ETV Bharat / state

অভিষেক পোড়েলের মামলার জরুরি শুনানির আবেদন খারিজ করল কলকাতা হাইকোর্ট

পূর্ব নির্ধারিত 14 সেপ্টেম্বরই হবে মামলার শুনানি ৷ জামিনের জন্য কলকাতা হাইকোর্টের নির্ধারিত বেঞ্চে আবেদনের পরামর্শ বিচারপতির ৷

ABHISHEK POREL
অভিষেক পোড়েল (ফাইল ছবি - এএনআই)
author img

By ETV Bharat Bangla Team

Published : August 31, 2026 at 7:39 PM IST

3 Min Read
Choose ETV Bharat

কলকাতা, 31 অগস্ট: বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের মামলায় গ্রেফতার হয়ে এখন বিচারবিভাগীয় হেফাজতে রয়েছেন ক্রিকেটার অভিষেক পোড়েল ৷ গ্রেফতার হওয়ার আগে এফআইআর খারিজের দাবিতে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন বাংলার এই ক্রিকেটার ৷ সেই মামলার পরবর্তী শুনানি আগামী 14 সেপ্টেম্বর৷ অভিষেক চান, জরুরি ভিত্তিতে ওই মামলার শুনানি হোক ৷ সোমবার তাই তিনি ফের কলকাতা হাইকোর্টে আবেদন করেন ৷ তবে আদালত তাঁর সেই আবেদন খারিজ করে দিয়েছে ৷

চলতি বছরের জুন মাসে হুগলির মগরা থানায় অভিষেক পোড়েলের বিরুদ্ধে অভিযোগ দায়ের হয় ৷ ডাক্তারি পড়ুয়া এক তরুণী তাঁর বিরুদ্ধে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস, ব্যক্তিগত মুহূর্তের ছবি ফাঁস করে দেওয়ার হুমকি, যৌন হেনস্তা এবং জোর করে শারীরিক সম্পর্ক করার অভিযোগ আনেন ৷

এর পর কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হন অভিষেক ৷ তিনি এফআইআর খারিজের আবেদন করেন ৷ সেই মামলার শুনানি হয় কলকাতা হাইকোর্টের বিচারপতি সৌগত ভট্টাচার্যর এজলাসে ৷ গত জুলাই মাসে বিচারপতি সৌগত ভট্টাচার্য পুলিশকে মামলার তদন্তে আরও সক্রিয় হওয়ার নির্দেশ দেন ।

আদালত পুলিশকে অভিযুক্তর ইলেকট্রনিক ডিভাইস বাজেয়াপ্ত করে প্রয়োজনীয় তদন্ত এগিয়ে নিয়ে যাওয়ার নির্দেশও দেন ৷ কারণ, ডিভাইসগুলিতে অভিযোগকারিণীর কিছু আপত্তিকর ছবি থাকতে পারে । সেই কারণেই পুলিশকে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয় । তারপরই পুলিশ অভিষেককে গ্রেফতার করে ।

প্রথমে পুলিশি হেফাজত, পরে বিচারবিভাগীয় হেফাজতে পাঠানো হয় অভিষেক পোড়েলকে ৷ আপাতত তিনি জেলেই রয়েছেন ৷ এদিকে ক্রিকেটের মরসুম শুরু হয়ে গিয়েছে ৷ বাংলার প্রাথমিক দলও ঘোষণা হয়েছে ৷ সেই দলের অনুশীলনও চলছে ৷ তবে অভিষেক পোড়েলের নাম বাংলার প্রাথমিক দলে নেই ৷ এই পরিস্থিতিতে অভিষেক ফের ক্রিকেটে ফিরতে মরিয়া ৷ তাই তিনি জামিনের জন্য় আগে হাইকোর্টের মামলারটির নিষ্পত্তি চাইছেন ৷ সেই কারণেই তাঁর তরফে এদিন আদালতে জরুরি শুনানির আবেদন জানানো হয় ৷

এদিন বিচারপতি সৌগত ভট্টাচার্যর এজলাসে অভিষেকের আইনজীবী ময়ূখ মুখোপাধ্যায় জানান, গত 14 জুলাই অভিষেকের ইলেকট্রনিক ডিভাইস বাজেয়াপ্ত করার বিষয়ে হাইকোর্ট একটি নির্দেশ দিয়েছিল । অন্যদিকে, রাজ্যের পক্ষ থেকে জানানো হয় যে, গত 10 ও 11 জুলাইয়ের মধ্যবর্তী রাত থেকেই অভিষেক পুলিশি হেফাজতে রয়েছেন এবং ইতিমধ্যে তাঁর ইলেকট্রনিক ডিভাইস বাজেয়াপ্ত ও চার্জশিট দাখিল করার প্রক্রিয়া সম্পন্ন হয়েছে । মামলাটি 14 সেপ্টেম্বর পরবর্তী শুনানির জন্য তালিকাভুক্ত রয়েছে । বাংলার ক্রিকেট দল গঠনের প্রক্রিয়া চলছে । নিজেকে যাতে নির্দোষ প্রমাণ করে দলে জায়গা পেতে পারে তার জন্য দ্রুত ওর আবেদনের শুনানি করা হোক ।

কিন্তু বিচারপতি সৌগত ভট্টাচার্য আবেদনের দ্রুত শুনানি খারিজ করে দিয়েছেন । অভিষেক পোড়েলের বিরুদ্ধে যে অভিযোগ, তা অত্যন্ত গুরুতর, সেই জন্য বিচারপতি জরুরি ভিত্তিতে এই মামলার শুনানি করতে অস্বীকার করেছেন । পাশাপাশি কলকাতা হাইকোর্টের যে বেঞ্চে জামিনের আবেদনের শুনানি করা হয় সেখানে আবেদন করার পরামর্শ দেন বিচারপতি সৌগত ভট্টাচার্য ।

আরও পড়ুন -