ETV Bharat / state

শ্যামাপ্রসাদ-জয়ন্তী পালনের সময় চন্দ্রকোনায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত বিজেপি নেতা

পশ্চিম মেদিনীপুরের চন্দ্রকোনার পাঁচখুরির ঘটনা৷ তিনজন আহত হয়ে হাসপাতালে ভর্তি৷

BJP LEADER DEATH
শ্যামাপ্রসাদ-জয়ন্তী পালনের সময় দুর্ঘটনা (নিজস্ব ছবি)
author img

By ETV Bharat Bangla Team

Published : July 6, 2026 at 6:08 PM IST

2 Min Read
Choose ETV Bharat

চন্দ্রকোনা (পশ্চিম মেদিনীপুর), 6 জুলাই: শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের জন্মজয়ন্তী পালনের অনুষ্ঠানে মর্মান্তিক পরিণতি হল এক বিজেপি নেতার৷ বিদ্যুৎস্পষ্ট হয়ে মৃত্যু হল ওই নেতার৷ এই ঘটনায় আহত হয়েছেন তিনজন৷ ঘটনাটি ঘটেছে পশ্চিম মেদিনীপুরের পাঁচখুরিতে৷

আজ, সোমবার শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের 125তম জন্মজয়ন্তী৷ রাজ্যজুড়ে সাড়ম্বরে পালিত হচ্ছে শ্যামাপ্রসাদ-জয়ন্তী৷ রাজ্যের প্রতিটি এলাকায় বিজেপি পার্টি অফিসগুলিতেও পালিত হচ্ছে শ্যামাপ্রসাদ মুখোপাধ্য়ায়ের জন্মদিন৷ পশ্চিম মেদিনীপুরের কেশপুর ব্লকের তিন নম্বর অঞ্চলের পাঁচখুরিতে বিজেপির পার্টি অফিসে শ্যামাপ্রসাদ-জয়ন্তী পালনের অনুষ্ঠান করা হয়৷

শ্যামাপ্রসাদ-জয়ন্তী পালনের সময় চন্দ্রকোনায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত বিজেপি নেতা (ইটিভি ভারত)

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ওই অনুষ্ঠানে পতাকা তুলতে গিয়ে বিপত্তি ঘটে৷ পাঁচখুরির পার্টি অফিসের উপরে বিদ্যুতের হাই-টেনশন তার রয়েছে৷ সেই তারে কোনোভাবে পতাকার সঙ্গে থাকা ধাতব অংশ লেগে যায়৷ যার জেরে এই মর্মান্তিক দুর্ঘটনা হয়৷ বিজেপির অন্তত চারজন কর্মী-সমর্থক বিদ্যুৎস্পৃষ্ট হন৷ ঘটনাস্থলেই একজনের মৃত্যু হয়৷ বিজেপির ঘাটাল সাংগঠনিক জেলার সভাপতি তন্ময় দাস জানিয়েছেন, মৃতের নাম পাপাই পান (পাপ্পু)৷ এদিকে এই ঘটনায় তিনজন আহতকে সঙ্গে সঙ্গে হাসপাতালে নিয়ে যাওয়া হয় বলে জানা গিয়েছে৷

বিজেপির এক স্থানীয় নেতা কমল বিশ্বাস বলেন, ‘‘গোটা রাজ্যের সঙ্গেই আজকে আমাদের এই চন্দ্রকোনার পাঁচখুরিতে দলীয় অফিসে শ্যামাপ্রসাদ মুখোপাধ্য়ায়ের জন্মদিন সাড়ম্বরে পালন করা হচ্ছিল। সেই সময় পতাকা তুলতে গিয়েই এই বিপত্তি ঘটে। ওপরের 11 হাজার ভোল্টের লাইনের সঙ্গে পতাকার স্টিলের অংশের সঙ্গে কোনোভাবে লেগে যায়৷ আর তাতেই বিদ্যুৎপৃষ্ট হন চারজন।’’

BJP Leader Death
হাসপাতালে বিদ্যুৎস্পৃষ্টদের চিকিৎসা চলছে (নিজস্ব ছবি)

তিনি আরও বলেন, ‘‘ওই ঘটনায় একজনের মৃত্যু হয়। বাকি তিনজনকে গুরুতর আহত অবস্থায় ভর্তি করা হয়েছে৷ একজনকে মেদিনীপুরে রেফার করা হয়। এটা খুবই দুঃখজনক ও মর্মান্তিক ঘটনা।’’ জানা গিয়েছে যে আহতদের নাম - সুশান্ত দাস (31), কালীপদ সিং (33) ও প্রবীর হালদার (43)৷

BJP Leader Death
হাসপাতালে বিদ্যুৎস্পৃষ্টদের চিকিৎসা চলছে (নিজস্ব ছবি)

এদিকে বিজেপির ঘাটাল সাংগঠনিক জেলা সভাপতি তন্ময় দাস বলেন, ‘‘ঘটনাটা খুবই দুঃখজনক এবং মর্মান্তিক। আরও সাবধানতা অবলম্বন করা উচিত ছিল। সেই সঙ্গে ইলেকট্রিক তার এত সামনে দিয়ে গিয়েছে, সেটাও কেন গিয়েছে, দেখা উচিত ছিল। তবে যিনি মারা গেছেন পাপাই পান (পাপ্পু), উনি এলাকার সাংগঠনিক সম্পাদক৷ বয়স মাত্র 27 বছর৷ আমরা দলীয়ভাবে ওর পরিবারের পাশে রয়েছি।’’

BJP Leader Death
শ্যামাপ্রসাদ-জয়ন্তী পালনের সময় দুর্ঘটনা (নিজস্ব ছবি)

প্রসঙ্গত, এদিন গোটা রাজ্যের সঙ্গে পশ্চিম মেদিনীপুরের দাঁতন, পিংলা, খড়্গপুর, সবং, ঘাটাল, দাসপুর, চন্দ্রকোনা, কেশপুর, পাঁচখুরি, এমনকি মেদিনীপুর জেলা পরিষদের বিদ্যাসাগর হল-সহ বিভিন্ন জায়গায় এই শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের জন্মদিন যথাযোগ্য মর্যাদায় পালন করেন বিজেপি কর্মী-সমর্থক-নেতৃত্ব এবং সরকারি আধিকারিকরা। তার মাঝে পাঁচখুরির ঘটনায় বিষাদ ছড়াল৷

আরও পড়ুন -

  1. ঘরে ঘরে শ্যামাপ্রসাদের পুজো হবে, এটাই বিজেপির স্বপ্ন: শুভেন্দু
  2. মুঘল সাম্রাজ্যের নয়, পাঠ্যপুস্তকে থাকবে শ্যামাপ্রসাদের ইতিহাস; ঘোষণা মন্ত্রীর