ETV Bharat / state

2016 সালের ওয়েটিংলিস্ট প্রার্থীদের চলতি স্কুল সার্ভিস পরীক্ষায় ইন্টারভিউ নিতে নির্দেশ হাইকোর্টের

2016 সালের ওয়েটিংলিস্ট প্রার্থীদের ইন্টারভিউতে বসতে দেওয়ার নির্দেশ হাইকোর্টের ৷ বিচারপতি অমৃতা সিনহা জানান, ইন্টারভিউ নিয়ে ফলাফল বন্ধ খামে আদালতে জমা দিতে হবে ৷

CALCUTTA HIGH COURT
কলকাতা হাইকোর্ট (ইটিভি ভারত)
author img

By ETV Bharat Bangla Team

Published : December 12, 2025 at 5:01 PM IST

2 Min Read
Choose ETV Bharat

কলকাতা, 12 ডিসেম্বর: 2016 সালে ওয়েটিং লিস্টে নাম থাকা প্রার্থীদের 2025 সালের স্কুল সার্ভিস কমিশনের নতুন পরীক্ষায় ইন্টারভিউতে বসার সুযোগ দিতে নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট। বিচারপতি অমৃতা সিনহা নির্দেশ দিয়েছেন, এই প্রার্থীদের ইন্টারভিউ নিয়ে সেই ফলাফল বন্ধ খামে আদালতে জমা দিতে হবে ৷ ইন্টারভিয়ের ভিডিওগ্রাফি করবে কি না, সে বিষয়ে স্কুল সার্ভিস কমিশন সিদ্ধান্ত গ্রহণ করবে ৷

নুপুর ঘোষাল-সহ একাধিক চাকরিপ্রার্থী তাঁদের বয়স পেরিয়ে যাওয়ার জন্য ইন্টারভিউতে বসতে দেওয়া হয়নি বলে অভিযোগ জানিয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন ৷ মামলাকারীদের বক্তব্য, 2016 সালে দুর্নীতির কারণে তাঁরা বঞ্চিত হয়েছিলেন ৷ ওয়েটিং লিস্টে তালিকাভুক্ত ছিলেন তাঁরা।সুপ্রিম কোর্ট 26 হাজার চাকরি বাতিল করে সমস্ত যোগ্য বা আনটেন্টেডদের পরীক্ষায় বসতে দেওয়ার নির্দেশ দিয়েছিল ৷ সেই মত নবম-দশম এবং একাদশ-দ্বাদশের পরীক্ষায় অংশগ্রহণ করেন। কিন্তু লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার পর নথি যাচাইয়ের সময় বয়স বেশি বলে বাদ দেওয়া হয় ৷ তারপরই তাঁরা হাইকোর্টের দ্বারস্থ হন ৷ বিচারপতি অমৃতা সিনহার নির্দেশ, মামলাকারীদের প্রত্যেকের ইন্টারভিউ নিতে হবে ৷

2024 সালে প্রথমে কলকাতা হাইকোর্টের বিচারপতি দেবাংশু বসাক ও বিচারপতি মহ শব্বার রাশিদি ডিভিশন বেঞ্চ দুর্নীতির কারণে 26 হাজার চাকরি বাতিলের নির্দেশ দিয়েছিলেন ৷ পরে চলতি বছরের 3 এপ্রিল এসএসসি'র 2016 সালের পুরো প্যানেল বাতিল ঘোষণা করে সুপ্রিম কোর্টও ৷ চাকরি হারান প্রায় 26 হাজার শিক্ষক-শিক্ষাকর্মী। একই সঙ্গে শীর্ষ আদালত নির্দেশ দেয়, 31 ডিসেম্বরের মধ্যে নতুন পরীক্ষা নিতে হবে । তারপরই নতুন রুল করে নিয়োগ প্রক্রিয়া শুরু করে স্কুল সার্ভিস কমিশন ৷ নবম-দশম ও একাদশ-দ্বাদশের লিখিত পরীক্ষার ফলও বেরিয়েছে গিয়েছে ৷ কিন্তু 2016 সালের ওয়েটিং লিস্টে নাম থাকা প্রার্থীদের বয়স পেরিয়ে যাওয়ায়, ইন্টারভিউ থেকে বাদ দেওয়া হয় ৷ কিন্তু বিচারপতি অমৃতা সিনহা শুক্রবার নির্দেশ দেন, 2016 সালের প্যানেলে ওয়েটিং লিস্টে নাম থাকা চাকরিপ্রার্থীদের ইন্টারভিউ নিতে কমিশনকে ।

এই নির্দেশের ফলে উপকৃত হলেন 2016 সালের চাকরিপ্রার্থীরা ৷ কিন্তু এর ফলে নতুন করে তৈরি হল বিতর্ক। কারণ 2016 সালের যে সমস্ত প্রার্থীরা পরীক্ষা দিয়ে অকৃতকার্য হয়েছিলেন ৷ তাঁদের পক্ষ থেকেও দাবি করা হয়েছিল, যেহেতু ওই বছরের পরীক্ষায় দুর্নীতি হয়েছে সেই কারণে চলতি বছরের পরীক্ষায় তাঁদের বয়সে ছাড় দিয়ে বসতে সুযোগ দেওয়া হোক ৷ কিন্তু আদালত তাঁদের সেই সুযোগ দেয়নি। কিন্তু ওয়েটিং লিস্টে নাম থাকা প্রার্থীদের ইন্টারভিউতে বসার সুযোগ দিয়েছে ৷ তবে যদিও শুধুমাত্র যে ক'জন মামলা করেছেন, তাঁদেরই এই সুযোগ দিতে নির্দেশ দিয়েছেন বিচারপতি।