ETV Bharat / state

রাজ্য সরকারি কর্মীদের জন্য বড় সুখবর, বিশেষ সুবিধা বাড়াল প্রশাসন

সরকারি কর্মচারীদের বদলি হলে তাঁরা সরকারের কাছ থেকে আর্থিক সহযোগিতা পাবেন ৷ এমনকী অবসরের ক্ষেত্রেও আর্থিক সহযোগিতার কথা ঘোষণা করেছে রাজ্য ৷

Nabanna
নবান্ন (ইটিভি ভারত)
author img

By ETV Bharat Bangla Team

Published : August 30, 2026 at 2:21 PM IST

2 Min Read
Choose ETV Bharat

কলকাতা, 30 অগস্ট: রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড় সুখবর ৷ এবার থেকে বদলি এবং অবসরের ক্ষেত্রে আর্থিক সুবিধার পরিমাণ এক ধাক্কায় অনেকটাই বাড়িয়ে দিল রাজ্য সরকার ৷ নতুন এই ব্যবস্থা কার্যকর হলে সরকারি কর্মীরা বদলি বা অবসরের সময় আগের তুলনায় অনেকটাই বেশি টাকা হাতে পাবেন ৷ বদলির কারণে খরচ নিয়ে দীর্ঘদিন ধরেই কর্মীদের নানা সমস্যার সম্মুখীন হতে হয় ৷ সেই কথা মাথায় রেখেই নতুন এই নিয়মাবলি জারি করা হয়েছে ৷

সরকারি নির্দেশিকায় জানানো হয়েছে, নতুন নিয়মে কোনও কর্মীর বদলি হলে তিনি সর্বাধিক 50 হাজার টাকা পর্যন্ত আর্থিক সহায়তা পাবেন ৷ এক্ষেত্রে সংশ্লিষ্ট কর্মীর বেসিক পে বা মূল বেতনের 80 শতাংশ পর্যন্ত আর্থিক সাহায্য হিসেবে দেওয়া হবে ৷ সবচেয়ে উল্লেখযোগ্য বিষয়, এই আর্থিক সুবিধা পাওয়ার জন্য কর্মীদের এবার থেকে আর কোনও খরচের রসিদ বা বিল জমা দিতে হবে না ৷ আগে যাতায়াত বা জিনিসপত্র স্থানান্তরের রসিদ জমা দেওয়া নিয়ে নানা সরকারি জটিলতা তৈরি হত ৷ এবার সেই ঝামেলা থেকে কর্মীদের পুরোপুরি মুক্তি দিল রাজ্য ৷

পাশাপাশি, বদলির দূরত্বের ক্ষেত্রেও নিয়মে স্পষ্ট বদল আনা হয়েছে ৷ নির্দেশিকা অনুযায়ী, কোনও কর্মীর বর্তমান কর্মস্থল থেকে 30 কিলোমিটার বা তার বেশি দূরে বদলি হলে তিনি এই নতুন হারে আর্থিক সুবিধা পাবেন ৷ তবে, যাঁদের বদলির দূরত্ব 30 কিলোমিটারের কম, তাঁদেরও নিরাশ করেনি সরকার ৷ 30 কিলোমিটারের কম দূরত্বের ক্ষেত্রেও সরকারি নিয়ম মেনে বিশেষ আর্থিক সুবিধা দেওয়া হবে বলে জানানো হয়েছে ৷ ফলে বদলি হওয়া সমস্ত সরকারি কর্মীই কমবেশি এই আর্থিক সুবিধার আওতায় আসছেন ৷

শুধু বদলি নয়, অবসরপ্রাপ্ত কর্মীদের জন্যও থাকছে বিশেষ সুবিধা ৷ চাকরি থেকে অবসর নেওয়ার পর কোনও কর্মী যদি নিজের স্থায়ী বাসস্থানে বা অন্য কোথাও স্থায়ীভাবে বসবাস করার সিদ্ধান্ত নেন, সেক্ষত্রেও রাজ্য সরকারের তরফ থেকে তাঁকে আর্থিক সাহায্য করা হবে ৷ এর ফলে অবসর গ্রহণের পর বাসস্থান পরিবর্তনের যে খরচ, তা অনেকটাই লাঘব হবে বলে মনে করা হচ্ছে ৷

প্রশাসনের তরফে স্পষ্ট জানানো হয়েছে, বদলি এবং অবসরের এই নতুন নিয়মগুলি ইতিমধ্যে কার্যকর করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে ৷ বদলির ক্ষেত্রে নতুন নিয়মটি কার্যকর হবে পয়লা জুন থেকে ৷ অন্যদিকে, অবসরের ক্ষেত্রে আর্থিক সুবিধার এই নয়া নিয়মটি 31 মে থেকে কার্যকর করা হয়েছে ৷ সরকারের এই জোড়া সিদ্ধান্তে সরকারি কর্মীদের আর্থিক সুরাহা অনেকটাই নিশ্চিত হল ৷