ETV Bharat / state

কাজের প্রতিশ্রুতি দিয়ে মহিলাকে ধর্ষণের চেষ্টার অভিযোগ, গ্রেফতার বিজেপি পঞ্চায়েত সদস্য

কর্মসংস্থানের জন্য আধার কার্ড যাচাই প্রয়োজন ৷ সেই অজুহাতে নিজের বুথের মহিলা ভোটারকে লজে ডেকে পাঠায় নির্বাচিত বিজেপি সদস্য ৷

BJP Leader Accused of alleged abuse
কাজ দেওয়ার নামে ডেকে শ্লীলতাহানির অভিযোগ (ইটিভি ভারত)
author img

By ETV Bharat Bangla Team

Published : January 3, 2026 at 3:04 PM IST

3 Min Read
Choose ETV Bharat

ফরাক্কা, 3 জানুয়ারি: কাজ দেওয়ার নামে ডেকে পাঠিয়ে মহিলাকে ধর্ষণের চেষ্টার অভিযোগ উঠল গ্রামপঞ্চায়েতের নির্বাচিত বিজেপি সদস্যের বিরুদ্ধে ৷ নিজের বুথের মহিলা ভোটারকে সরকারি শৌচালয়ে কাজ দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিল ফারাক্কার নয়নসুখ পঞ্চায়েতের বিজেপির নির্বাচিত সদস্য দীপঙ্কর দাস ৷ তাঁকে ডেকে ধর্ষণের চেষ্টা করা হয় বলে অভিযোগ ৷

নির্যাতিতার অভিযোগের ভিত্তিতে শনিবার সকালে গ্রেফতার করা হয় বিজেপির পঞ্চায়েত সদস্যকে ৷ ফরাক্কার এসডিপিও শেখ শামসুদ্দিন বলেন, "অভিযোগের ভিত্যিতে পঞ্চায়েত সদস্যকে গ্রেফতার করা হয়েছে ৷ আজ তাকে আদালতে তোলা হয়েছে ৷ ঘটনার তদন্ত করা হচ্ছে ৷" আদালত তাকে তিন দিনের পুলিশ হেফাজতে রাখার নির্দেশ দিয়েছে ৷

পুলিশ সূত্রের খবর, ধৃত গ্রাম পঞ্চায়েতের সদস্য দীপঙ্কর দাসের বাড়ি ফরাক্কার হাজারপুর এলাকা ৷ বাড়ির পাশে একটি লজ আছে তার ৷ মহিলা ভোটারকে সরকারের নির্মিত শৌচালয়ে কাজ পাইয়ে দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিল দীপঙ্কর ৷ এর জন্য তার আধার কার্ড যাচাই করা প্রয়োজন বলে জানায় সে ৷

অভিযোগ, শুক্রবার ওই মহিলা ভোটারকে নিজের লজে ডেকে পাঠায় দীপঙ্কর ৷ সেখানে আধার কার্ড যাচাই করা হবে ৷ মহিলাকে এমনটাই জানিয়েছিল অভিযুক্ত ৷ তার নির্দেশ মতো আধার কার্ড যাচাইয়ের কারণে মহিলা ওই লজে যান ৷ বিজেপি সদস্যের বিরুদ্ধে অভিযোগ, ওই মহিলা লজের ঘরে প্রবেশের পর আধার যাচাইয়ের নাম করে দরজা বন্ধ করে দেয় সে ৷ এরপর তাকে ধর্ষণের চেষ্টা করে বিজেপি সদস্য ৷ তখন চিৎকার-চেঁচামেচি করে দীপঙ্করের কাছ থেকে পালিয়ে লজ থেকে বেরিয়ে আসে ওই মহিলা ৷

এই ঘটনায় হইচই হতে খবর দেওয়া হয় ফারাক্কা থানায় ৷ শুক্রবার ফরাক্কা থানায় লিখিত এফআইআর দায়ের করেন নির্যাতিতা মহিলা ভোটার ৷ তার প্রেক্ষিতে এদিন সকালে গ্রেফতার করা হয় বিজেপির গ্রাম পঞ্চায়েত সদস্য দীপঙ্কর দাসকে ৷ ঘটনায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে ৷ এই ঘটনার তদন্ত করছে জঙ্গিপুর পুলিশ জেলার অন্তর্গত ফরাক্কা থানার পুলিশ ৷ ফরাক্কা হাজারপুর এলাকা থেকে গ্রেফতার হয় বিজেপির দীপঙ্কর দাস ৷

রাজ্যে বারবারই এধরনের অভিযোগ উঠছে ৷ স্বভাবত, নারী নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠেছে ৷ গত নভেম্বরে এরকম একটি ঘটনা ঘটে সন্দেশখালিতে ৷ এক মহিলার শ্লীলতাহানির অভিযোগ ওঠে শিক্ষক নেতা তথা গ্রাম পঞ্চায়েতের তৃণমূল সদস্য বিষ্ণুপদ প্রামাণিকের বিরুদ্ধে ৷ জানা যায়, বছর খানেক আগে তার বিরুদ্ধে এক মহিলাকে শ্লীলতাহানির অভিযোগ ওঠে ৷ তখন থেকে মামলা তুলে নিতে নির্যাতিতাকে প্রায়শই চাপ দিত শাসক শিবিরের অভিযুক্ত শিক্ষক নেতা ৷ প্রাণ বাঁচাতে শেষমেশ সন্তানদের নিয়ে টাকিতে বাপের বাড়িতে গিয়ে আশ্রয় নেন নির্যাতিতা ৷

ওইদিন টাকি থেকে সন্দেশখালির খুলনা গ্রামে শ্বশুরবাড়িতে ফিরছিলেন নির্যাতিতা ৷ অভিযোগ, বাস থেকে নামার পরেই তাঁর পথ আটকে দাঁড়ান শাসকদলের ওই শিক্ষক নেতা। এরপর, প্রকাশ‍্যে ওই তৃণমূল নেত্রীর মাথায় আগ্নেয়াস্ত্র ঠেকিয়ে মামলা তুলে নেওয়ার জন্য 'হুমকি' দেন ! কোনওক্রমে সেখান থেকে পালিয়ে বাঁচেন নির্যাতিতা মহিলা ৷ তারপর তিনি পুরো ঘটনাটি তাঁর আইনজীবীকে জানান ৷