ETV Bharat / state

BLO-র সঙ্গে ফর্ম বিলি, হিঙ্গলগঞ্জ-ব‍্যারাকপুরে বিজেপির BLA 2-কে বেদম মার !

কালীতলা পঞ্চায়েতের প্রধান শ্যামল মণ্ডলের নেতৃত্বেই তৃণমূলের কয়েকজন দুষ্কৃতী এই হামলা চালিয়েছে বলে অভিযোগ ।

ETV BHARAT
বিজেপির BLA 2-কে মারধর (নিজস্ব চিত্র)
author img

By ETV Bharat Bangla Team

Published : November 5, 2025 at 2:48 PM IST

3 Min Read
Choose ETV Bharat

হিঙ্গলগঞ্জ, 5 নভেম্বর: মঙ্গলবার থেকে পশ্চিমবঙ্গে শুরু হয়েছে SIR প্রক্রিয়া । এন্যুমারেশন ফর্ম নিয়ে বাড়ি-বাড়ি যাচ্ছেন BLO-রা । ফর্ম বিলির সময় অধিকাংশ জায়গাতেই নেই বিরোধী দলের বিএলএ-2 অর্থাৎ বুথ লেভেল এজেন্ট । আবার কোথাও থাকলেও তৃণমূলের বুথ লেভেল এজেন্ট (BLA-2)-এর সঙ্গে ঠিকমতো তাঁরা এঁটে উঠতে পারছেন না বলে অভিযোগ । এই আবহেই এবার উত্তর 24 পরগনার হিঙ্গলগঞ্জ ও ব‍্যারাকপুর থেকে সামনে এসেছে অশান্তির খবর । ফর্ম বিলির সময় BLO (বুথ লেভেল অফিসার)-র সঙ্গে থাকা বিজেপির BLA-2 অর্থাৎ বুথ লেভেল এজেন্ট-রা আক্রান্ত হয়েছেন বলে অভিযোগ । তাতে নাম জড়িয়েছে শাসকদলের । যদিও গেরুয়া শিবিরের তোলা এই অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল কংগ্রেস ।

হিঙ্গলগঞ্জে যে অশান্তির ঘটনাটি ঘটেছে সেটি কালীতলা পঞ্চায়েতের সামশেরনগর এলাকার 253 নম্বর বুথের । জানা গিয়েছে, সেখানকার BLO সৌমিত্র মণ্ডলের সঙ্গে এন্যুমারেশন ফর্ম বিলি করতে বাড়ি বাড়ি গিয়েছিলেন বিজেপির BLA-2 রঞ্জিত মল্লিক । SIR-এর কর্মসূচি সেরে মঙ্গলবার রাতে বাড়ি ফেরার সময় রঞ্জিতকে ধরে কিছু দুষ্কৃতী মারধর করে বলে অভিযোগ ।

হিঙ্গলগঞ্জ-ব‍্যারাকপুরে বিজেপির BLA 2-কে বেদম মার ! (নিজস্ব ভিডিয়ো)

রঞ্জিতের অভিযোগ, কালীতলা পঞ্চায়েতের প্রধান শ্যামল মণ্ডলের নেতৃত্বেই তৃণমূলের কয়েকজন দুষ্কৃতী এই হামলা চালিয়েছে । তাঁকে বেধড়ক মারধর করা হয়েছে । পরে আক্রান্ত বিজেপির ওই বুথ লেভেল এজেন্টের চিৎকারে এলাকার মানুষ ছুটে এলে ঘটনাস্থল থেকে পালিয়ে যায় দুষ্কৃতীরা । আহত ব্যক্তিকে তাঁরা উদ্ধার করে নিয়ে যান হাসপাতালে ।

এই বিষয়ে আক্রান্ত রঞ্জিত মল্লিক বলেন, "আমি বিএলএ-2 এর কাজ করছি । মঙ্গলবার বিকেল চারটে নাগাদ ফর্ম বিলির জন্য বিএলও ডাকেন । আমি সেখানে যাই । দুটো ফর্ম বিলির পর অন্ধকার হয়ে যাওয়ায় সেই কাজ বন্ধ হয়ে যায় সেদিনের জন্য । আমার সঙ্গে তৃণমূলের একজন বিএলএ ছিলেন । আর দু'জন অন্য লোকও ছিলেন । বাড়ি ফেরার সময় ওরা আমার পথ আটকে দাঁড়ায় । প্রচণ্ড মারধর করে । বুকে পেটে লাথি-চড় মেরেছে ।চোখেও আঘাত লেগেছে ।"

আক্রান্ত দলের বুথ লেভেল এজেন্টের পাশে দাঁড়িয়ে বিজেপির রাজ‍্য মুখপাত্র দীপঙ্কর সরকার বলেন, "রঞ্জিতকে সাজ্জাদ গাজি, চিন্ময় মণ্ডল, সুনীল মণ্ডল নামে তৃণমূলের দুষ্কৃতীরা রাস্তায় ফেলে বেধড়ক মেরেছে । ওঁর ঘাড়ে আঘাত লেগেছে ।হাত ফুলে গিয়েছে । হামলা করে তৃণমূল যদি ভাবে এসআইআর আটকাবে তা কোনও দিনই হবে না।”

যদিও যাঁর নেতৃত্বে এই হামলার অভিযোগ, সেই কালীতলা পঞ্চায়েতের প্রধান শ্যামল মণ্ডলের কোনও প্রতিক্রিয়া এখনও পর্যন্ত মেলেনি । তবে, এ নিয়ে মুখ খুলেছেন স্থানীয় তৃণমূল বিধায়ক দেবেশ মণ্ডল । তাঁর কথায়, "ঘটনাটি সম্পর্কে আমি অবগত নই । কী হয়েছে না হয়েছে তা আমি জানিও না । তাই না-জেনে কোনও মন্তব্য করতে পারব না ।"

এদিকে, হিঙ্গলগঞ্জের মতো ব‍্যারাকপুরেও বিজেপির বুথ লেভেল এজেন্ট (BLA-2)-কে মারধর করার অভিযোগ উঠেছে তৃণমূলের বিরুদ্ধে । আক্রান্ত বিজেপির ওই বুথ লেভেল এজেন্ট স্থানীয় প্রশাসনের দ্বারস্থ হয়েছেন । পালটা একে বিজেপির অভ্যন্তরীণ গণ্ডগোল বলে দায় চাপিয়েছে শাসক শিবির ৷

দু'টো ঘটনারই তদন্ত শুরু করেছে স্থানীয় পুলিশ প্রশাসন । ঠিক কী ঘটনা ঘটেছে তা খতিয়ে দেখা হচ্ছে বলে জানা গিয়েছে পুলিশ সূত্রে ।