ETV Bharat / state

মারধর-অত্যাচার থেকে জা-কে বাঁচিয়েছিলেন ! রাগে বউদিকে কুপিয়ে খুন দেওরের

ধৃতকে বুধবার চাঁচল মহকুমা আদালতে তোলা হয় । তাঁর কঠোর শাস্তির দাবি করেছে মৃতের পরিবার ৷

malda murder case
প্রতীকী ছবি (ফাইল চিত্র)
author img

By ETV Bharat Bangla Team

Published : December 24, 2025 at 5:55 PM IST

2 Min Read
Choose ETV Bharat

মালদা, 24 ডিসেম্বর: দেওরের অত্যাচার-মারধর থেকে জা-কে বাঁচিয়ে ছিলেন বউদি ! রাগে বউদিকে ধারালো অস্ত্রের কোপ মেরে নৃশংসভাবে খুনের অভিযোগ উঠল দেওরের বিরুদ্ধে । ঘটনাটি ঘটেছে মালদা জেলার চাঁচল থানার অন্তর্গত মহিষামারি গ্রামে ৷

মৃত মহিলার নাম মাজেদা বিবি (40) । দেহটিকে ময়নাতদন্তে পাঠিয়ে ঘটনার তদন্ত শুরু করেছে চাঁচল থানার পুলিশ । মঙ্গলবার রাতে গ্রেফতার করা হয়েছে অভিযুক্ত দেওর জিয়ারুল হককে ৷ বুধবার তাঁকে চাঁচল মহকুমা আদালতে তোলা হয় ৷ মালদার পুলিশ সুপার অভিজিৎ বন্দ্যোপাধ্যায় বলেন, "অভিযোগের ভিত্তিতে দেওরকে গ্রেফতার করে ঘটনার তদন্ত করা হচ্ছে ।"

মারধর-অত্যাচার থেকে জাকে বাঁচিয়েছিলেন ! রাগে বউদিকে কুপিয়ে খুন দেওরের (ইটিভি ভারত)

পরিবার সূত্রে জানা গিয়েছে, মাজেদার স্বামী দুই ছেলেকে নিয়ে ভিনরাজ্যে কাজ করেন । পরিবারের অভিযোগ, মাজেদা বিবির দেওর জিয়ারুল হক তাঁর স্ত্রীর উপর শারীরিক ও মানসিক অত্যাচার চালাতেন । কিছুদিন আগে জিয়ারুল স্ত্রীকে মারধরও করেছিলেন । সেই সময় জায়ের কাছে আশ্রয় নিয়েছিলেন জিয়ারুলের স্ত্রী । পরে তিনি বাবার বাড়ি চলে যান । এনিয়ে বউদির উপর রাগ জমেছিল জিয়ারুলের । সেই আক্রোশ থেকে সোমবার গভীর রাতে শোওয়ার ঘরে ঢুকে ধারালো অস্ত্র দিয়ে বউদিকে জিয়ারুল এলোপাথাড়ি কোপ মারে বলে অভিযোগ । ঘটনাস্থলেই মৃত্যু হয় মাজেদার ।

মৃতের দিদি শাহানাজ বিবি বলেন, "রাত দেড়টা নাগাদ খবর পাই, বোনকে কুপিয়ে খুন করা হয়েছে । পরে জানতে পারি, সোমবার রাতে বোনের দেওর নিজের স্ত্রীকে মারধর করছিল । বোন দেওরের স্ত্রীকে নিজের ঘরে আশ্রয় দিয়েছিল । অত্যাচার সহ্য না করতে পেরে বোনের দেওরের স্ত্রী বাবার বাড়ি চলে যান । এনিয়ে বোনের উপর চরম ক্ষিপ্ত ছিল ওর দেওর । সেই রাগ থেকেই বোনকে কুপিয়ে খুন করা হয়েছে । আমরা অভিযুক্তের ফাঁসি চাই ৷"

স্থানীয় গ্রাম পঞ্চায়েত সদস্য বেলাল হোসেন বলেন, "রাত একটা-দেড়টা নাগাদ ঘটনার খবর পাই । তড়িঘড়ি স্থানীয় কয়েকজনকে নিয়ে ঘটনাস্থলে ছুটে গিয়েছিলাম । ঘটনাস্থলে পৌঁছে দেখি, ধারালো অস্ত্র দিয়ে একাধিক কোপ মেরে ওই মহিলাকে খুন করা হয়েছে । আমরা পুলিশে খবর দিই । খানিক সময়ের মধ্যেই ঘটনাস্থলে পুলিশ পৌঁছে যায় । খবর পেলাম, যে ব্যক্তি খুন করেছে তার সঙ্গে স্ত্রীর বিবাদ চলছিল । মারধর করায় বউদি দেওরের স্ত্রীকে নিয়ে আসে । দেওরের স্ত্রী সেখানে রাত কাটানোর পর বাড়ি চলে যান । সেই রাগ থেকেই দেওর বউদিকে খুন করে । আমরা দোষীর কঠোর শাস্তি চাই ।"