহেতু সিদ্ধান্ত নিয়েছিলেন, তাই ভারতীয় সংবিধানের 74 ও 163-এর তিনটি ধারা অনুযায়ী, এ ব্যাপারে আদালত হস্তক্ষেপ করতে পারে না বলে জানিয়েছিল বেঞ্চ ৷