ETV Bharat / state

বাংলায় ক্যানসারের রূপ নেওয়া হিংসা-দুর্নীতিকে সমূলে উৎপাটন করা দরকার: রাজ্যপাল

তিনি বলেন, রাজ্যপাল হিসেবে বঙ্গে আসার পর গত কয়েকটি নির্বাচনে বিভিন্ন হিংসার ঘটনার সাক্ষী থেকেছেন তিনি ।

ETV BHARAT
ভারতীয় জাদুঘরে আয়োজিত অনুষ্ঠানে রাজ্যপাল (নিজস্ব চিত্র)
author img

By ETV Bharat Bangla Team

Published : February 25, 2026 at 4:59 PM IST

3 Min Read
Choose ETV Bharat

কলকাতা, 25 ফেব্রুয়ারি: আর কিছুদিনের মধ্যেই বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণা হবে । তা নিয়ে চিন্তিত রাজ্যপাল সিভি আনন্দ বোস । তিনি বলেন, রাজ্যপাল হিসেবে বঙ্গে আসার পর গত কয়েকটি নির্বাচনে বিভিন্ন হিংসার ঘটনার সাক্ষী থেকেছেন তিনি । সেই অভিজ্ঞতা থেকেই তাঁর প্রার্থনা, ছাব্বিশের বিধানসভা নির্বাচনে যেন কোনওরকম অশান্তি না-ঘটে । এ প্রসঙ্গে বুধবার রাজ্যপাল আবারও বলেন, "বাংলায় হিংসা ও দুর্নীতি ক্যানসারের রূপ নিয়েছে, তাকে সমূলে উৎপাটন করা দরকার ৷"

ঐতিহ্য, সম্প্রীতি ও সামগ্রিক বিকাশের বার্তা নিয়ে কলকাতার ভারতীয় জাদুঘরে হয় বিশেষ অনুষ্ঠান 'শান্তি, শুদ্ধি, সমৃদ্ধি'। দেশের সংস্কৃতি মন্ত্রক এবং কলকাতার জাদুঘরের উদ্যোগে আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজ্যপাল সিভি আনন্দ বোস ৷ এই কর্মসূচিতে রাজ্যের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্রছাত্রী ও বিশিষ্ট ব্যক্তিরাও অংশ নেন । মিউজিয়ামের বার্থ সেন্টেনারি অডিটোরিয়ামের এই অনুষ্ঠানে ঐতিহ্য রক্ষা, সামাজিক সম্প্রীতি এবং সর্বাঙ্গীণ উন্নয়নের উপর গুরুত্ব আরোপ করা হয় ।

বাংলায় দুর্নীতি ও হিংসা নিয়ে সরব রাজ্যপাল (নিজস্ব ভিডিয়ো)

রাজ্যপাল তাঁর বক্তব্যে বলেন, ঐতিহ্য ও সংস্কৃতির ভিত মজবুত থাকলেই সমাজে স্থায়ী শান্তি ও সমৃদ্ধি প্রতিষ্ঠা সম্ভব । তরুণ প্রজন্মকে দেশের সাংস্কৃতিক ঐতিহ্য সম্পর্কে সচেতন হওয়ার আহ্বান জানান তিনি । পাশাপাশি ছাত্রছাত্রীদের সঙ্গে সরাসরি মতবিনিময়েও অংশ নেন রাজ্যপাল । অনুষ্ঠানে সংস্কৃতি মন্ত্রকের আধিকারিকরাও উপস্থিত ছিলেন । আয়োজকদের দাবি, এই ধরনের উদ্যোগ সমাজে ইতিবাচক বার্তা ছড়িয়ে দিতে সহায়ক হবে এবং নতুন প্রজন্মকে ঐতিহ্যের সঙ্গে যুক্ত রাখবে ।

অনুষ্ঠানের পরে সাংবাদিক সম্মেলনে কেরলের নাম পরিবর্তন এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অভিযোগের বিষয়ে প্রশ্ন করা হলে রাজ্যপাল বলেন, "কেরল বিধানসভা এ বিষয়ে আগেই রেজোলিউশন পাশ করেছিল । তারপরে সেটা দিল্লিতে পাঠানো হয় । কেন্দ্রীয় সরকারের ক্যাবিনেট তাতে সম্মতি জানিয়েছে । কেরল থেকে নাম বদল হয়ে কেরলম করা হয়েছে । স্বাগত করার মতো সিদ্ধান্ত । রাজ্যের মুখ্যমন্ত্রী যে অভিযোগ করছেন, সেটা তাঁর সম্পূর্ণ ব্যক্তিগত অভিমত ।"

ETV BHARAT
ভারতীয় জাদুঘরে আয়োজিত অনুষ্ঠানে রাজ্যপাল (নিজস্ব চিত্র)

রাজ্যের এসআইআর প্রক্রিয়ায় ভিনরাজ্যের বিচারবিভাগীয় আধিকারিককে নিযুক্ত করার যে নির্দেশ সুপ্রিম কোর্ট দিয়েছে, সেবিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে রাজ্যপাল বলেন, "যা যা অভিযোগ ও সমস্যা হচ্ছে, তা সময়ের সঙ্গে সঙ্গে আপডেটেড হচ্ছে । আমি নিশ্চিত, সংশ্লিষ্ট সংস্থা ধাপে ধাপে সমস্ত কিছুই রেক্টিফাই করবে । আদালত সেই পদক্ষেপ করছে ।"

অন্যদিকে, রাজ্যে দুর্নীতি ও হিংসার প্রসঙ্গ তুলে রাজ্যপালের অভিযোগ, "বঙ্গের রাজনীতিতে চুরি, দুর্নীতি ও হিংসা ক্যানসারের রূপ নিয়েছে, যা সমূলে নির্মূল করা দরকার । তা না-হলে বাংলাকে বাঁচানো যাবে না । বাংলার ঐতিহ্যকে রক্ষা করতেই হবে ।"

এদিকে, এক ব্যক্তিকে খুনের অভিযোগে উত্তপ্ত হয়ে উঠেছে হাওড়ার পিলখানা । সে বিষয়ে তিনি নজর রাখছেন বলে জানিয়েছেন রাজ্যপাল সিভি আনন্দ বোস ৷