নিয়োগ দুর্নীতি মামলা: জীবনকৃষ্ণের নজর থেকে বাঁচেননি যোগ্য চাকরিপ্রার্থীরাও !
বহু যোগ্য চাকরিপ্রার্থীর নিয়োগপত্র বাতিলের হুমকি ৷ বদলে মোটা টাকা চাওয়ার অভিযোগ বড়ঞার বিধায়কের বিরুদ্ধে ৷

Published : November 8, 2025 at 9:03 PM IST
কলকাতা, 8 নভেম্বর: নিয়োগ দুর্নীতি মামলায় একের পর এক নতুন তথ্য উঠে আসছে তদন্তকারীদের হাতে ৷ সিবিআইয়ের হাতে গ্রেফতারির পর এবার ইডি-র হাতেও গ্রেফতার হয়েছেন বড়ঞার তৃণমূল বিধায়ক জীবনকৃষ্ণ সাহা ৷ আর তারপরেই উঠে এল আরও চাঞ্চল্যকর তথ্য ৷ ইডি সূত্রে খবর, শুধু অযোগ্য চাকরিপ্রার্থী নয়, যোগ্য প্রার্থীদের কাছ থেকেও চাকরির বদলে টাকা দাবি করেছিলেন জীবনকৃষ্ণ সাহা ও তাঁর সঙ্গীরা ৷
তদন্তে উঠে এসেছে, সরকারি স্কুলে শিক্ষক পদে চাকরি পাইয়ে দেওয়ার নাম করে একাধিক প্রার্থীর কাছ থেকে বিপুল অঙ্কের টাকা তোলা হয়েছিল ৷ ইডি-র দাবি, জীবনকৃষ্ণ সাহার নেতৃত্বে গড়ে ওঠা একটি সংগঠিত চক্র টাকার বিনিময়ে চাকরি বিক্রির কাজ চালাত ৷ সেই চক্রের মূল পরিকল্পনাকারী হিসেবে জীবনকৃষ্ণের নামই সামনে এসেছে ৷
ইডি সূত্রে জানা গিয়েছে, যোগ্য প্রার্থীদের মধ্যেও ভয় ও লোভ—দুই অস্ত্রই ব্যবহার করা হতো ৷ অনেককে বলা হয়েছিল, চাকরি পেতে হলে কিছু দিতে হবে ৷ কেউ টাকা দিতে অস্বীকার করলে, তাঁদের নিয়োগপত্র বাতিলের হুমকি দেওয়া হতো বলে অভিযোগ ৷ ইডি-র দাবি, কারও কাছ থেকে 10 লক্ষ, তো আবার কারও কাছ থেকে 16 লক্ষ 50 হাজার টাকা পর্যন্ত দাবি করা হয়েছিল ৷
সূত্রের খবর, ইতিমধ্যেই ইডি বেশ কয়েকজন প্রার্থীর বয়ান রেকর্ড করেছে, যাঁরা সরাসরি এই অর্থ লেনদেনের বিষয়ে বিস্তারিত তথ্য দিয়েছেন ৷ তাঁদের মধ্যে অনেকে জানিয়েছেন, তাঁরা প্রাথমিকভাবে টাকা দিতে অস্বীকার করলে, নিয়োগ বিলম্বিত হয়েছে বা বাতিল হয়ে গিয়েছে ৷
ইডি-র দাবি, তদন্তে ক্রমশ স্পষ্ট হচ্ছে যে, জীবনকৃষ্ণ সাহা নিয়োগ দুর্নীতির অন্যতম মূল সূত্রধর ৷ তাঁর নির্দেশেই জেলা ও রাজ্যস্তরে এই লেনদেনের নেটওয়ার্ক তৈরি হয়েছিল ৷ সেই টাকা কার মাধ্যমে আদান-প্রদান হয়েছিল, তা এখন খতিয়ে দেখছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ৷ পাশাপাশি, টাকা নেওয়া ও দেওয়ার প্রমাণ হিসেবে মোবাইলের বার্তালাপ, ব্যাঙ্কের লেনদেন সংক্রান্ত নথি সংগ্রহ করা হচ্ছে ৷
তদন্তকারীদের ধারণা, এই দুর্নীতির জাল রাজ্যের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে রয়েছে ৷ ইডি ইতিমধ্যেই আরও কয়েকজন প্রভাবশালী ও মধ্যস্বত্বভোগীকে নজরে রেখেছে ৷ আগামিদিনে জীবনকৃষ্ণ সাহাকে সেই সব লোকজনের মুখোমুখি বসিয়ে জেরা করার পরিকল্পনাও রয়েছে তদন্তকারীদের ৷
নিয়োগ দুর্নীতিতে এখনও একাধিক প্রভাবশালীর নাম ঘুরছে ৷ এই মামলায় জীবনকৃষ্ণ সাহার নতুন ভূমিকা প্রকাশ্যে আসায় রাজনৈতিক মহলেও তীব্র চাঞ্চল্য তৈরি হয়েছে ৷ তবে একথা স্পষ্ট, জীবনকৃষ্ণ সাহার বিরুদ্ধে ইডি-র এই নতুন অভিযোগ নিয়োগ দুর্নীতি মামলার তদন্তে নতুন মোড় আনল ৷

