ETV Bharat / state

ক্লাসরুমে উদ্ধার বিএলও'র ঝুলন্ত দেহ, 'কাজের চাপে' নিজেকে শেষ করলেন প্রধান শিক্ষক !

ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধন বা এসআইআরের কাজের চাপে নিজেকে শেষ করলেন বিএলও ৷ এই নিয়ে সোশাল মিডিয়ায় পোস্ট করেছেন তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় ৷

BLO died in Bankura
বাঁকুড়ায় বিএলওর মৃত্যুতে চাঞ্চল্য, কাজের চাপকেই দায়ী করেছেন তিনি (ইটিভি ভারত)
author img

By ETV Bharat Bangla Team

Published : December 28, 2025 at 7:10 PM IST

2 Min Read
Choose ETV Bharat

রানিবাঁধ, 28 ডিসেম্বর: প্রাথমিক বিদ্যালয়ের ক্লাসরুম থেকে উদ্ধার বিএলও'র ঝুলন্ত দেহ ৷ ঘটনাটি ঘটেছে বাঁকুড়ার রানিবাঁধ বিধানসভার রাজাকাটা এলাকায় ৷ পরিবারের দাবি, বিএলও-র কাজের চাপ নিতে না পেরেই চরম সিদ্ধান্ত নিয়েছেন স্কুলের প্রধান শিক্ষক হারাধন মণ্ডল ৷

ঘটনা প্রসঙ্গে সরব হয়েছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় ৷ মৃত্যুর জন্য বিজেপিকেই দুষেছেন তিনি ৷ অন্যদিকে, মৃত্যুর কারণ জানতে তদন্ত শুরু করেছে পুলিশ ৷ বাঁকুড়ার পুলিশ সুপার সৌম্যদীপ ভট্টাচার্য জানান, "পুরো বিষয়টি খতিয়ে দেখে আইনি পদক্ষেপ করা হবে"।

বাঁকুড়ায় বিএলওর মৃত্যুতে চাঞ্চল্য, কাজের চাপকেই দায়ী করেছেন তিনি (ইটিভি ভারত)

ঘটনাস্থল থেকে একটি নোট উদ্ধার হয়েছে ৷ তাতে লেখা, "আমি আর চাপ নিতে পারছি না, বিদায় ৷" শেষে লেখা আছে, "সব ঠিক করেও আমি ভুল করলাম ৷ ক্ষমা করো আমাকে ৷" ৷ খবর পেয়ে ঘটনাস্থলে আসে রানিবাঁধ থানার পুলিশ ৷ পরে দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বাঁকুড়া সম্মিলনী মেডিক্যাল কলেজে পাঠানো হয়েছে ৷

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বাঁকুড়ার রাজাকাটা মাঝেরপাড়া প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রানিবাঁধ বিধানসভার 206 নম্বর বুথে বিএলও'র দায়িত্বে ছিলেন ৷ তাঁর বুথের কিছু ভোটারের শুনানিতে ডাক পড়েছে ৷ সেই ভোটারদের নথিপত্র জোগাড়ের নাম করে এদিন বেলা দশটা নাগাদ নিজের বাড়ি থেকে বের হন বিএলও হারাধন ৷ এরপর তাঁর আর কোনও খোঁজ পাওয়া যায়নি ৷ পরে পরিবারের লোকজন তাঁর খোঁজ করতে করতে স্কুলে গিয়ে একটি ক্লাসরুমে তাঁর ঝুলন্ত দেহ দেখতে পান ৷ পরিবারের দাবি, হারাধন এসআইআরের কাজের চাপ নিতে না-পেরে মানসিক অবসাদে ভুগছিলেন ৷ অনেক রাত জেগে কাজ করতেন ৷ তার জেরেই এমন ঘটনা ৷

এই মৃত্যু নিয়ে সোশাল মিডিয়ায় পোস্ট করেছেন অভিষেক ৷ তিনি লেখেন, "মৃত্যুর সংখ্যা ক্রমশ বেড়ে চলেছে ৷ নির্বাচন কমিশনের নিযুক্ত আরেকজন বিএলওর মৃত্যুর খবর পাওয়া গেল ৷ দ্রুত ও রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত এসআইআর প্রক্রিয়ায় অমানবিক কাজের চাপে তিনি তাঁর নিজের জীবন শেষ করেছেন ৷ শ্রী হারাধন মণ্ডল, 249 রবীন্দ্রনাথ বিধানসভার পার্ট নম্বর 206-এর কাজ করছিলেন ৷ তিনি নোটে লিখে গিয়েছেন, চাপের কারণে তাঁকে এই সিদ্ধান্ত নিতে হচ্ছে ৷ বিজেপি নিজেদের রাজনৈতিক ফায়দার কারণে এই ভোটার তালিকা সংশোধনের কাজ করছে ৷ আর এই কাজের আতঙ্ক, চাপ, দুশ্চিন্তার কারণে 50 জনেরও বেশি মানুষের ইতিমধ্যে মৃত্যু হয়েছে ৷"

রাজ্যে গতকাল থেকে এসআইআর-এর শুনানি পর্ব শুরু হয়েছে ৷ তারপর এই মৃত্যুর ঘটনা সামনে এল ৷ এর আগেও বেশ কয়েকবার এই ধরনের ঘটনা ঘটেছে ৷ প্রায় প্রতিটি ক্ষেত্রেই মৃতের পরিবার থেকে শুরু করে বাংলার শাসক শিবির ঘটনার দায় চাপিয়েছে কমিশনের উপর ৷