বিরোধী দলনেতার জোড়া মিছিলে অনুমতি কলকাতা হাইকোর্টের
বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী মিছিল শেষে ভাষণ দেবেন ৷ এই রকম দু'টি মিছিলের অনুমতি চেয়েও পায়নি বিজেপি ৷ পরে আদালতের দ্বারস্থ হয় তারা ৷

Published : November 3, 2025 at 8:58 PM IST
কলকাতা, 3 নভেম্বর: বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর জোড়া মিছিলে অনুমতি দিল কলকাতা হাইকোর্ট ৷ আগামিকাল, মঙ্গলবার সোদপুরে এবং পরদিন, বুধবার পূর্ব বর্ধমানে শর্ত সাপেক্ষে মিছিলের অনুমতি দিয়েছে আদালত । সোমবার এ সংক্রান্ত মামলার শুনানি হয় বিচারপতি কৌশিক চন্দের সিঙ্গল বেঞ্চে ৷ মিছিলের অনুমতি দেওয়ার সময় বিচারপতি বলেন, "ভারতীয় সংবিধান অনুযায়ী মিটিং-মিছিল করা নাগরিকের আইনসঙ্গত অধিকার ৷ তবে কিছু যুক্তিসঙ্গত বিধিনিষেধ আরোপ করা যায় ৷"
সোদপুর ট্রাফিক মোড় থেকে তেঁতুল তলা মোড় পর্যন্ত একটি মিছিল হবে । সোদপুরের মিছিল হবে বেলা 3টে থেকে 5টা পর্যন্ত ৷ এক হাজার সমর্থক হাজির থাকতে পারবেন। সাধারণ মানুষের যাতে কোনও সমস্যা না হয়, সে ব্যাপারে আয়োজকদের সতর্ক থাকতে হবে বলে আদালত নির্দেশ দিয়েছে ৷ স্থানীয় পুলিশ নিরাপত্তার ব্যবস্থা করবে ৷ শেষে একটি জমায়েতে ভাষণ দেবেন বিরোধী দলনেতা শুভেন্দু ৷ এছাড়া 5 নভেম্বর পূর্ব বর্ধমানে বড়নীলপুর মোড় থেকে কার্জনগেট পর্যন্ত মিছিলেও অনুমতি দিয়েছে আদালত ৷ বেলা 2টো থেকে 6টা পর্যন্ত মিছিল হবে ৷ সেখানে আট হাজার কর্মী সমর্থক উপস্থিত থাকতে পারবেন বলে জানিয়েছেন বিচারপতি ৷
রাজ্যের আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতি এবং নারীদের নিরাপত্তার দাবিতে এই দুটি মিছিলের অনুমতি চেয়েছিল বিজেপি ৷ কিন্তু পুলিশ সেই আবেদন বাতিল করলে হাইকোর্টের দ্বারস্থ হয় গেরুয়া শিবির ৷ শেষমেশ আদালতে স্বস্তি পেল পদ্ম শিবির ৷ এদিন বিজেপির পক্ষে আইনজীবী বিল্বদল ভট্টাচার্য আদালতকে বলেন, "সোদপুরে 800-1000 জনকে নিয়ে পদযাত্রা করা হবে ৷ বেলা 4-6 টা পর্যন্ত এই পদযাত্রা হওয়ার কথা । শেষে বিরোধী দলনেতার একটা ছোট সভা হবে ৷ মাত্র দু'কিলোমিটার এলাকায় মিছিল হবে কিন্তু পুলিশ অনুমতি দেয়নি ৷"
রাজ্যের আইনজীবী স্বপন বন্দ্যোপাধ্যায় বলেন, "রুট আলাদা করুন ৷ কোনও রকম আইন শৃঙ্খলা সমস্যা যাতে না হয়, সেই মর্মে আদালত নির্দেশ দিক ৷" অন্যদিকে, 5 নভেম্বর পূর্ব বর্ধমানে বেলা 2টো থেকে 6টা পর্যন্ত মিছিলের আবেদন জানানো হয়েছিল বিজেপির তরফে ৷ কিন্তু 4 নভেম্বর থেকে কাটোয়ায় রাসযাত্র উৎসব শুরু হবে ৷ পুলিশ এই কারণ দর্শিয়ে আবেদন বাতিল করে ৷ শুনানির পর দুটি মিছিলেরই অনুমতি দেন বিচারপতি কৌশিক চন্দ । এর আগেও একাধিকবার বিভিন্ন কারণে বিজেপির বেশ কয়েকটি মিছিলের অনুমতি দেয়নি পুলিশ ৷ প্রায় প্রতিটি ক্ষেত্রেই আদালতের দ্বারস্থ হয়েছেন শুভেন্দু-শমীক-সুকান্তরা ৷

