ETV Bharat / state

অস্বাস্থ্যকর খাবার সামগ্রী উদ্ধার, অবিলম্বে রেস্তরাঁ-দোকান সিলের দাবি বিজেপি নেতার

অন্যদিকে মিষ্টিতে কোনোরকম অস্বাস্থ্যকর কিছু না-থাকার দাবি করেছেন দোকানের কর্ণধার ।

Siliguri Municipal Corporation
শিলিগুড়ি পুরনিগমের ভূমিকা নিয়ে ক্ষোভ প্রকাশ বিজেপি নেতার (নিজস্ব ছবি)
author img

By ETV Bharat Bangla Team

Published : February 23, 2026 at 9:44 PM IST

2 Min Read
Choose ETV Bharat

শিলিগুড়ি, 23 ফেব্রুয়ারি: শহরের একের পর এক রেস্তরাঁ, হোটেল ও মিষ্টির দোকানে অস্বাস্থ্যকর পরিবেশ ও অনিয়মের ঘটনায় এবার শিলিগুড়ি পুরনিগমের ভূমিকা নিয়ে প্রশ্ন তুললেন বিজেপি নেতা অমিত জৈন । সোমবার সাংবাদিক বৈঠক করে পুরনিগমের ভূমিকা নিয়ে তীব্র সমালোচনা করেন শিলিগুড়ি পুরনিগমের বিরোধী দলনেতা ৷ পাশাপাশি অবিলম্বে ওই রেস্তরাঁ ও দোকান সিলেরও দাবি করেন তিনি ।

এদিন সাংবাদিকদের মুখোমুখি হয়ে বিরোধী দলনেতা অমিত জৈন বলেন, "মাঝে মাঝে আচমকা খাদ্য দফতরের অভিযান হয় । আবার বন্ধ হয়ে যায় । পুরনিগমের নজরদারির অভাবে এসব হচ্ছে । অভিযান চালালেও পরবর্তীতে কোনও কড়া পদক্ষেপ করা হচ্ছে না । তাই আমরা চাই, যেসব হোটেল, রেস্তরাঁয় অনিয়ম মিলবে সেগুলোকে সিল করে দেওয়া উচিত । মানুষের আস্থা আর স্বাস্থ্য নিয়ে ছেলেখেলা বরদাস্ত করা যাবে না ।"

অস্বাস্থ্যকর খাবার সামগ্রী উদ্ধার, অবিলম্বে রেস্তরাঁ-দোকান সিলের দাবি বিজেপি নেতার (ইটিভি ভারত)

পালটা অমিত জৈনকে একহাত নিয়ে শিলিগুড়ি পুরনিগমের ডেপুটি মেয়র রঞ্জন সরকার বলেন, "বিরোধীদেরকে কোথাও দেখা যায় না । তারা জানবেন কী করে? প্রতি শুক্রবার এই বিশেষ টাস্ক ফোর্সের অভিযান হয় । অনিয়ম মিললে পদক্ষেপ করা হয় । সবটাই হয় আইন মেনে । সবাইকে তো আর ফাঁসিতে ঝোলানো যায় না ।"

Siliguri Municipal Corporation
শিলিগুড়ি পুরনিগমের ডেপুটি মেয়র রঞ্জন সরকার (নিজস্ব ছবি)

অন্যদিকে, শিলিগুড়ি পুরনিগমের টাস্ক ফোর্সের অভিযানে দেশবন্ধু পাড়ার এক মিষ্টির দোকানের ফ্রিজ থেকে উদ্ধার হয়েছিল রান্না করা মুরগীর মাংস । পাশাপাশি অস্বাস্থ্যকর পরিকাঠামোর অভিযোগ তুলে ওই দোকানকে নোটিশ করে পুরসভার টাস্ক ফোর্স । শনিবারের এমন ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়েছিল শহরজুড়ে । শহরের এমন এক নামী দোকানের এমন কর্মকাণ্ডে রীতিমতো হতাশ হয়ে পড়েন গ্রাহকরা ।

Siliguri Municipal Corporation
মিষ্টির দোকানের কর্ণধার অন্বেষা মোদক (নিজস্ব ছবি)

এদিনই আবার সাংবাদিক বৈঠক করে অস্বাস্থ্যকর পরিবেশ নিয়ে ক্ষমা চান ওই মিষ্টির দোকানের কর্ণধার অন্বেষা মোদক ৷ পাশাপাশি তাঁদের তৈরি মিষ্টিতে কোনোরকম অস্বাস্থ্যকর কিছু নেই বলে দাবি করেন তিনি । কর্ণধার অন্বেষা মোদক বলেন, "পুর অভিযানের সময় যেখান থেকে ফ্রিজে মাংস পাওয়া গিয়েছে, তার সঙ্গে আমাদের দোকানের কোনও সম্পর্কই নেই । কারখানার কর্মীদের ফ্রিজ থেকে ওই সামান্য মাংস পাওয়া গিয়েছিল, যা কর্মীদের খাওয়ার জন্য রাখা হয়েছিল । আমরা সমস্ত নিয়ম মেনে নিষ্ঠার সঙ্গে যুগ যুগ ধরে ব্যবসা করে আসছি । তবে পরিকাঠামোগত কিছু অভাব ও ত্রুটি রয়েছে । যা আমরা দ্রুত সমাধান করব ।"