মিনাখাঁয় তৃণমূল জিতলেও পঞ্চায়েত সমিতির সদস্যর বাড়ি ভাঙচুর-মহিলার শ্লীলতাহানি, কাঠগড়ায় বিজেপি
ভোটের ফল প্রকাশের পরই দিকে দিকে হিংসার ছবি উঠে আসছে ৷ মিনাখাঁ বিধানসভায় হেরেও দাপট দেখাল গেরুয়া শিবির ৷ তছনছ করল বাড়িঘর ৷

Published : May 5, 2026 at 10:32 AM IST
মিনাখাঁ, 5 মে: বিধানসভা নির্বাচনের ফল প্রকাশের পর থেকেই রাজ্যের বিভিন্ন প্রান্তে রাজনৈতিক উত্তাপ অব্যাহত । মিনাখাঁ বিধানসভায় তৃণমূল কংগ্রেস জয়লাভ করলেও, এই কেন্দ্রের বামনপুকুর এলাকায় ভোট পরবর্তী হিংসার এক ভয়াবহ অভিযোগ সামনে এসেছে ।
তৃণমূলের পঞ্চায়েত সমিতির সদস্য মহুয়া সর্দার মাইতির বাড়িতে ব্যাপক ভাঙচুর, লুটপাট এবং পরিবারের মহিলাদের শ্লীলতাহানি করার অভিযোগ উঠেছে বিজেপি আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে ।
ঘটনার বিবরণে জানা গিয়েছে, সোমবার রাতে মিনাখাঁর বামনপুকুর এলাকায় পঞ্চায়েত সমিতির সদস্যর বাসভবনে অতর্কিতে চড়াও হয় একদল সশস্ত্র দুষ্কৃতী । অভিযোগ, তারা লাঠিসোঁটা ও ধারালো অস্ত্র নিয়ে বাড়ির দরজা-জানলা ভেঙে ভেতরে ঢোকে । দুষ্কৃতীরা ঘরের আসবাবপত্র তছনছ করার পাশাপাশি আলমারি ভেঙে নগদ 5 লক্ষ টাকা, দু'টি মোবাইল ফোন ও সোনাদানা লুট করে নিয়ে যায় ।
পরিবারের সদস্যদের আরও গুরুতর অভিযোগ যে, হামলার সময় বাড়ির মহিলাদের ওপর শারীরিক নির্যাতন চালানো হয় । এমনকি পঞ্চায়েত সদস্য মহুয়া সর্দার মাইতির মেয়েকে জোরপূর্বক বাড়ি থেকে টেনে-হিঁচড়ে তুলে নিয়ে যাওয়ার চেষ্টাও করে দুষ্কৃতীরা । তাঁদের চিৎকারে প্রতিবেশীরা ছুটে এলে পরিস্থিতি বেগতিক দেখে অভিযুক্তরা এলাকা ছেড়ে চম্পট দেয় ।
ঘটনার প্রত্যক্ষদর্শী তথা পঞ্চায়েত সমিতির সদস্যের স্বামী উজ্জ্বল মাইতি বিস্ফোরক অভিযোগ তুলে বলেন, "অমলবিন্দু প্রামাণিক ও সৌরভ দাসের নেতৃত্বে একদল কুখ্যাত দুষ্কৃতী আমাদের বাড়িতে হামলা চালিয়েছে । ওরা ঘরবাড়ির সবকিছু ভাঙচুর করে পুকুরে ফেলে দিয়েছে এবং মহিলাদের গায়ে হাত দিয়েছে । এমনকি আমার মেয়েকেও তুলে নিয়ে যাওয়ার চেষ্টা করা হয়েছিল । এলাকায় আমাদের প্রভাব কমাতেই এই পরিকল্পিত হামলা চালানো হয়েছে ।"
তৃণমূল নেতৃত্বের দাবি, বিজেপি এলাকায় পরিকল্পিতভাবে সন্ত্রাস ছড়াচ্ছে এবং পরাজিত হয়ে এখন জনপ্রতিনিধিদের নিশানা করছে । অন্যদিকে, বিজেপির পক্ষ থেকে এই অভিযোগ অস্বীকার করে জানানো হয়েছে, এটি সম্পূর্ণভাবে তৃণমূলের অভ্যন্তরীণ গোষ্ঠীদ্বন্দ্বের ফল, এর সঙ্গে তাদের দলের কোনও সম্পর্ক নেই । ঘটনার পর থেকে বামনপুকুর এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে ।
খবর পেয়ে মিনাখাঁ থানার বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করেছে । পুলিশ জানিয়েছে, নির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে দুষ্কৃতীদের চিহ্নিত করার কাজ চলছে এবং দোষীদের কঠোর শাস্তি দেওয়া হবে । এলাকায় শান্তি বজায় রাখতে পুলিশি টহল বাড়ানো হলেও সাধারণ মানুষের মধ্যে তীব্র আতঙ্ক ছড়িয়েছে । স্থানীয়রা দ্রুত অভিযুক্তদের গ্রেফতারের দাবি জানিয়েছেন ।

