শওকত মোল্লার ছেলের ক্যাফেতে বুলডোজার, 'অবৈধ নির্মাণ' বললেন সজল ঘোষ
বৃহস্পতিবার সকাল হতেই ক্যানিংয়ের মৌখালিতে বুলডোজারের গর্জন ৷ প্রাক্তন তৃণমূল বিধায়ক শওকত মোল্লার ছেলে ইমরানের মালিকানাধীন ক্যাফে 'অরণ্যের কূলে' ভেঙে ফেলল প্রশাসন ।

Published : July 2, 2026 at 5:05 PM IST
কলকাতা, 2 জুলাই: ক্যানিংয়ের মৌখালিতে তৃণমূল নেতা শওকত মোল্লার ছেলে ইমরান মোল্লার অবৈধ ক্যাফে 'অরণ্যের কুলে' ভেঙে ফেলার ঘটনায় তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন বিজেপি বিধায়ক সজল ঘোষ। তিনি সরাসরি অভিযোগ করেন যে, রাজনৈতিক পালাবদলের আগে তৃণমূল নেতারা সেচ দফতরের জমি ও নদীর তলদেশ বেআইনিভাবে দখল করে এই ধরনের অবৈধ নির্মাণকাজ চালাতেন।
নোটিশ দেওয়া হয়েছিল আগেই ৷ বৃহস্পতিবার সকাল হতেই ক্যানিংয়ের মৌখালিতে বুলডোজারের গর্জন ৷ প্রাক্তন তৃণমূল বিধায়ক শওকত মোল্লার ছেলে ইমরানের মালিকানাধীন ক্যাফে 'অরণ্যের কূলে' ভেঙে ফেলল প্রশাসন । অভিযোগ, মাতলা নদীর চর দখল করে সম্পূর্ণ বেআইনিভাবে নির্মাণ করা হয়েছিল এই ক্যাফেটি । আগে থেকেই মহকুমাশাসকের তরফে ভাঙার নোটিস দেওয়া হয়েছিল । সেই নির্দেশ কার্যকর করতেই আজ সকালে প্রশাসন অভিযান চালায় । অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে এলাকায় মোতায়েন করা হয় বিশাল পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী ।
ভারী যন্ত্রপাতি এবং বুলডোজার নিয়ে অভিযান শুরু হয় । একে একে ক্যাফের বিভিন্ন অংশ ভাঙা শুরু করে প্রশাসন । চকচকে সাজসজ্জায় তৈরি ক্যাফেটির কাঠামো মুহূর্তে ধ্বংসস্তূপে পরিণত হতে থাকে । ঘটনাস্থলে উপস্থিত ছিলেন ক্যানিং মহকুমার পুলিশ আধিকারিক, জীবনতলা থানার পুলিশ আধিকারিক এবং প্রশাসনের অন্যান্য আধিকারিকরা । সম্ভাব্য বিক্ষোভ বা অশান্তি রুখতে গোটা এলাকা ঘিরে ফেলে পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী । সাধারণ মানুষের যাতায়াতেও আংশিক নিয়ন্ত্রণ আনা হয় । স্থানীয়দের একাংশ প্রশাসনের এই পদক্ষেপকে স্বাগত জানিয়েছেন । তাঁদের বক্তব্য, দীর্ঘদিন ধরে প্রভাব খাটিয়ে বেআইনি নির্মাণ চললেও এবার প্রশাসন কড়া পদক্ষেপ নিয়েছে ।
মহকুমা প্রশাসন নোটিশ দেওয়া সত্ত্বেও ‘শওকত-পুত্র’ সন্তোষজনক জবাব বা বৈধ নথিপত্র দেখাতে না পারায় পুলিশ ও কেন্দ্রীয় বাহিনীকে নামিয়ে ক্যাফেটি বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেওয়া হয়। সজল ঘোষের মতে, প্রাক্তন বিধায়ক শওকত মোল্লা ও তাঁর পরিবার দীর্ঘকাল ধরে নিজেদের রাজনৈতিক প্রভাব খাটিয়ে সরকারি সম্পত্তি দখল করে রেখেছিলেন। অতীতে ক্ষমতাসীন দলের ছত্রছায়ায় যে ধরনের দুর্নীতি চলছিল, তার তীব্র সমালোচনা করেন বিজেপি বিধায়ক। তিনি বারবার উল্লেখ করেছেন, অবৈধ দখল ও লুটপাট বরদাস্ত করা হবে না ৷ দোষীদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা গ্রহণই এখন সময়ের দাবি বলে জানান সজল ঘোষ।

