ETV Bharat / state

মিমের যোগদান কর্মসূচিতে বাধার অভিযোগ, ভিত্তিহীন দাবি বিজেপির

অভিযোগ, বিজেপির নেতাকর্মীরা এসে মিমের সভার স্টেজ সরাতে বলেন ৷ প্রাণনাশেরও হুমকি দেওয়া হয় কর্মীদের ৷

AIMIM
মিমের যোগদান কর্মসূচিতে বাধা দেওয়ার অভিযোগ বিজেপির বিরুদ্ধে (নিজস্ব ছবি)
author img

By ETV Bharat Bangla Team

Published : February 25, 2026 at 1:53 PM IST

2 Min Read
Choose ETV Bharat

মালদা, 25 ফেব্রুয়ারি: অল ইন্ডিয়া মজলিস-ই-ইত্তেহাদুল মুসলিমিনের (AIMIM) রাজনৈতিক কর্মসূচিতে বাধা দেওয়ার অভিযোগ বিজেপির বিরুদ্ধে । এমনকি দলীয় কর্মীদের প্রাণনাশের হুমকি দেওয়া হয়েছে বলেও অভিযোগ তুলেছে মিম । এনিয়ে ইতিমধ্যে পুলিশে লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে । যদিও অভিযোগ ভিত্তিহীন বলে দাবি বিজেপির ৷ তবে এই নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক চাপানউতোর । আক্রমণ করতে ছাড়েনি তৃণমূল ৷

এআইএমআইএমের তরফে মেঘনাথ মাহাতো পুলিশে অভিযোগে জানান, মানিকচক ব্লকের ভূতনির হীরানন্দপুরে তাঁরা দলীয় যোগদান কর্মসূচির জন্য 15 ফেব্রুয়ারি পুলিশের কাছে অনুমতি চেয়ে আবেদন করেছিলেন । গত 23 ফেব্রুয়ারি তাঁদের যোগদান কর্মসূচি ছিল । সভা শুরুর আধ ঘণ্টা আগে বিজেপির নেতাকর্মী হিসেবে পরিচিত কয়েকজন এসে স্টেজ সরাতে বলে উত্তেজনা সৃষ্টি করেন । কারণ জানতে চাওয়া হলে অভিযুক্তরা সাম্প্রদায়িক কথা বলে প্রাণনাশের হুমকি দেন । ফলে কর্মীদের মধ্যে আতঙ্ক দেখা যায় । পরিস্থিতির অবনতি হতে থাকায় অনেক কর্মী এলাকা ছাড়তে গিয়ে হুড়োহুড়িতে জখম হন । এই পরিস্থিতিতে পুলিশি হস্তক্ষেপের দাবি জানানো হয়েছে ।

মিমের কর্মীদের প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগ (ইটিভি ভারত)

এআইএমআইএমের জেলা সভাপতি রেজাউল করিম বলেন, "মানিকচক ব্লকের দুই-তিনটে গ্রামের মানুষের একসঙ্গে আমাদের দলে যোগদানের বিষয় ছিল । এই যোগদান কর্মসূচির জন্য স্টেজ করা হয়েছিল । স্থানীয় বিজেপি আশ্রিত গুন্ডারা আমাদের দলীয় নেতাকর্মীকে বোমা মেরে উড়িয়ে দেওয়ার হুমকি দিয়েছে । এনিয়ে আমরা পুলিশে অভিযোগ দায়ের করেছি ।"

অভিযোগ অস্বীকার করে বিজেপির দক্ষিণ মালদা সাংগঠনিক জেলার সাধারণ সম্পাদক গৌরচন্দ্র মণ্ডল বলেন, "শুনতে পেলাম, ভূতনির হীরানন্দপুরে মিম পার্টির কর্মসূচি ছিল । ওই দলের কর্মীদের অভিযোগ, তাঁদের কর্মসূচিতে নাকি বিজেপির লোকজন বাধা সৃষ্টি করেছে । বিজেপির লড়াই কোনও রাজনৈতিক দলের বিরুদ্ধে নয়, নীতির বিরুদ্ধে । কোনও দল কোথায় রাজনৈতিক কর্মসূচি করতে পারবে, সেই অনুমতি দেবে প্রশাসন । এই অভিযোগ পুরোপুরি ভিত্তিহীন । আমাদের ধারণা, হয়তো এই কর্মসূচিতে ওরা লোকজন জমায়েত করতে পারেনি ।"

মালদা জেলা তৃণমূলের মুখপাত্র আশিস কুণ্ডু বলেন, "হীরানন্দপুরে এআইএমআইএমের সভা আটকাতে চাইছে বিজেপি, এটা হাস্যকর । যারা এই দলকে বাংলায় নিয়ে এল, তৃণমূলের ভোট কেটে নিজেদের জেতার চেষ্টা চালাচ্ছে তারাই নাকি আবার এই দলকে বোমা মারার হুমকি দিচ্ছে । এই ধরনের কথার কোনও মানে হয় না । বিজেপি আর এআইএমআইএম পয়সার এপিঠ ওপিঠ ।"