মা অসুস্থ, সিপিআইএম নেতা লাহেক আলিকে অন্তর্বর্তীকালীন জামিন দিল হাইকোর্ট
বিগত 50 দিন ধরে তিনি জেলে রয়েছেন । এদিকে, তাঁর মা খুবই অসুস্থ । তাঁকে ভেন্টিলেশন সাপোর্টে রাখা হয়েছে ।

Published : September 2, 2026 at 2:15 PM IST
কলকাতা, 2 সেপ্টেম্বর: বারুইপুর ধর্ষণ-কাণ্ডের প্রতিবাদে গণপিটুনিতে একজনের মৃত্যুর ঘটনায় ধৃত সিপিআইএম নেতা লাহেক আলিকে অন্তর্বর্তীকালীন জামিন দিল কলকাতা হাইকোর্ট । লাহেক আলির মা গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি । এই পরিস্থিতিতে তাঁর জামিন মঞ্জুর করার আবেদন জানিয়েছিলেন আইনজীবীরা । বুধবার বিচারপতি তীর্থঙ্কর ঘোষ আপাতত 10 সেপ্টেম্বর পর্যন্ত লাহেক আলির জামিন মঞ্জুর করেছেন । তবে এই সময়কালে তিনি এলাকার বাইরে যেতে পারবেন না । পাশাপাশি বারুইপুর থানা জিজ্ঞাসাবাদের জন্য ডেকে পাঠালে তাঁকে হাজির হতে হবে বলে জানিয়েছে আদালত ।
উল্লেখ্য, গত 12 জুলাই লাহেক আলিকে গ্রেফতার করে পুলিশ । বারুইপুরে বালিকাকে যৌন নির্যাতন করে খুনের ঘটনার পর গণপিটুনিতে একজনের মৃত্যু হয়েছিল । সেই ঘটনায় উস্কানিমূলক কথা বলার অভিযোগে লাহেক আলিকে পুলিশ গ্রেফতার করে । বিগত 50 দিন ধরে তিনি জেলে রয়েছেন । এদিকে, তাঁর মা খুবই অসুস্থ । তাঁকে ভেন্টিলেশন সাপোর্টে রাখা হয়েছে । পরিস্থিতির বিবেচনা করে আদালত লাহেক আলির অন্তর্বর্তীকালীন জামিন মঞ্জুর করেছে । তাঁর বিরুদ্ধে পুলিশ মোট চারটি সুয়োমোটো মামলা দায়ের করেছে । নয় সেপ্টেম্বর ফের মামলাটি শুনানির জন্য রাখা হয়েছে । ওইদিন পুলিশকে রিপোর্ট দিতে নির্দেশ দিয়েছেন বিচারপতি ।
রাজ্যের কৌঁসুলি (পিপি) কল্লোল মণ্ডল এদিন আদালতে বলেন, "উস্কানিমূলক মন্তব্য করার জন্য তাঁকে গ্রেফতার করা হয়েছিল ।" বিচারপতি ঘোষ জানতে চান, "কী মন্তব্য তিনি করেছিলেন ? সেটা দেখি । কারণ সমস্ত অভিযোগের ভিত্তি এটাই । দেখাতে না-পারলে আমি রাজ্যের এই গ্রেফতারিকে সমর্থন করতে পারি না ।" রাজ্যের আইনজীবী তখন বলেন, "এই মুহূর্তে সেটা আমাদের কাছে নেই ।"
তখন বিচারপতি জানতে চান যে, "ধর্ষণ ও গণপিটুনির ঘটনায় কি তিনি জড়িত ?" রাজ্যের পক্ষ থেকে জানানো হয়, "ধর্ষণের ঘটনায় তিনি জড়িত নয় । মার্ডার কেসে উস্কানিমূলক কথা বলে উত্তেজিত করার জন্য তাঁকে গ্রেফতার করা হয় ।" একথা শুনে বিচারপতি বলেন, "এই অভিযোগের আগে তাঁর বিরুদ্ধে অন্য কোনও অভিযোগ আছে ? তাঁর মা অসুস্থ । আদালত তাঁকে আপাতত জামিন দিতে চায় ।"
একথা বলার পরই লাহেক আলির 10 সেপ্টেম্বর পর্যন্ত অন্তর্বর্তীকালীন জামিন মঞ্জুর করেন কলকাতা হাইকোর্টের বিচারপতি তীর্থঙ্কর ঘোষ ৷

