ETV Bharat / state

নবান্নের সামনে উড়ছে বিজেপি'র পতাকা, উচ্ছ্বাসে ভাসল গেরুয়া শিবির

ভোটের ফল গণনায় মোটামুটি পরিষ্কার ক্ষমতায় আসছে বিজেপি ৷ তবে সরকারি ঘোষণার আগে নবান্নের সামনে উড়ছে গেরুয়া পতাকা ৷ বিজেপি কর্মী-সমর্থকদের উচ্ছ্বাস।

WEST BENGAL ELECTION RESULTS 2026
উচ্ছ্বাসে ভাসল গেরুয়া শিবির (ইটিভি ভারত)
author img

By ETV Bharat Bangla Team

Published : May 4, 2026 at 4:10 PM IST

2 Min Read
Choose ETV Bharat

হাওড়া, 4 মে: ভোট গণনার প্রথম প্রহরেই রাজ্যের একাধিক কেন্দ্রে চিত্র স্পষ্ট হতে শুরু করে। সকাল গড়াতেই বিভিন্ন আসন থেকে যে প্রবণতা উঠে এল, তাতে গেরুয়া শিবিরের এগিয়ে থাকার আভাস মিলতেই রাজনৈতিক আবহে বাড়তে থাকে উত্তাপ। গণনা কেন্দ্রগুলিতে বাক্স খোলার পরপরই যে ফলের ইঙ্গিত মিলেছে, তা ঘিরে বিজেপি কর্মী-সমর্থকদের মধ্যে ছড়িয়ে পড়ে প্রবল উচ্ছ্বাস।

হাওড়ার বিভিন্ন গণনা কেন্দ্রের বাইরে সকাল থেকেই জড়ো হতে শুরু করেন দলীয় কর্মীরা। প্রথম দফার ফল প্রকাশ্যে আসতেই তাঁদের উল্লাস যেন আর বাঁধ মানেনি। আবিরে রঙিন হয়ে ওঠে চারপাশ, ভেসে আসে একের পর এক স্লোগান ৷ এক কর্মীর কথায়, "শুরুটাই বলে দিচ্ছে, মানুষ এবার পরিবর্তন চাইছে ৷ আমরা সেই আশাতেই আছি ৷"

নবান্নের সামনে উড়ছে গেরুয়া পতাকা (ইটিভি ভারত)

প্রবণতার এই গতিপ্রকৃতি দলের অন্দরে আত্মবিশ্বাস আরও বাড়িয়ে দেয়। ফলে শুধু গণনা কেন্দ্রেই নয়, শহরের গুরুত্বপূর্ণ প্রশাসনিক কেন্দ্র নবান্নের সামনেও জমায়েত বাড়তে থাকে ৷ দলীয় পতাকা হাতে সেখানে উপস্থিত কর্মীদের কণ্ঠে ধ্বনিত হতে থাকে জয়ের স্লোগান।

এক সমর্থকের বক্তব্য, "এটা শুধু শুরু। শেষ ফল বেরোলে চিত্র আরও স্পষ্ট হবে।" যদিও এই মুহূর্তে চূড়ান্ত ফল ঘোষণা হয়নি, তবু প্রাথমিক এই ইঙ্গিত রাজ্যের রাজনৈতিক সমীকরণে নতুন মাত্রা যোগ করছে বলেই মত পর্যবেক্ষকদের। তাঁদের একাংশের মতে, "গণনার শুরুতেই যে ধারা দেখা যাচ্ছে, তা শেষ পর্যন্ত বজায় থাকলে রাজনীতির মানচিত্রে বড়সড় পরিবর্তনের সম্ভাবনা উড়িয়ে দেওয়া যায় না।

অন্যদিকে, বিরোধী শিবির এখনও অপেক্ষার সুরে কথা বলছে। তাঁদের বক্তব্য, "প্রাথমিক প্রবণতাকে চূড়ান্ত ফল ভেবে নেওয়া ঠিক হবে না। এক বিরোধী নেতা বলেন, "গণনা অনেক বাকি। শেষ পর্যন্ত কী হয়, সেটাই দেখার।" তবে, মাঠের ছবিটা অন্য কথা বলছে। সকাল থেকেই উচ্ছ্বাসে ফেটে পড়া কর্মীদের মুখে একটাই সুর, এই প্রবণতাই শেষ পর্যন্ত জয় এনে দেবে। এখন নজর দুপুরের পরবর্তী দফার গণনার দিকে। সেই সময়েই স্পষ্ট হবে, শুরুর এই গেরুয়া ঝড় আদৌ কতটা স্থায়ী হয়।

কাকদ্বীপে গেরুয়া ঝড় ! এগিয়ে দীপঙ্কর জানা, উচ্ছ্বাস বিজেপি শিবিরে