ETV Bharat / state

গায়ে 'ট্যাটু', সিএপিএফ কনস্টেবল পদে 'আনফিট' তকমা; আবেদন খারিজ কলকাতা হাইকোর্টে

দেহের একাধিক জায়গা ট্যাটু আঁকা ছিল প্রার্থীর ৷ সেই অবস্থাতেই কেন্দ্রীয় সশস্ত্র বাহিনীর কনস্টেবল পদে চাকরির পরীক্ষা দিতে গিয়েছিলেন ৷

Tattoo Case
ট্যাটুর কারণে স্বাস্থ্য পরীক্ষায় বাতিল (প্রতীকী ছবি)
author img

By ETV Bharat Bangla Team

Published : January 7, 2026 at 8:31 PM IST

2 Min Read
Choose ETV Bharat

কলকাতা, 7 জানুয়ারি: কেন্দ্রীয় সশস্ত্র বাহিনীতে কনস্টেবল পদে ইন্টারভিউ দিতে গিয়েছিলেন এক প্রার্থী ৷ তাঁর দেহের বিভিন্ন অংশে তখন 'ট্যাটু' আঁকা ছিল ৷ তার জেরে বাতিল হয় চাকরি প্রার্থীর আবেদন ৷ কর্তৃপক্ষের এই সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে কলকাতা হাইকোর্টে এসেও মিলল না সুরাহা ৷ মামলা খারিজ করে দিলেন বিচারপতি সৌগত ভট্টাচার্য ৷

কলকাতা হাইকোর্ট সূত্রে জানা গিয়েছে, নদিয়ার এক যুবক সেন্ট্রাল আর্মড পুলিশ ফোর্সেস (সিএপিএফ)-এ কনস্টেবল পদের জন্য আবেদন জানিয়েছিলেন ৷ গত 3 ডিসেম্বর তাঁর বিস্তারিত মেডিক্যাল পরীক্ষা নেওয়া হয় ৷ পরে 6 ডিসেম্বর ফের ওই প্রার্থীর রিভিউ মেডিক্যাল পরীক্ষা করা হয় ৷

প্রার্থীর বক্তব্য, 3 ডিসেম্বর যখন সিএপিএফ-এর কনস্টেবল পদের জন্য তাঁর স্বাস্থ্য পরীক্ষা নেওয়া হয়েছিল, সেই সময় তাঁর ডান হাতের উপরের অংশে এবং ডান পায়ে উরুর অংশে ট্যাটু আঁকা ছিল ৷ তিনি স্বাস্থ্য পরীক্ষায় বাদ যেতে পারেন, এই ইঙ্গিত পেয়ে নদিয়ার স্থানীয় একটি হাসপাতালে লেজার থেরাপি করেন এবং দেহের বিভিন্ন অংশে থাকা একাধিক ট্যাটু মুছে ফেলেন ৷

এরপর 6 ডিসেম্বর যখন পুনরায় চূড়ান্ত স্বাস্থ্য পরীক্ষা করা হয়, তখন তাঁর দেহের কোথাও ট্যাটু ছিল না ৷ কিন্তু এরপরও তাঁকে স্বাস্থ্য পরীক্ষায় 'আনফিট' বলে উল্লেখ করা হয় এবং তাঁর কনস্টেবল পদের আবেদন বাতিল করে দেয় সিএপিএফ কর্তৃপক্ষ ৷

এই অবস্থায় তিনি কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হন ৷ বিচারপতি সৌগত ভট্টাচার্যের বেঞ্চে মামলাকারী চাকরিপ্রার্থীর তরফে আইনজীবী বলেন, "যেহেতু ওই প্রার্থী তাঁর শরীরের বিভিন্ন অংশে থাকা ট্যাটু তুলে ফেলেছিল, তার জন্য তাঁকে সুস্থ বলেই বিবেচনা করা উচিত ৷" কিন্তু কেন্দ্রীয় সরকারের পক্ষের আইনজীবী জানান, 6 ডিসেম্বর ওই ট্যাটুগুলি তোলা হয়েছে ৷ এই প্রমাণ রয়েছে কেন্দ্রীয় সরকারের কাছে ৷ প্রথম বারের স্বাস্থ্য পরীক্ষার সময় তাঁর দেহের বিভিন্ন অংশে ট্যাটু ছিল ৷

দুই পক্ষের বক্তব্য শোনার পর বিচারপতি সৌগত ভট্টাচার্য তাঁর পর্যবেক্ষণে জানান, "বিস্তারিত স্বাস্থ্য পরীক্ষায় যদি কোথাও খামতি থেকে থাকে, তাহলে প্রার্থীর রিভিউয়ের সময় সেটা পেশ করতে পারেন । সেই অধিকার প্রার্থীর আছে ৷ কিন্তু নিজেকে ফিট প্রমাণ করতে বিস্তারিত স্বাস্থ্য পরীক্ষার পর এবং রিভিউয়ের আগে গায়ে থাকা ট্যাটু তুলে ফেলা গ্রহণযোগ্য নয় ৷"

বিচারপতি নির্দেশে জানিয়েছেন, যেদিন বিস্তারিত স্বাস্থ্য পরীক্ষা করা হয়, সেদিন চাকরি প্রার্থীর গায়ে ট্যাটু ছিল ৷ কিন্তু চূড়ান্ত স্বাস্থ্য পরীক্ষা বা রিভিউয়ের আগে তিনি তাঁর গায়ের ট্যাটু তুলে ফেলেন ৷ এটা অনুমোদন যোগ্য নয় ৷ অতএব, ট্যাটুর ফলে চাকরি পাওয়ার পথে এগিয়েও তা নষ্ট হল ৷