রুজিরা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে অপ্রাসঙ্গিক প্রচার ! কী বলল হাইকোর্ট
আপাতত 24 এপ্রিল পর্যন্ত অভিষেক-ঘরণীর বিরুদ্ধে কোনও রকম মানহানিকর বা অপ্রাসঙ্গিক প্রচার করা যাবে না বলে নির্দেশ দিয়েছে হাইকোর্ট ৷

Published : February 26, 2026 at 12:55 PM IST
কলকাতা, 26 ফেব্রুয়ারি: অভিষেক বন্দ্যোপাধ্যায়ের স্ত্রী রুজিরা বন্দ্যোপাধ্যায় নারুলার দায়ের করা মামলায় কলকাতা হাইকোর্টের অন্তর্বর্তীকালীন নির্দেশের সময়সীমা আরও বাড়ল । বিচারপতি কৃষ্ণা রাও বৃহস্পতিবার এক নির্দেশে জানিয়েছেন, 24 এপ্রিল পর্যন্ত রুজিরার বিরুদ্ধে কোনও রকম মানহানিকর বা অকারণ তাঁর নাম জড়িয়ে সংবাদমাধ্যমে প্রচার করা চলবে না । 24 এপ্রিল এই মামলার বিস্তারিত শুনানি করবেন বিচারপতি ।
রুজিরা বন্দ্যোপাধ্যায় এর আগে কলকাতা হাইকোর্টে মামলা দায়ের করে অভিযোগ জানিয়েছিলেন যে, তিনি একটি রাজনৈতিক পরিবারের সদস্য হওয়ার জন্য তাঁর নাম জড়িয়ে সংবাদমাধ্যম ইচ্ছেমতো প্রচার করে । বিচারপতি সব্যসাচী ভট্টাচার্য এই বিষয়ে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডিকে তাদের তদন্তের বিষয়ে আগে থেকে সংবাদমাধ্যমে প্রচার না-করা বা ইনফর্ম না-করার নির্দেশ দিয়েছিলেন । পাশাপাশি সংবাদমাধ্যমও যাতে অকারণে অভিষেক-ঘরণীর নাম ব্যবহার করে প্রচার না-করে সে বিষয়ে সতর্ক করেছিল আদালত ।
গত বছর 19 ডিসেম্বর সেই মামলায় অন্তর্বর্তীকালীন নির্দেশ দিয়েছিল কলকাতা হাইকোর্ট । ফেব্রুয়ারি মাসের শেষে সেই অন্তর্বর্তী নির্দেশের মেয়াদ শেষ হবে । তার আগেই এদিন সেই অন্তর্বর্তীকালীন নির্দেশের সময়সীমা বাড়াল কলকাতা হাইকোর্ট । বিচারপতি কৃষ্ণা রাও এদিন মামলাকারীকে বলেন, "কেন আপনারা নিম্ন আদালতে যান না ?" তারপর তিনি জানিয়েছেন যে, আগামী 24 এপ্রিল তিনি এই মামলাটির শুনানি করবেন ৷ ততদিন রুজিরা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে কোনও রকম মানহানিকর বা অকারণ তাঁর নাম জড়িয়ে সংবাদমাধ্যমে প্রচার করা চলবে না । এমনই নির্দেশ দিয়েছেন বিচারপতি কৃষ্ণা রাও ।
উল্লেখ্য, কয়েক বছর আগে কয়লা দুর্নীতি থেকে শিক্ষক নিয়োগ দুর্নীতিতে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম জড়ালে সংবাদমাধ্যম অভিষেকের নাম উল্লেখ করার সময় একইসঙ্গে রুজিরার নামও জড়াচ্ছে বলে অভিযোগ করে মামলা দায়ের হয়েছিল হাইকোর্টে ৷ সেই মামলায় 'মানহানিকর' প্রচার বন্ধ করার আর্জি জানানো হয়েছে । সেই মামলাতেই বিচারপতি সব্যসাচী ভট্টাচার্য কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাকে নির্দিষ্ট গাইডলাইন মেনে তাদের তদন্ত প্রক্রিয়ার বিষয়ে জনগণকে ওয়াকিবহাল করার নির্দেশ দিয়েছিলেন । আদালতের নির্দেশ অমান্য করা হলে সংশ্লিষ্ট সংবাদসংস্থার বিরুদ্ধে রুজিরা বা অভিষেক আদালত অবমাননার মামলা করতে পারবেন বলে জানিয়ে দেন বিচারপতি ৷ কেন্দ্রীয় এজেন্সির তদন্তকে সামনে রেখে একশ্রেণির সংবাদমাধ্যম তাঁদের নামে মিথ্যা খবর প্রচার করছে, এই দাবি করে মামলা করেছিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের স্ত্রী রুজিরা নারুলা বন্দ্যোপাধ্যায় ।

