তৃণমূলের পঞ্চায়েত প্রধানের ভুয়ো ওবিসি শংসাপত্র বাতিলের নির্দেশ কলকাতা হাইকোর্টের
তৃণমূলের পঞ্চায়েত প্রধানের ভুয়ো ওবিসি শংসাপত্র জেনেও তা বাতিল না-করার অভিযোগ প্রশাসনের বিরুদ্ধে ৷ সাতদিন সময় বেঁধে দিলেন বিচারপতি ৷

Published : February 25, 2026 at 8:57 PM IST
কলকাতা, 25 ফেব্রুয়ারি: পূর্ব মেদিনীপুর জেলার তমলুকের ঈশ্বরপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান খুকুরানি ঘড়াই ৷ তাঁর ওবিসি শংসাপত্র বাতিল করার নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট ৷ অভিযোগ, তাঁর ওবিসি শংসাপত্রটি জাল ৷ তাই বিচারপতি কৃষ্ণা রাও-এর সিঙ্গল বেঞ্চ নির্দেশ দিয়েছে, আগামী সাতদিনের মধ্যে খুকুরানি ঘড়াইয়ের ওবিসি শংসাপত্র বাতিল করবেন তমলুকের মহকুমাশাসক ৷
বুধবার কলকাতা হাইকোর্টের এই নির্দেশের পর স্বাভাবিকভাবেই বিপাকে পড়েছেন ঈশ্বরপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান ৷ কারণ, এই রায়ের পর তাঁর পঞ্চায়েত প্রধান পদ তো দূরের বিষয়, সদস্যপদও থাকবে না ৷ উল্লেখ্য, 2023 সালের পঞ্চায়েত নির্বাচনে ওবিসি সংরক্ষিত আসনে তৃণমূলের প্রার্থী হয়েছিলেন খুকুরানি ৷ ভোটে বিজয়ী হয়ে পঞ্চায়েত প্রধানও হন তিনি ৷
এরপর তাঁর বিরুদ্ধে ভুয়ো ওবিসি শংসাপত্র দেখিয়ে নির্বাচনে লড়াই করার অভিযোগে কলকাতা হাইকোর্টে মামলা করেছিলেন বিজেপি প্রার্থী রণজিৎ রক্ষিত ৷ স্বাভাবিকভাবেই ভুয়ো শংসাপত্র দিয়ে নির্বাচনে বিজয়ী হয়েছিলেন বলে, এবার তাঁর সদস্যপদ বাতিলের দাবি তুলবে বিরোধী বিজেপি ৷ আর ওবিসি সংরক্ষিত আসনে একজন জেনারেল ক্যাটাগরির সদস্য কীভাবে থাকতে পারেন ৷ তাই সেই সদস্যপদও খারিজ হবে ৷
মামলাকারী গত 2023 সালের পঞ্চায়েত নির্বাচনে চণ্ডীপুর ব্লকের ঈশ্বরপুর গ্রাম পঞ্চায়েতে ভারতীয় জনতা পার্টির প্রার্থী হিসাবে নির্বাচনে লড়েছিলেন ওবিসি সংরক্ষিত প্রার্থী হিসাবে ৷ উলটোদিকে খুকুরানি ঘড়াই তৃণমূল কংগ্রেসের প্রার্থী হিসেবে লড়াই করেছিলেন ৷ আর এই পঞ্চায়েতে প্রধানের পদটি সংরক্ষিত রয়েছে ওবিসি সদস্যদের জন্য ৷
ওই পঞ্চায়েতে তৃণমূল বিজয়ী হওয়ায় খুকুরানি ঘড়াই প্রধান হয়েছিলেন ৷ নির্বাচনের পরে মামলাকারী কোনোভাবে জানতে পারেন খুকুরানি ঘড়াই সম্পূর্ণ ভুয়ো নথি দেখিয়ে নির্বাচনে লড়াই করেছেন ৷ তারপর বিজেপির পরাজিত প্রার্থী কর্তৃপক্ষকে একাধিকবার জানিয়েছেন খুকুরানির শংসাপত্র বাতিল করা হোক ৷ কিন্তু, কোনও পদক্ষেপ করা হয়নি বলে অভিযোগ উঠেছে ৷
এরপর কলকাতা হাইকোর্টে মামলা হলে বিচারপতি কৃষ্ণা রাও তমলুকের মহকুমাশাসককে তদন্ত করে তিনমাসের মধ্যে পদক্ষেপ করতে নির্দেশ দেন ৷ মহকুমাশাসক সব নথি খতিয়ে দেখে যে রিপোর্ট জমা দেন, সেখানে উল্লেখ করা হয় খুকুরানি ঘড়াই ওবিসি শ্রেণি ভুক্ত নন ৷ কিন্তু, তার পরেও তাঁর ওবিসি শংসাপত্র বাতিল করা হয়নি বলে অভিযোগ ওঠে ৷ তারপর এদিন কলকাতা হাইকোর্টের বিচারপতি কৃষ্ণা রাও আগামী সাতদিনের মধ্যে খুকুরানি ঘড়াইয়ের ওবিসি শংসাপত্র বাতিলের নির্দেশ দিয়েছেন ৷

