ETV Bharat / state

রাজ্যের অসহযোগিতায় ভারত-বাংলাদেশ সীমান্তে বেড়া দেওয়া যাচ্ছে না, হলফনামা তলব হাইকোর্টের

পশ্চিমবঙ্গের সঙ্গে বাংলাদেশের সীমান্ত 2 হাজারেরও বেশি কিলোমিটার ৷ এই সীমান্তের অনেক জায়গায় বেড়া নেই ৷ সেই কাজও হচ্ছে না ৷ অভিযোগ রাজ্যের বিরুদ্ধে ৷

Calcutta High Court
কলকাতা হাইকোর্ট (ফাইল ছবি)
author img

By ETV Bharat Bangla Team

Published : November 13, 2025 at 7:03 PM IST

2 Min Read
Choose ETV Bharat

কলকাতা, 13 নভেম্বর: ভারত-বাংলাদেশ সীমান্তের কয়েকশো কিলোমিটার এলাকা জুড়ে কাঁটাতারের বেড়া (ফেন্সিং) দেওয়ার দাবিতে কলকাতা হাইকোর্টে জনস্বার্থ মামলার দায়ের হয়েছে ৷ এই মামলার গ্রহণযোগ্যতা নিয়ে রাজ্যের হলফনামা তলব করল আদালত ৷ বৃহস্পতিবার ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি সুজয় পাল ও বিচারপতি পার্থ সারথি সেনের ডিভিশন বেঞ্চ 15 দিনের মধ্যে রাজ্যের বক্তব্য হলফনামা দিয়ে জানাতে নির্দেশ দিয়েছে ৷

বাংলাদেশের সঙ্গে পশ্চিমবঙ্গের সীমান্ত এলাকা 2 হাজার 216 কিলোমিটার ৷ এই দীর্ঘ সীমান্তের অনেক জায়গায় কাঁটাতারের বেড়া নেই ৷ তার ফলে অনুপ্রবেশ ও চোরাচালান চলছে অবাধে ৷ রাষ্ট্রীয় সম্পদের বিপুল ক্ষয়ক্ষতি হচ্ছে ৷ এলাকায় জমি অধিগ্রহণের কাজে রাজ্যের তৎপরতা না-থাকায় সেখানে ফেন্সিং হচ্ছে না ৷ কেন্দ্রের তরফে অ্যাডিশনাল সলিসিটর জেনারেল অশোক চক্রবর্তীও জানান, রাজ্য সরকার কেন্দ্রীয় সরকারের সঙ্গে সহযোগিতা করছে না ৷ সেই জন্য ফেন্সিংয়ের কাজ আটকে রয়েছে ৷

ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি সুজয় পাল ও বিচারপতি পার্থ সারথি সেনের ডিভিশন বেঞ্চ 15 দিনের মধ্যে রাজ্যকে হলফনামা দিতে নির্দেশ দিয়েছে ৷ মামলাকারী ডঃ সুব্রত সাহার বক্তব্য, ভারত-বাংলাদেশ সীমান্তের যা পরিস্থিতি, তা জাতীয় নিরাপত্তার ক্ষেত্রে অত্যন্ত বিপজ্জনক ৷ তিনি দীর্ঘদিন ধরে সেনা আধিকারিক হিসাবে কাজ করছেন এবং এই পরিস্থিতিতে তিনি উদ্বিগ্ন ৷

তাঁর দাবি, 2016 সাল থেকে ভারত-বাংলাদেশ সীমান্ত দিয়ে লাগাতার মাদক, গরু, সোনা, জাল নোট পাচার চলছে ৷ এখনও এক বেআইনি কার্যকলাপ চলছে । রাজ্যের জমি অধিগ্রহণ প্রক্রিয়ায় গড়িমসির জন্য দীর্ঘ 2 হাজার 216 কিলোমিটার সীমান্ত এলাকায় ফেন্সিং দেওয়া যাচ্ছে না ৷ কেন্দ্রীয় সরকার অর্থ বরাদ্দে সম্মত থাকলেও রাজ্যের তৎপরতার অভাব রয়েছে বলে দাবি করেছেন মামলাকারী ৷ তাই বাধ্য হয়ে তিনি জনস্বার্থ মামলা দায়ের করেছেন ৷

উল্লেখ্য, বাংলাদেশ থেকে আসা অনুপ্রবেশকারীরা পশ্চিমবঙ্গের একটা গুরুতর সমস্যা বলে বিভিন্ন রাজনৈতিক দল আগেই সরব হয়েছেন ৷ এই ইস্যুতে রাজনৈতিক তরজা চলছে রাজ্য তথা সারা দেশে ৷ বাংলাদেশ থেকে অনুপ্রবেশের জন্য রাজ্যের ঘাড়ে দোষ চাপিয়েছে বিজেপি ৷ অন্যদিকে, তৃণমূলের অভিযোগ, স্বরাষ্ট্র মন্ত্রকের উদাসীনতায় অনুপ্রবেশ, চোরাচালানের মতো বেআইনি ঘটনা ঘটছে সীমান্তে ৷ এর মধ্যে রাজ্যে ভোটার তালিকায় বিশেষ সংশোধন এসআইআর প্রক্রিয়া শুরু হয়েছে ৷ এই আবহে সীমান্তবর্তী এলাকায় ফেন্সিংয়ের কাজ আটকে থাকা নিয়ে এই মামলা রাজ্যের উপর চাপ সৃষ্টি করবে বলে মনে করছেন আইনজীবীরা ৷