বিহার মডেলে বাংলাতেও বন্ধ হোক মদ, বিধানসভায় জোরালো দাবি বিজেপি বিধায়কের
রাজ্যে যত্রতত্র মদের দোকানের লাইসেন্স দেওয়া আগেই বন্ধ করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ৷ এবার নয়া দাবি তুললেন বিজেপি বিধায়ক ৷

Published : July 23, 2026 at 8:39 PM IST
কলকাতা, 23 জুলাই: এবার বাংলাতেও পুরোপুরি মদ বিক্রি বন্ধ হোক, বৃহস্পতিবার বিধানসভায় এমনই জোরালো দাবি তুললেন ভাতারের বিজেপি বিধায়ক সৌমেন কার্ফা ৷ এদিন বিধানসভায় রাজ্যের সমাজ ব্যবস্থার সার্বিক উন্নতির স্বার্থে এই আর্জি জানান তিনি ৷ শুধু মদ নয়, লটারি খেলা সম্পূর্ণ বন্ধ করার পক্ষেও সওয়াল করেছেন বিধায়ক ৷
সমাজের সুস্থতা বজায় রাখতে এই দুই বিষয়ের উপর নিষেধাজ্ঞা জারি করা জরুরি বলে মনে করেন বিজেপি বিধায়ক সৌমেন ৷ পাশাপাশি রাজ্যের যুব সমাজের জন্য খেলাধুলোর কাঠামোগত উন্নয়নে আরও বেশি জোর দেওয়ার আবেদন জানিয়েছেন তিনি ৷
মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আগেই স্পষ্ট করেছেন, যত্রতত্র আর মদের দোকান খোলা যাবে না ৷ লাইসেন্স দেওয়ার ক্ষেত্রে কড়াকড়ি করার নির্দেশ দিয়েছিলেন তিনি ৷ মুখ্যমন্ত্রীর সেই মতামতকে প্রাধান্য দিয়েই রাজ্য সরকারের প্রথম পূর্ণাঙ্গ বাজেটে মদের দোকানের বিষয়ে কড়া অবস্থানের কথা জানিয়েছিলেন অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত ৷
বাজেটে অর্থমন্ত্রীর ঘোষণা অনুযায়ী, এখন থেকে রাজ্যের কোনও শিক্ষা প্রতিষ্ঠান, হাসপাতাল এবং ধর্মীয় স্থানের এক কিলোমিটারের মধ্যে কোনও মদের দোকানের লাইসেন্স দেওয়া হবে না ৷ কলকাতা পুরনিগম এলাকার ক্ষেত্রে এই দূরত্বটি হবে ন্যূনতম 500 মিটার ৷ নতুন করে কেউ মদের দোকান খুলতে চাইলে তাঁকে সরকারের নির্দিষ্ট এবং কঠোর শর্ত মেনেই লাইসেন্স নিতে হবে ৷
বিগত দিনে যত্রতত্র গজিয়ে ওঠা মদের দোকান নিয়ে রাজ্যের নানা প্রান্তে স্থানীয় মানুষদের মধ্যে তীব্র ক্ষোভ ছিল ৷ রাস্তার উপর থাকা এই দোকানগুলিতে সুরাপ্রেমীদের দীর্ঘ লাইনের কারণে সাধারণ মানুষের চলাচলে প্রবল অসুবিধা হত ৷ মদের দোকানের ভিড় এবং মাতলামির জেরে স্থানীয় পরিবেশ নষ্ট হওয়ার অভিযোগ উঠত অহরহ ৷ বেশ কিছু দোকান সম্পূর্ণ বেআইনিভাবে বা লাইসেন্স ছাড়াই চলত বলেও অভিযোগ ছিল ৷
এমনকী মন্দির বা স্কুল সংলগ্ন এলাকাতেও সুরার দোকান খোলায় বহু জায়গায় বিতর্কের সৃষ্টি হয়েছিল ৷ সাধারণ মানুষের সেই ক্ষোভের কথা মাথায় রেখেই নতুন সরকার কড়া পদক্ষেপের পথে হেঁটেছে ৷ মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী সাফ জানিয়েছিলেন, "স্কুল-কলেজ, মন্দিরের এক কিলোমিটারের মধ্যে মদের দোকানের লাইসেন্স দেওয়া যাবে না ৷ এই সরকার অন্যভাবে চলবে ৷"
তবে সরকারের এই নিয়ন্ত্রণের নীতির মাঝেই এবার সম্পূর্ণ মদ নিবারণের দাবি তুলে দিলেন শাসক দলেরই এক বিধায়ক ৷ এখানেই উঠছে আসল প্রশ্ন ৷ ভাতারের বিধায়কের এই দাবি কতটা বাস্তবসম্মত ? রাজ্যের কোষাগারে রাজস্ব আসার অন্যতম প্রধান উৎসই হল মদ বিক্রি ৷ অতএব, মদ বিক্রি বন্ধ করে দিলে রাজ্যের অর্থনীতিতে বড়সড় ধাক্কা লাগতে পারে ৷ সেই বিপুল আয়ের ঘাটতি মেটানো সরকারের পক্ষে রীতিমতো চ্যালেঞ্জের ৷ তাই অর্থনীতিকে বাঁচিয়ে রেখে বিধায়কের দাবি মেনে রাজ্যে মদ বিক্রি আদৌ সম্পূর্ণভাবে বন্ধ করা সম্ভব কি না, তা নিয়ে প্রশাসনিক মহলে জোর চর্চা শুরু হয়েছে ৷

