ETV Bharat / state

শুধু নৈহাটি নয় ! রাজ‍্যের আরও পাঁচ জায়গায় পূজিত হবেন বড়মা'র দীর্ঘদেহী কালী

এবছর বড়মার পুজো 102 বছরে পা দিল। তবে এবার রাজ্যের আরও পাঁচ জায়গায় পূজিত হবেন বড়মা'র দীর্ঘদেহী কালী ৷

Naihati's Boro Maa Kali
নৈহাটির বড়মা (ইটিভি ভারত)
author img

By ETV Bharat Bangla Team

Published : October 18, 2025 at 7:02 PM IST

4 Min Read
Choose ETV Bharat

নৈহাটি, 18 অক্টোবর: নৈহাটির বড়মার মাহাত্ম্যর কথা কে না জানে ! কথিত আছে, বড়মার কাছে কেউ মানত করলে তাঁকে খালি হাতে ফেরান না।সেই জন‍্যই তো নৈহাটির বড়মার ট‍্যাগ লাইন 'ধর্ম যার যার বড়মা সবার' ৷ সেটাই যেন সত্যি হতে চলেছে এবারের পুজোয় । শুধু নৈহাটি নয়, বড়মা এবার পূজিত হবেন রাজ্যের আরও পাঁচ পুজো মণ্ডপে।

ইতিমধ্যে প্রত্যেক পুজো কমিটিই নৈহাটি বড়কালী পুজো সমিতির অনুমতি নিয়ে কালীপুজোর আয়োজনও শুরু করে দিয়েছে । তবে, এক্ষেত্রে একটাই নির্দেশ বড়’মার পুজো করতে হলে একই নিয়ম, আচার, রীতি পালন করতে হবে পুজো উদ্যোক্তাদের। তা মেনেই উদ্যোক্তারা বড়মার পুজো করছেন বলে খবর পুজো কমিটি সূত্রে।

এই বিষয়ে নৈহাটি বড়কালী পুজো সমিতির সম্পাদক তাপস ভট্টাচার্য বলেন, "বড়মা সবার । তাই, আমরাও চাই বড়মা পূজিত হোক রাজ‍্য তথা দেশের সর্বত্র। ওই পাঁচ পুজো কমিটির উদ্যোক্তারা ইতিমধ্যে আমাদের সঙ্গে যোগাযোগ করে জানিয়েছেন তাঁরাও বড়মার পুজো করতে চান । এটা শুনে আমাদেরও ভালো লেগেছে । তাই সম্মতি দেওয়া হয়েছে । তবে, তাঁদের স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছে, নৈহাটির বড়মার পুজোর নিয়ম, আচার মেনে পুজো করতে হবে । পুজোর সময় ভক্তদের দেওয়া সামগ্রী দান করতে হবে ।"

Naihati's Boro Maa Kali
এবারের বড়মা পুজোর নির্ঘণ্ট (ইটিভি ভারত)

তিনি আরও বলেন, "আগামী সোমবার কালীপুজোর রাতে ঠিক বারোটায় নৈহাটির বড়মার পুজো শুরু হওয়ার পরে ওই পুজো কমিটির উদ্যোক্তারা তাঁদের পুজো শুরু করতে পারবেন। বড়মার প্রতিমা নিরঞ্জনের দিনই তাঁদের প্রতিমাও নিরঞ্জন করতে হবে। তবে নৈহাটির বড়মার মাতৃ প্রতিমা নিরঞ্জন হওয়ার পরে।”

এদিকে, নৈহাটির বড়কালী পুজো সমিতির অনুমতি নিয়ে বড়মার পুজোর আয়োজন হচ্ছে নিমতা থানা সংলগ্ন বিরাটির দাসনগর পঞ্চানন পল্লি পুজো কমিটি, বরানগর, কলকাতার কলেজ স্ট্রিট, মালদার খলিশানি ও শিলিগুড়িতে। সকলেই বড়মার দীর্ঘদেহী প্রতিমা তৈরি করেছে । কলেজ স্ট্রিটের বড়মার মাতৃ প্রতিমা তৈরি করেছেন, নৈহাটির বড়মার প্রতিমা শিল্পী শুভেন্দু সরকার । ইতিমধ্যে সেই প্রতিমা নৈহাটি থেকে রওনাও হয়ে গিয়েছে।

এই নিয়ে বিরাটির দাসনগর পঞ্চাননপল্লি পুজো কমিটির অন্যতম কর্মকর্তা বিশ্বজিৎ দাস জানিয়েছেন, "আমাদের পুজো 70 বছরের বেশি পুরনো।বড়মাকে নিয়ে ভক্তদের আবেগের কারণে গত বছর থেকে একই নিয়ম মেনে আমরাও বড়মার পুজো শুরু করেছি । গতবারের মতো এবারও নৈহাটির বড়মার মন্দির থেকে পাঠানো শাড়ি বিতরণ করা হবে।”

অন‍্যদিকে, নৈহাটির বড়মার পুজোকে কেন্দ্র করে এখন থেকেই নৈহাটিজুড়ে সাজসাজ রব । ইতিমধ্যে নৈহাটি বড়কালী পুজো সমিতি ট্রাস্টের পক্ষ থেকে বড়মার পুজোর নির্ঘণ্ট প্রকাশ করা হয়েছে । মন্দির কমিটির তরফে জানানো হয়েছে, এবছর বড়মার পুজো 102 বছরে পা দিল। ভক্তদের সুবিধার্থে গত 13 অক্টোবর থেকে পুজো দেওয়ার কাউন্টার খুলে দেওয়া হয়েছে । ভিড় সামাল দিতে পুজোর কাউন্টারের সংখ্যা ধাপে ধাপে বাড়ানো হবে।

মন্দির কমিটি সূত্রে খবর, পুজোর দিন অথ‍্যাৎ 20 অক্টোবর দুপুর 2টে 57 মিনিটে শুরু অমাবস্যা। সেদিন রাত 12টায় বড়মার পুজো শুরু হবে।পুষ্পাঞ্জলি হবে রাত আড়াইটায়। তাতে অংশ নিতে পারবেন পুজো দিতে আসা ভক্তরা। অঞ্জলি শেষে প্রসাদ ও ভোগ বিতরণ করা হবে। ভক্তদের সুবিধার্থে নৈহাটির নির্দিষ্ট দু'টি জায়গা থেকে পুজোর প্রসাদ বিতরণ করা হবে। এছাড়া 24 অক্টোবর পর্যন্ত নৈহাটির বড়মার প্রতিমার নিত্যপুজোও হবে অরবিন্দ রোডে।

Naihati's Boro Maa Kali
নৈহাটির বড়মার প্রতিমা (ইটিভি ভারত)

প্রতি বছরই পুজোর সময় গঙ্গার স্নান করে বহু ভক্ত দণ্ডি কেটে বড়মার কাছে মানত করেন। অরবিন্দ রোড ধরে দণ্ডি কেটে তাঁরা বড়মার মন্দির চত্ত্বরে আসেন। এবছরও বড়মার লক্ষ লক্ষ ভক্ত দণ্ডি কেটে মানত পূরণের উদ্দেশ্যে আসবেন মন্দির চত্বরে। কখন ভক্তরা দণ্ডি কাটতে পারবেন তার সময়ও নির্ধারণ করে দেওয়া হয়েছে মন্দির কমিটির তরফে। জানা গিয়েছে, 20 অক্টোবর অথ‍্যাৎ সোমবার ভোরবেলা থেকে সন্ধ্যা ছ'টা পর্যন্ত দণ্ডি কাটতে পারবেন ভক্তরা। পুজো শেষে 24 অক্টোবর বিকেলে বড়মার নিরঞ্জন হবে গঙ্গাবক্ষে । বড়মার বার্ষিক পুজো উপলক্ষে 18 অক্টোবর থেকে 25 অক্টোবর পর্যন্ত বড়মার মন্দির বন্ধ থাকবে সর্বসাধারণের জন্য। পুজোর সময় ভক্তরা যাতে সুষ্ঠুভাবে বড়মার পুজো দিতে পারেন তার জন্য মন্দির কমিটি ও পুলিশ প্রশাসনের তরফে যাবতীয় পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানা গিয়েছে ।