পারিবারিক সম্পত্তি নিয়ে বিবাদ ! ভাইয়ের মারধরে মৃত্যু দাদার
তদন্তে নেমে পার্ক স্ট্রিট থানার পুলিশ অভিযুক্তকে গ্রেফতার করেছে ৷ তাঁকে আদালতেও পেশ করা হয়েছে ৷

Published : December 31, 2025 at 6:14 PM IST
কলকাতা, 31 ডিসেম্বর: পারিবারিক সম্পত্তি ও দীর্ঘদিনের বিবাদকে কেন্দ্র করে ভয়াবহ পরিণতি । ভাইয়ের হাতে আক্রান্ত হয়ে প্রাণ হারালেন এক প্রৌঢ় । ঘটনাটি ঘটেছে মঙ্গলবার দক্ষিণ কলকাতার পার্ক স্ট্রিট থানার অন্তর্গত এজেসি বসু রোড এলাকায় ।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃত ব্যক্তির নাম নীরজ জয়সওয়াল (55) । অভিযোগ, গত 30 ডিসেম্বর সন্ধ্যা সাড়ে ছ'টা থেকে সাতটার মধ্যে 36/এ, এজেসি বসু রোডের সামনে নীরজ জয়সওয়াল ও তাঁর ভাই ধীরজ জয়সওয়ালের মধ্যে সম্পত্তি এবং পারিবারিক বিষয় নিয়ে তীব্র বচসা শুরু হয় । সেই বচসার মধ্যেই ধীরজ জয়সওয়াল নীরজকে ঘুষি ও কিল মারেন বলে অভিযোগ ।

ধাক্কায় রাস্তায় পড়ে যান নীরজ ৷ মাথা ইটের উপর গিয়ে লাগে তাঁর । গুরুতর জখম হন তিনি ৷ অচৈতন্য হয়ে পড়েন । ঘটনাস্থলে উপস্থিত স্থানীয় কয়েকজন বিষয়টি নীরজের পরিবারের সদস্যদের জানান । পরে গুরুতর অবস্থায় এনআরএস হাসপাতালে ভর্তি করা হয় নীরজকে । কিন্তু চিকিৎসকদের সব চেষ্টা ব্যর্থ হয় ৷ বুধবার অর্থাৎ 31 ডিসেম্বর দুপুর 12টা 40 মিনিট নাগাদ তাঁকে মৃত ঘোষণা করা হয় ।
এই ঘটনায় মৃতের ছেলে শুভম জয়সওয়াল (28) পার্ক স্ট্রিট থানায় লিখিত অভিযোগ দায়ের করেন । অভিযোগের ভিত্তিতে পুলিশ খুনের মামলা রুজু করে তদন্ত শুরু করেছে । তদন্তে নেমে পুলিশ অভিযুক্ত ধীরজ জয়সওয়াল (53)-কে তাঁর এজেসি বসু রোডের বাড়ি থেকে আটক করে এবং জিজ্ঞাসাবাদ শুরু করে । পুলিশের দাবি, জিজ্ঞাসাবাদে অভিযুক্ত অপরাধের কথা স্বীকার করায় তাঁকে গ্রেফতার করা হয়েছে । বুধবার তাঁকে আলিপুর পুলিশ আদালতে পেশ করা হয়েছে ৷ ধৃতকে নিজেদের হেফাজতে নেওয়ার আবেদন করেছে পুলিশ ৷ শেষ খবর পাওয়া পর্যন্ত আদালতের নির্দেশ জানা যায়নি ৷
এই ঘটনা নিয়ে কলকাতা পুলিশের গোয়েন্দা প্রধান রূপেশ কুমার বলেন, "ধৃতকে জেরা করে বিস্তারিত তথ্য জানার কাজ চালানো হচ্ছে ৷"
এদিকে পুলিশ নীরজ জয়সওয়ালের দেহের ময়নাতদন্ত ও ইনকোয়েস্টের ব্যবস্থা করেছে । পাশাপাশি ঘটনার প্রমাণ সংগ্রহের জন্য ফরেনসিক পরীক্ষার আবেদন পাঠানো হয়েছে থানার তরফে । প্রত্যক্ষদর্শীদের বয়ানও রেকর্ড করা হচ্ছে । পারিবারিক বিবাদ থেকে এই মর্মান্তিক মৃত্যুর ঘটনায় এলাকায় উত্তেজনা ছড়িয়েছে । পুলিশ জানিয়েছে, ঘটনার সমস্ত দিক খতিয়ে দেখে তদন্ত এগিয়ে নিয়ে যাওয়া হচ্ছে ।

