ETV Bharat / state

কয়েক কোটির ব্রাউন সুগার পাচার ! শিলিগুড়িতে গ্রেফতার বিএসএফ আধিকারিক

গাড়ির নম্বর প্লেটের পিছনে গোপন চেম্বারে লুকিয়ে পাচার করা হচ্ছিল ব্রাউন সুগার ৷ ধৃতের কাছ থেকে উদ্ধার বিএসএফ-এর আইডি ৷

DRUG SMUGGLING
কয়েক কোটি টাকার মাদকপাচারের অভিযোগে শিলিগুড়িতে গ্রেফতার বিএসএফ আধিকারিক ৷ (ছবি- পুলিশ)
author img

By ETV Bharat Bangla Team

Published : February 23, 2026 at 8:09 PM IST

2 Min Read
Choose ETV Bharat

দার্জিলিং, 23 ফেব্রুয়ারি: কোটি-কোটি টাকার মাদক পাচারের অভিযোগে গ্রেফতার হলেন এক বিএসএফ আধিকারিক ৷ রবিবার গভীর রাতে ঘটনাটি ঘটেছে শিলিগুড়ি মহকুমার ফাঁসিদেওয়ার মুরলীগঞ্জে ৷ ধৃত অলোক কুমার রবিকর বিএসএফ-এর ইন্সপেক্টর পদে রয়েছেন ৷ বর্তমানে ছত্তিশগড়ে পোস্টিং-এ রয়েছেন তিনি ৷ তাঁর কাছ থেকে তিন কেজি 349 গ্রাম ব্রাউন সুগার বাজেয়াপ্ত করেছে পুলিশ ৷

জানা গিয়েছে, এদিন গোপন সূত্রে খবর পেয়ে মুরলীগঞ্জের চেকপোস্ট এলাকায় অভিযান চালায় পুলিশ ৷ সেই সময় বিহারের দিক থেকে আসা একটি বিএসএফ-এর বোর্ড লাগানো গাড়িকে আটায় পুলিশ ৷ গাড়ি থামিয়ে চালককে জিজ্ঞাসাবাদ করা হয় ৷ সেই সময় তিনি নিজেকে বিএসএফ আধিকারিক বলে পরিচয় দেন এবং তাঁর কাছে একটি আই কার্ড পাওয়া যায় ৷

তবে, তল্লাশির সময় গাড়ির পিছনের নম্বর প্লেট লাগানোর জায়গাটি দেখে সন্দেহ হয় পুলিশ কর্মীদের ৷ সন্দেহ হওয়ায় নম্বর প্লেট খুলতেই সেখানে একটি গোপন চেম্বার দেখতে পান পুলিশ আধিকারিকরা ৷ সেখান থেকেই উদ্ধার হয় কয়েক কোটি টাকা মূল্যের ব্রাউন সুগার ৷ জানা গিয়েছে, প্লাস্টিকের ছোট-ছোট প্যাকেটে মাদক ভরে পাচার করা হচ্ছিল ৷ ধৃত বিএসএফ আধিকারিক বিহারের কাটিহারের গুরুবাজার এলাকার বাসিন্দা বলে জানা গিয়েছে ৷

এই ঘটনা নিয়ে নকশালবাড়ির এসডিপিও সৌম্যজিৎ রায় বলেন, "মাদক-সহ বিএসএফ-এর একজনকে ধরা হয়েছে ৷ তাঁর কাছ থেকে আই কার্ড পাওয়া গিয়েছে ৷ পুরো ঘটনা খতিয়ে দেখা হচ্ছে ৷" পুলিশ সূত্রে খবর, বিহার থেকে এই মাদক শিলিগুড়ির দিকে নিয়ে আসা হচ্ছিল ৷ ধৃতের সঙ্গে এই পাচারচক্রে আর কারা জড়িত রয়েছে, তা খতিয়ে দেখছে পুলিশ ৷ সোমবার ধৃত ব্যক্তিকে শিলিগুড়ি আদালতে তোলা হলে বিচারক জামিনের আবেদন খারিজ করে পুলিশি হেফাজতের নির্দেশ দিয়েছেন ৷

অন্যদিকে, সোমবার অভিযান চালিয়ে সাফল্য পেল শিলিগুড়ি পুলিশ কমিশনারেটের খালপাড়া ফাঁড়ির পুলিশ ৷ সোমবার শিলিগুড়ির বর্ধমান রোডে গোপন সূত্রে খবর পেয়ে অভিযান চালিয়ে মহম্মদ বিট্টু নামে এক যুবককে গ্রেফতার করা হয় ৷ তার কাছ থেকে উদ্ধার হয় 370 গ্রাম ব্রাউন সুগার ৷ যার আনুমানিক বাজার মূল্য কয়েক লক্ষ টাকা বলে জানা গিয়েছে ৷ ধৃতকে মঙ্গলবার শিলিগুড়ি মহকুমা আদালতে তোলা হবে ৷