ETV Bharat / state

আইপ্যাকে ইডি তল্লাশিতে মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপ, প্রতিবাদে পথে বিজেপি'র যুবমোর্চা

বৃহস্পতিবার আইপ্যাকের কর্ণধার প্রতীক জৈনের বাড়ি ও সংস্থার দফতরে ইডির তল্লাশির সময় সেখানে হাজির হন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ ফাইল, ল্য়াপটপ নিয়ে বেরিয়ে আসেন ৷

BJP Protest against CM Mamata Banerjee
ধর্মতলায় বিজেপির প্রতিবাদ (ইটিভি ভারত)
author img

By ETV Bharat Bangla Team

Published : January 9, 2026 at 8:30 PM IST

3 Min Read
Choose ETV Bharat

কলকাতা, 9 জানুয়ারি: তৃণমূল এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে অসাংবিধানিক আচরণের অভিযোগ তুলে পথে নামল বিজেপির যুব মোর্চা ৷ শুক্রবার এই বিক্ষোভ মিছিলে উপস্থিত ছিলেন দলের রাজ্য সাধারণ সম্পাদক সৌমিত্র খাঁ, উত্তর কলকাতা জেলা সভাপতি তমোঘ্ন ঘোষ, রাজ্য যুব মোর্চা সভাপতি ডাঃ ইন্দ্রনীল খাঁ-সহ অন্যান্যরা ৷

গতকাল কয়লাপাচার সংক্রান্ত পুরনো একটি মামলায় সকাল থেকে আইপ্যাকের কর্ণধার প্রতীক জৈনের লাউডন স্ট্রিটের বাড়িতে তল্লাশি চালায় ইডি ৷ পাশাপাশি তল্লাশি চলে সল্টলেকের আইপ্যাক-এর দফতরেও ৷ তখন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রথমে লাউডন স্ট্রিটে প্রতীক জৈনের বাড়িতে গিয়ে সেখান থেকে হার্ড-ড্রাইভ, সবুজ একটি ফাইল, আইফোন সঙ্গে নিয়ে বেরিয়ে আসেন ৷

এরপর তিনি পৌঁছন সল্টলেকে আইপ্যাক-এর অফিসে ৷ সেখান থেকেও তিনি একাধিক ডকুমেন্ট তুলে নিয়ে যান ৷ এই ঘটনায় রাজ্য রাজনীতিতে বিতর্ক শুরু হয় ৷ গতকাল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের এই আচরণে রাজ্যের প্রধান বিরোধী দলনেতা বিজেপি তীব্র সমালোচনা করে ৷

এদিন এরই প্রতিবাদে পথে নেমে বিক্ষোভ দেখায় বিজেপি যুব মোর্চা ৷ ধর্মতলা একেবারে অবরুদ্ধ করে বিক্ষোভ দেখায় যুব মোর্চা এবং বিজেপির কর্মী-সমর্থকরা ৷ টায়ার জ্বালিয়ে বিক্ষোভ দেখানো হয় ৷ এদিন সৌমিত্র খাঁ বলেন, "কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার কাজে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রকাশ্য সংবিধান-বিরোধী হস্তক্ষেপ, আই-প্যাকের অফিস থেকে বলপূর্বক দুর্নীতির গুরুত্বপূর্ণ প্রমাণ লোপাট এবং শাসক দলের দুর্নীতিকে আড়াল করার জঘন্য চেষ্টা করা হচ্ছে ৷ তারই বিরুদ্ধে আজ বিজেপি উত্তর কলকাতা জেলার ডাকে আয়োজিত রাজ্য যুব মোর্চার বিক্ষোভ কর্মসূচিতে উপস্থিত থেকে বিক্ষোভ দেখানো হয় ৷"

তিনি আরও বলেন, "এই সরকার গণতন্ত্রকে ভয় পায়, তদন্তকে ভয় পায় ৷ সত্য প্রকাশের চেয়ে দুর্নীতিবাজদের রক্ষা করতেই বেশি ব্যস্ত ৷ মমতা বন্দ্যোপাধ্যায়ের শাসনে পশ্চিমবঙ্গ আজ আইনহীনতার আখড়ায় পরিণত হয়েছে ৷ কিন্তু বিজেপি যুব মোর্চা অন্যায়, দুর্নীতি ও স্বৈরতন্ত্রের বিরুদ্ধে রাস্তায় ছিল, আছে এবং থাকবে ৷ বাংলার মানুষ আর চুপ করে থাকবে না ৷ দুর্নীতির বিরুদ্ধে লড়াই চলবে ৷ কারণ 2026-এ পরিবর্তন নিশ্চিত ৷"

এদিন দুপুরে কলকাতায় পথে নামলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ শহরের বুকে মিছিল করার পর জনসভায় এদিন মুখ্যমন্ত্রী অভিযোগ করেন, এসআইআর সেন্টারে সাধারণ মানুষকে ডেকে পাঠানো হচ্ছে, অথচ তাঁদের জমা দেওয়া নথির কোনও প্রাপ্তি স্বীকার বা রিসিট দেওয়া হচ্ছে না । উলটে কাগজপত্রে ‘নট ফাউন্ড’ (Not Found) বা অদ্ভুত সব কারণ লিখে মানুষকে ফিরিয়ে দেওয়া হচ্ছে । তাঁর প্রশ্ন, বিএলএ-1 এবং বিএলও-2রা যখন বাড়ি বাড়ি গিয়ে সমীক্ষা করেছেন, তখন তাঁরা সব যাচাই করেছিলেন । তাঁরা পোলিং বুথেও থাকেন । তাহলে এখন নতুন করে মানুষকে কেন দৌড় করানো হচ্ছে ?

ভোটার তালিকার নিবিড় সংশোধন বা এসআইআর-এর নামে সাধারণ মানুষকে অহেতুক হেনস্তা করা হচ্ছে, এই অভিযোগে ফের কেন্দ্র ও নির্বাচন কমিশনের বিরুদ্ধে সরব হলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । নাগরিকত্ব যাচাইয়ের প্রক্রিয়া থেকে শুরু করে দেশের স্বাধীনতা সংগ্রামে বাংলার অবদান- একাধিক ইস্যুতে এদিন কেন্দ্রকে একহাত নেন তিনি । বিশেষত নির্বাচন কমিশনকে উদ্দেশ্য করে তাঁর ‘ঘেঁচু’ মন্তব্য ইতিমধ্যেই রাজনৈতিক মহলে জোর চর্চার বিষয় হয়ে দাঁড়িয়েছে । মুখ্যমন্ত্রী জানিয়ে দেন, কমিশন তাঁকে নিয়ে কী ভাবল বা কী ব্যবস্থা নিল, তাতে তিনি বিন্দুমাত্র বিচলিত নন ।